বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

তুষার ভট্টাচার্য

 



তুষার ভট্টাচার্য * দুটি কবিতা 

স্মৃতি চিহ্ন 



ভাঙা চোরা ক্ষয়ে যাওয়া এই  জীবনে 
আর কোনও প্রয়োজন নেই 
মায়াবী ঘুঙুরের শব্দ আতরের ঘ্রাণ ;
ভাঙা বুকের পাঁজরে অশ্রু বেদনায় 
জমে থাকা সব স্মৃতি চিহ্ন 
 নীরবে ধুয়ে ফেলছি মেঘ শ্রাবণ
 বাদল বৃষ্টি হাওয়ায় l


















হৃদয়ের চিলেকোঠায় 

অন্তহীন দুঃখে ডুবে যাওয়া দু'চোখে 
অভিমানের অশ্রু বিন্দু  যদি অবিরত  ঝরে পড়ে 
তবে কোনও না কোনওদিন আবার 
অলৌকিক মায়া মৃদঙ্গ  ভালবাসার চুপকথা গান  নীরবে বেজে উঠবেই হৃদয়ের চিলেকোঠায়; 
ভোরের শিশিরের জলে ভেজা ঘাসের উঠোনে ফুটে উঠবে আলতা পায়ের চিহ্ন  l























*******************************************************************************************************



     তুষার ভট্টাচাৰ্য


তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ  ( কলকাতা বিশ্ববিদ্যালয়  ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l


অরূপ দত্ত

 .                          



মহালয়া 

অরূপ দত্ত


      প্রগাঢ় আঁধারে,পাষাণ চাপা প্রহর ভাঙে আলো 

      নিশীথ রাতের শিশিরাঘাতে 

                              অগোছালো শিউলি ঝরে পড়ে।

      রক্তচক্ষু মহিষাসুর,রুষ্ট দেবী,যুদ্ধ ঘনঘোর

      বাজে আলোর বেণু, 

      বেজে ওঠেন বীরেন্দ্র কৃষ্ণ,শরৎ খোলে দোর।

      এমন মেদুর স্মৃতির ভেতর,মৌন চরাচর 

      এখানেই অপলক চেয়ে থাকি,যেন 

      আমার শতজন্ম পেরিয়ে আসা,আকাঙ্ক্ষিত ভোর।




.******************************************************************

রবীন বসু


  


রবীন বসু * দুটি কবিতা


একদিন ঠিক ফিরবে 



হয়তো একদিন ফিরে আসবে 

     যেমন ভাবে চলে গিয়েছ সেভাবেই 

হয়তো আবার একদিন কোনো গ্রীষ্মবিকেলে 

ক্লান্ত হয়ে ঘাম মুছতে মুছতে আমার উঠোনে 

এসে বলবে, এক গ্লাস জল দাও তো—

আমি জল না-দিয়ে আবাক হয়ে তোমাকে দেখব

তোমার ঘামসিক্ত কপালের বলিরেখা দেখব

চুলের রুপোলি রেখায় গোধূলির আলো

                তোমাকে সুন্দর দেখাচ্ছে—

সম্বিৎ ফিরে জল এনে দেখি তুমি নেই 

তাহলে কি আমি ভুল দেখেছি! ভুল ভেবেছি!

সে যাই হোক—আমি অপেক্ষা করে আছি,

                   তুমি একদিন ঠিক ফিরে আসবে!























প্রতিবাদহীন 



বড় বেশি কথা বলা হয়ে গেল

               এতটা না-বলাই ভাল ছিল 

জিভকে সংহত করে আত্ম সংকোচন।


সে কথা শোনেনি কেউ 

      হাওয়ায় উড়ে গেছে নিক্ষিপ্ত শব্দ

আমার যুক্তি শুধু নিঃশব্দে নত।


তাহলে কি ভুল হয়ে গেল!

     সাজানো আক্রোশ যেন ব্যর্থ হাহাকার 

আমার হিসাবে ছিল অধিক গরমিল।


কথা কম বলি যদি অভিযোগহীন 

       বন্ধু স্বজন সমাজ তাহলে খুশি 

আমি শুধু মরে যাব, হেরে যাব প্রতিবাদহীন!





*******************************************************************************************************






রবীন বসু



জন্ম ১৯৫৮ দঃ ২৪ পরগনা। পিতা প্রমথনাথ, মাতা রাধারানি বসু । সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে কলেজীবন থেকেই লেখালেখি শুরু। বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্র-পত্রিকা ও দৈনিকে লেখকের রচনা প্রকাশিত হয়েছে বা হচ্ছে l  প্রকাশিত কাব্যগ্রন্থ ১৪ গল্পগ্রন্থ ৫, উপন্যাস ২, পকেট বুক ১, কাব্যোপন্যাস ১। এছাড়া সম্পাদনা করেছেন ৪টি গ্রন্থ। ১০০টির মতো সংকলন গ্রন্থে লেখকের রচনা সংকলিত হয়েছে।

পুরস্কার: মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮, দক্ষিণ ২৪ পরগনা জেলা সেরা গল্পকার ১৯৮৭, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার ২০১৯, কবি রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩, অন্নদাশঙ্কর রায় স্মৃতি সম্মাননা ২০২৩, নীলাক্ষর ও নবপ্রভাত সম্মান ২০২৫। কমলা মাহাত স্মৃতি পুরস্কার ২০২৫ ছাড়াও ৪টি জীবনকৃতি সম্মাননা ২০১৮,২০১৯, ২০২০, ২০২১।



দেবার্ঘ সেন




দেবার্ঘ সেন * দুটি কবিতা 







ভাইরালপন্থী 


কুকথার সূঁচ 

ধরে আছে একজন,

সুতো পরাচ্ছেন আরেকজন তাতে।


দুজনেরই হাত, 

বেজায় কাঁপছে যেহেতু

ফসকে গিয়ে, সূঁচ ফুটেছে—

সুতো পরানোর হাতে।


এবার তারা ধৈর্যহারা হয়ে 

রক্ত দেখে হয়েছে জড়োসড়ো—


অজ্ঞানতার সূঁচ-সুতোর এই খেলায়

নীতিপুলিশির ফিনকি আসলে

             নিজের হাতে 

                 আইন তুলে নেওয়া।














ককরোচ জনতা পার্টি


রান্নাঘর 

ঝুলকালি, চিমনি নেই

মাকড়সা

জাল বোনে, একমনেই।


ঘর দুয়ার

রংচটা, আত্মজ—

জল পড়ে

জল পোড়ে, চোখ বোজো।


ভাত বা নুন

সব আগুন, ফুলদানি

বেআইন 

বেলাইন, জলপানি।


আরশোলা

শুঁড় তোলে, সম্ভবে

এই আকাল

আদৌ কি, দূর হবে!













****************************************************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । সম্প্রতি প্রকাশিত দেবার্ঘর দুটি কবিতার বই-- বাড়ির প্রতিটি সিঁড়িতে জল এবং ছাইজন্ম, আয়না পৃথিবী 





কবিতা * শীলা দাশ

 






নিঠুর সময়

শীলা দাশ



আমরা এক নিঠুর সময়ের
       মধ্য দিয়ে চলেছি
আমাদের পায়ের তলায়
       রক্ত মাখা মাটি
আমাদের মাথার ওপর
      বর্বর আগুনে উল্লাস।

আমাদের বুকের রক্ত
      বরফের মতো ঠান্ডা
আমাদের চোখের ভেতর
        বীভৎস ভয়ার্ত চাহনি
আমাদের ছাদ গিয়েছে উড়ে
         ক্ষুধার  অন্ন পোড়া 
আমাদের পাঁজর কাঁপে থরথর
         সামনে খাদ ভয়ংকর।

আমাদের সুখ স্বপ্ন ঘর 
      কারা জ্বালায় নিরন্তর 
বিষের বাতাসে কাঁপে চারিদিক 
            নদীতে নেই জল
আমাদের জীবন পৃথিবী 
          কারা ধ্বংসের কারিগর?






















************************************************************************************

সম্পাদকীয়

 





স্বরবর্ণ
সৃজনের মৌলিক স্বর


স্বরবর্ণ-২৯
৩০ জুলাই ২০২৬ * ১৩ শ্রাবণ ১৪৩৩



সম্পাদকীয়


আরও একটা রাজনৈতিক পালাবদলের সাক্ষী রইল পশ্চিমবঙ্গবাসী। পনেরো বছর ধরে চলা শাসনের  বদল হলো মানুষের রায়ে। এই প্রথম এমন একটি দল ক্ষমতায় এলো, যারা ইতিপূর্বে কখনো এ রাজ্যে ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে পারেনি। বলা যায়, বঙ্গের মাটিতে ঘাসফুল চিরে মাথা তুলল পদ্মঝড়।
হলো শাসকের পরিবর্তন।

কালের নিয়মই এই, জীবনের যে কোনো ক্ষেত্রে সে পরিবর্তন নিয়ে আসে, আমরা তা আকাঙ্ক্ষা করি বা নাই করি। সময়ের হাত ধরে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে । কারণ, সময় স্থবির নয়, জঙ্গম। এক্ষেত্রে অবশ্য বিগত সরকারের কিছু স্বৈরাচারী পদক্ষেপ এই পরিবর্তনে অনুঘটকের কাজ করেছে— রাজ্যবাসীর তা অজানা নয়।

পরিবর্তনকে স্বাগত। তবে, আমরা সাধারণেরা, যারা রাজনীতির মারপ্যাচ বুঝিনা, তাদের একটাই প্রার্থনা— ‘আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক।’



***********************************************************************

স্বরবর্ণ * ২৯ / এ সংখ্যায় যাঁরা লিখলেন


 


স্বরবর্ণ * ২৯ 

বিষয় ও লেখকসূচি 


কবিতা

শীলা দাশ * দেবার্ঘ সেন *  রবীন বসু *  অরূপ দত্ত *  তুষার ভট্টাচার্য * রূপায়ণ ঘোষ কৌশিক সেন * নিমাই জানা  * উৎপলেন্দু পাল * সৃশর্মিষ্ঠা * জবা ভট্টাচার্য * চন্দ্রাণী গোস্বামী * নৌসাদ আলি * শৌনক ঠাকুর *  সুশান্ত সেন * মধুপর্ণা বসু * রহিত ঘোষাল  বিশ্বজিৎ মণ্ডল * শিবালোক দাস * তাপস কুমার দে * তীর্থঙ্কর সুমিত * বিশ্বজিৎ সেনগুপ্ত * নবনীতা সরকার * সুরজিৎ চট্টোপাধ্যায় * অর্ণব চ্যাটার্জি * পার্থসারথি মহাপাত্র * মালা ঘোষ মিত্র * কেতকী বসু * সুশান্ত সাহা * শুভশ্রী রায় * বিরথ চন্দ্র মণ্ডল  প্রাণজি বসাক * সন্দীপ ঘোষ * পলাশ পাল


গুচ্ছ কবিতা 

দীপংকর রায় * গৌতম রায় * অর্ণব সামন্ত * সঞ্জীবন রায় * স্বপ্নদীপ রায় * রিজভী হাসনাত * মনোজ বাগ


অনুবাদ কবিতা * জয়িতা ভট্টাচার্য  


অণুগল্প 

দেবাশীষ মুখোপাধ্যায় * শতদল মিত্র * প্রদীপ কুমার দে * 


উপন্যাস * কথা দিয়েছিলাম হেমন্তের নিয়রে * দীপংকর রায়


ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কাহিনি * প্রভাত ভট্টাচার্য  


ভ্রমণ * পঞ্চচুল্লির পায়ের কাছে * কৌশিকী দেব 


প্রিয় কবি প্রিয় কবিতা *

প্রসঙ্গঃ স্বরবর্ণ 


প্রচ্ছদ ও অলংকরণে ব্যবহৃত চিত্রাবলি অবাণিজ্যিক স্বার্থে নেট থেকে সংগৃহীত






মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্বরবর্ণ * ২৯










স্বরবর্ণ * ২৯ 

বিষয় ও লেখকসূচি 


কবিতা

শীলা দাশ * দেবার্ঘ সেন *  রবীন বসু *  অরূপ দত্ত *  তুষার ভট্টাচার্য * রূপায়ণ ঘোষ কৌশিক সেন * নিমাই জানা  * উৎপলেন্দু পাল * সৃশর্মিষ্ঠা * জবা ভট্টাচার্য * চন্দ্রাণী গোস্বামী * নৌসাদ আলি * শৌনক ঠাকুর *  সুশান্ত সেন * মধুপর্ণা বসু * রহিত ঘোষাল  বিশ্বজিৎ মণ্ডল * শিবালোক দাস * তাপস কুমার দে * তীর্থঙ্কর সুমিত * বিশ্বজিৎ সেনগুপ্ত * নবনীতা সরকার * সুরজিৎ চট্টোপাধ্যায় * অর্ণব চ্যাটার্জি * পার্থসারথি মহাপাত্র * মালা ঘোষ মিত্র * কেতকী বসু * সুশান্ত সাহা * শুভশ্রী রায় * বিরথ চন্দ্র মণ্ডল  প্রাণজি বসাক * সন্দীপ ঘোষ * পলাশ পাল


গুচ্ছ কবিতা 

দীপংকর রায় * গৌতম রায় * অর্ণব সামন্ত * সঞ্জীবন রায় * স্বপ্নদীপ রায় * রিজভী হাসনাত * মনোজ বাগ


অনুবাদ কবিতা * জয়িতা ভট্টাচার্য  


অণুগল্প 

দেবাশীষ মুখোপাধ্যায় * শতদল মিত্র * প্রদীপ কুমার দে * 


উপন্যাস * কথা দিয়েছিলাম হেমন্তের নিয়রে * দীপংকর রায়


ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কাহিনি * প্রভাত ভট্টাচার্য  


ভ্রমণ * পঞ্চচুল্লির পায়ের কাছে * কৌশিকী দেব 


প্রিয় কবি প্রিয় কবিতা *

প্রসঙ্গঃ স্বরবর্ণ 


প্রচ্ছদ ও অলংকরণে ব্যবহৃত চিত্রাবলি অবাণিজ্যিক স্বার্থে নেট থেকে সংগৃহীত