রবীন বসু * দুটি কবিতা
একদিন ঠিক ফিরবে
হয়তো একদিন ফিরে আসবে
যেমন ভাবে চলে গিয়েছ সেভাবেই
হয়তো আবার একদিন কোনো গ্রীষ্মবিকেলে
ক্লান্ত হয়ে ঘাম মুছতে মুছতে আমার উঠোনে
এসে বলবে, এক গ্লাস জল দাও তো—
আমি জল না-দিয়ে আবাক হয়ে তোমাকে দেখব
তোমার ঘামসিক্ত কপালের বলিরেখা দেখব
চুলের রুপোলি রেখায় গোধূলির আলো
তোমাকে সুন্দর দেখাচ্ছে—
সম্বিৎ ফিরে জল এনে দেখি তুমি নেই
তাহলে কি আমি ভুল দেখেছি! ভুল ভেবেছি!
সে যাই হোক—আমি অপেক্ষা করে আছি,
তুমি একদিন ঠিক ফিরে আসবে!
প্রতিবাদহীন
বড় বেশি কথা বলা হয়ে গেল
এতটা না-বলাই ভাল ছিল
জিভকে সংহত করে আত্ম সংকোচন।
সে কথা শোনেনি কেউ
হাওয়ায় উড়ে গেছে নিক্ষিপ্ত শব্দ
আমার যুক্তি শুধু নিঃশব্দে নত।
তাহলে কি ভুল হয়ে গেল!
সাজানো আক্রোশ যেন ব্যর্থ হাহাকার
আমার হিসাবে ছিল অধিক গরমিল।
কথা কম বলি যদি অভিযোগহীন
বন্ধু স্বজন সমাজ তাহলে খুশি
আমি শুধু মরে যাব, হেরে যাব প্রতিবাদহীন!
*******************************************************************************************************
রবীন বসু
জন্ম ১৯৫৮ দঃ ২৪ পরগনা। পিতা প্রমথনাথ, মাতা রাধারানি বসু । সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে কলেজীবন থেকেই লেখালেখি শুরু। বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্র-পত্রিকা ও দৈনিকে লেখকের রচনা প্রকাশিত হয়েছে বা হচ্ছে l প্রকাশিত কাব্যগ্রন্থ ১৪ গল্পগ্রন্থ ৫, উপন্যাস ২, পকেট বুক ১, কাব্যোপন্যাস ১। এছাড়া সম্পাদনা করেছেন ৪টি গ্রন্থ। ১০০টির মতো সংকলন গ্রন্থে লেখকের রচনা সংকলিত হয়েছে।
পুরস্কার: মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮, দক্ষিণ ২৪ পরগনা জেলা সেরা গল্পকার ১৯৮৭, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার ২০১৯, কবি রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩, অন্নদাশঙ্কর রায় স্মৃতি সম্মাননা ২০২৩, নীলাক্ষর ও নবপ্রভাত সম্মান ২০২৫। কমলা মাহাত স্মৃতি পুরস্কার ২০২৫ ছাড়াও ৪টি জীবনকৃতি সম্মাননা ২০১৮,২০১৯, ২০২০, ২০২১।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন