বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পার্থসারথি মহাপাত্র

 



পার্থসারথি মহাপাত্র * দুটি কবিতা


কবি সুকান্ত



একুশটা বসন্তেই ফুরিয়ে গেলে তুমি,

অথচ রেখে গেলে একটা গোটা শতাব্দী।


তোমার চাঁদ আজও রুটি হয়ে ঝোলে

ফ্ল্যাটের জানালায়, ফুটপাথের থালায়।


রানার এখন অ্যাপ-ক্যাব চালায় রাতভর,

পিঠে তার ইএমআই, ক্ষুধা, ঘুমহীন শহর।


তুমি বিশ্ব বাসযোগ্য করে যাব বলেছিলে,

আমরা নবজাতকের কান্না স্ক্রল করে চলি।


প্রতিটি অসমাপ্ত স্বপ্নে, প্রতিটি ক্ষুধার্ত মুখে, 

প্রতিটি প্রতিবাদে তোমাকেই শুধু দেখি।







অসমাপ্ত গণসঙ্গীত



তুমি চলে যাওয়ার পরও বাঁশি বাজে।

কেউ বলে বাতাস,

মানুষের বুকের ভেতর

জমে থাকা প্রতিবাদের ইতিহাস।


ধানখেত থেকে শহর

কারখানার সাইরেন,

মিছিলের স্লোগান, শিশুর ঘুম,

সবেতেই তোমার স্টাফ নোটেশন।


যখন কোনো শ্রমিক ক্লান্ত হয়ে ফেরে,

কোনো তরুণ স্বপ্ন দেখে ন্যায্য পৃথিবীর,

তখন তোমার গানে নদীর মতো

বয়ে চলে রক্ত ধমনীর।



*******************************************************************************





                      পার্থসারথি মহাপাত্র


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

পার্থসারথি মহাপাত্রের গ্রন্থসমূহ–
১) 'বড় মুকরুর ছা' (মানভূমী কবিতা)
২) ক্ষুধার স্পর্শে বর্ণমালা কেঁপে যায় (কবিতা)
৩) পোয়াতি মেঘ (এক পংক্তির কবিতা)
৪) অল্প কথার গল্প (অণুগল্প) যন্ত্রস্থ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন