বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জবা ভট্টাচার্য

 



জবা ভট্টাচার্য * দুটি কবিতা 


আদর


  নীল আকাশটা ক্ষণে ক্ষণে রঙ বদলায়
  এই আজ যেমন-- মনখারাপি কালো
  মেঘগুলোকে উধাও  করে দিয়ে--
  খোশমেজাজে চিঠি পাঠালো
  সাগরকে-- নীল  খামে।
  আলগোছে সেই চিঠি
  খুলতেই,সাগরের
  জল নীলে নীল।

  ফোঁটা ফোঁটা আদরের দাগ লাগে আনমনে
  বিবসনা বুকে ঘূর্ণিবাতাস আঁকে আকাশ
  আঙুলের টানে ,ভেঙে যায় অভিমানের উপবাস,
  ঢেউয়ে মাতে  অন্তহীন জলীয় সংলাপ---

  আকাশ আর সাগরের এইসব প্রেমের মাঝে
  একলা ডিঙিতে ভাসতে থাকা মেয়ে ভাবে--
  আমিও যদি বেখেয়ালে হারাই সেখানে,
  ইচ্ছেপত্র গভীর যেখানে !!















স্পর্শাতীত

ধূ ধূ  বালিয়াড়ি ---
ঝাউবনের আধো আলোছায়ায়
ভোরের কুয়াশা জানে অশরীরী আঁচ
লুব্ধক ফেলে গেছে বিগত রাতের ওম শিশিরের ঘ্রাণে
তোমাকে ছুঁয়েছি আর তোমাতেই ধুয়েছি  বিষাদ---

এটুকু লেখার পরই তোমার  আবদার
এবার সমাপতনের গল্প  হোক---

নদী দিতে চেয়েছিলে,
আমি চেয়েছিলাম নদী বাঁকের নীরব নির্জনতা
সাগর দিতে চেয়েছিলে,
বদলে চেয়ে নিয়েছিলাম নাকছাবি সুখের কবিতা।

হঠাৎই সবকিছু তীব্র নিথর
আত্মীয়তার আফসোস, নোনাধরা পাঁশুটে দেওয়াল
চ্যানেলের সূচের দাগ শিরার গভীরে---

বদলে ফেললে ঠিকানাটা!
এত সহজে!





















**************************************************************************




জবা ভট্টাচার্য

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই  কলকাতায়। বিবাহ সূত্রে  উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত  সাজি, মান্দাস,  বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত  হয়েছে। নিজের  দুটি কবিতা সংকলন  আছে "মাধুকরী  মন" এবং “এক টুকরো ডাঙা”।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন