বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

অনুবাদ কবিতা * জয়িতা ভট্টাচাৰ্য

 




নাজিম হিকমতের কবিতা

ভাষান্তরঃ জয়িতা ভট্টাচার্য 


নাজিম হিকমত শুধু তুরস্ক নয় বিশ্বের  অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। জন্ম ১৫ জানুয়ারি ১৯০২ ও মৃত্যু মস্কোয় ৩ জুন ১৯৬৩। বামপন্থী আন্দোলন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তাঁকে কুড়ি বছর কারাগারে কাটাতে হয়। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ৫৬ বছরের জন্য সাজা ঘোষণা করা হয় এই তুর্কি কবির বিরুদ্ধে। তাঁর কবিতা গীতিময়তায় ঋদ্ধ। নাজিম হিকমতকে "রোমান্টিক কম্যুনিস্ট ",কখনও জেলখানার কবি বলা হয়। ১৯৫০ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়া হয়। গত সংখ্যার পর, এখানে আমরা নাজিম হিকমতের আরো কয়েকটি কবিতা পড়ছি, কবি জয়িতা ভট্টাচার্যের অনুবাদে---



আত্মজীবনী

     

আহা,দুপাটি জুতোই  ঝাঁ চকচকে আমার 

এবং অক্ষত আছে  টুপিটা

আমার জামা ১৯২২...

আমার জীবনও ঠিক এই রকম




২৪ সেপ্টেম্বর ১৯৪৫

        

এখনও পার হইনি অরূপ সাগর

এখনও দেখিনি আমরা

সুন্দরতম দিনটি'

আর সবথেকে মধুর কথাটি,

    এখনও তোমায় বলা বাকি।




ডাক


এশিয়ার সুদূরতম কোণ থেকে ধাববমান  হয়ে

ভূমধ্যসাগরে ঝাঁপ 

ঘোটকির মাথার মতো __

এই আমাদের দেশ 

রক্তাক্ত মণিবন্ধ আর দাঁতে দাঁত চেপে,নগ্ন পায়ে টিঁকে আছি

 রেশমের মতো কার্পেটে মোড়া সবুজ মাটিতে

এই আমাদের স্বর্গ 

এই আমাদের নরক

_____আমাদের মাতৃভূমি।

এই দাসত্ব ঘুচে যাক

ঘুচে যাক গোলামির দিনপাত

বন্ধ হোক মানুষের এই মানুষ বন্দনা

এই আমাদের আহ্বান 

বৃক্ষের মতো একক হোক যাপন

অরণ্যের মতো হোক সৌভাতৃত্ব ___

কতকাল ধরে এই আকাঙ্খা আমাদের।







************************************************************************************************* 




জয়িতা ভট্টাচার্য 

কলকাতা নিবাসী সাহিত্যিক জয়িতা ভট্টাচার্য পেশায় শিক্ষক। অল্প বয়স থেকে লেখালিখি। প্রধানত মানবাধিকার বিষয়ক বুলেটিন ও খবরের কাগজে লিখতেন। প্রথম প্রেম কবিতা। এযাবৎ চারটি কবিতার বই,একটি গল্পের বই ও একটি উপন্যাস প্রকাশিত। লিখেছেন অসংখ্য সংকলনে। এছাড়াও নিয়মিত    প্রবন্ধ, ও অনুবাদ কবিতা লেখেন বৈদ্যুতিন ও মুদ্রিত পত্রিকায়। পেয়েছেন সরকারি ও সাহিত্য গোষ্ঠীর নানা সম্মান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন