বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গুচ্ছ কবিতা * মনোজ বাগ

 



কবিতাগুচ্ছ * মনোজ বাগ 

বিভূতি 


ঠিক ঠিক জানলে আর কেউ বাগাড়ম্বরে যায় না।

অতিকথা , অতিশব্দ শুধুই ভার বাড়ায়, বাড়তি তর্কের ।


ব্রহ্মে চারণ করি ।

আমার জন্ম-জীবন-মৃত্যু, সবই এই ব্রহ্মে। 

অর্থাৎ ঈশ্বরে ।


ঈশ্বরই সবটা জুড়ে আছেন ।

ঈশ্বরই আমার সবটা ।


মুঠো মুঠো মাটি, 

মুঠো ভর্তি সোনা, 

আমার সমস্ত অঙ্গ মাখা ধূল-ময়লায় ।

এই সব ধুলো-ময়লাই আমার সারা দেহের দ্যুতি। 

আমার সমস্ত অঙ্গের বিভূতি ।



আহূতি 


"দ্বিধা দ্বন্দ্বে জ'রে আছ !

রসে বশে হও, সব সয়ে যাবে।"


এই আত্মজ্ঞান, আত্মশুদ্ধি ,

যে খুইয়েছে -- হন্যে হয়ে খুঁজছে ।

যার আছে, নিরন্তর স্নান করছে নিজেই নিজের অগ্নিতে ।


অগ্নি-স্নাত ওই সব মানুষও --

অর্ঘ্যের মতো নিজেকে ধরে দেয় , 

সেই সেই প্রতীকের কাছে --

শাস্ত্রত যা পরমরূপ ।


আপাত একটা সমাজ ব্যবস্থায়,

আপাত বহু সংস্কারের মধ্যে থেকেও 

এর-ম অজস্র আত্মবোধ সম্পন্ন মানুষ 

এই মরজীবনেই  জাগিয়ে রেখেছেন সেই আলো, 

যা আমাদের লোক-ভাবনার অনেক ঊর্দ্ধের।



দ্রষ্টা 


অরণ্য সেজে উঠছে ,

সমাজও। 


অরণ্যকে সাজাচ্ছে প্রকৃতি ।

সমাজকে, মানুষ। 


এই প্রকৃতি ও মানুষ একে অন্যতে ওতোপ্রোত।

একে অন্যের পরিপূরক। 


আমি সাক্ষী!

যত দূর দৃষ্টি যাচ্ছে দেখছি।


ধড়ে প্রাণ থাকলে দেখছি ।

ধড়ে প্রাণ না থাকলে, আমিও 

জড় পদার্থের মতো পড়ে থাকছি ।



আত্ম দর্শন 


তুমি দুঃখ পাও !

আনন্দে উল্লাস করো ।

ধ্যান তন্ময় হয়ে কখনো 

স্থির ও গম্ভীর হয়ে যাও দীর্ঘক্ষণ । 


স্থির দৃষ্টিতে আমি তোমাকে দেখি ।

দেখতে দেখতেই তন্ময় হয়ে যাই ।


তুমিও কী আমার মতো, আমাকে দেখে এ রকম তন্ময় হও !

তুমিও কী আমার মতো স্থির দৃষ্টিতে 

আমাকে দেখো !


অভিনিবেশ জ্ঞানের অন্তরায় ।

অভিনিবেশ জ্ঞানের দরজাও । 


সমস্ত আড়াল-আবডাল ভেদ করে তবুও যত দূর দেখা যায় দেখি ।


সবার, সবটাই জেনে ফেলার বড় ইচ্ছা আমার  ।


জগতের সবটাই নিজের চোখে দেখার,

নিজের কানে শোনার,

নিজে বোঝার ইচ্ছা আমার।



নিস্ক্রোমণ


তল্পিতল্পা নিয়ে কেউ এগিয়ে যাচ্ছে,  

কেউ এক ঠাঁয়ে দাঁড়িয়ে আছে ঠায় ।


পরিস্থিতি জরিপ করছে আবহ ।

ঘটনার পরম্পরা একের পর এক গেঁথে রাখছে কালচক্র ।


সামগ্রিক ভাবে যা মহাজাগতিক ।

খন্ড খন্ড ভাবে সেটিই জগৎ । 

উদ্ভব আর উৎসর্জন, এ-ই শুধু আছে এর সবটুকু জুড়ে ।


কালক্ষেপের সময় একটু একটু ক'রে পার ক'রে 

গড়িয়ে যাচ্ছি তবু মহানিষ্ক্রোমণে -- 

এখানে আর ফিরে আসা কার্যত অসম্ভব জেনেই ।



******************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন