রূপায়ণ ঘোষ * দুটি কবিতা
প্রশ্নপথ
গোধূলির দীর্ঘ যাত্রা শেষে
বৃষ্টি ফিরল...
যেন এক ক্লান্ত বেশ্যা
হতাশায় নিজেকে এলিয়ে দেয়
ক্ষুধার্ত বাহুর কাছে...
শুকনো গাছ থেকে ফল ঝরে পড়ে
বৃক্ষের শরীরে শরীরে
অথচ এখানে মানুষেরই ক্ষুধার্ত হাত-
পৃথিবীর ক্ষত বেয়ে উপচে পড়ে!
দূর দ্বীপগুলির যত বিষণ্ণ কুঁড়েঘরে
ছিন্ন পোশাক থেকে টপটপ করে ঝরে যায় সময়,
পাহাড়ের ন্যাড়া পিঠ বেয়ে গড়িয়ে নামে...
রাত নেমে আসে,
শান্ত হয় সেই উন্মাদিনী,
ভবঘুরে আকাশের বিশ্বাসঘাতক তারা;
অবশেষে ভোরের কোমল ও শান্ত দৃষ্টিতে
প্রতিশ্রুতির আশ্লেষ এক ভঙ্গিমায়
আরোগ্যপ্রাপ্ত ভূমি ফিরেছে আবারও
আবারও প্রাচুর্য ও জীবনের সারসংক্ষেপ-
বৃক্ষদের কোল থেকে
মানুষের বাহু থেকে
তারা ক্ষুধার্ত কি?

স্বপ্নে দুর্গন্ধ ঘন হয়
স্বপ্নে বৃষ্টির দুর্গন্ধ ঘন হয়
উপশহরের গোড়ালির আগেই পচে যায় বাহু
স্বপ্নে দুর্গন্ধ প্রগাঢ় হয়
শহরকে ঘিরে থাকা ঝুপড়িগুলোর বক্র কাঠামোর সামনে,
প্রণীত, ব্যবচ্ছেদকৃত- ওলটপালট করে দেওয়া
প্রশ্নগুলোর কৃত্রিমতায় ধোঁয়া ওঠে
স্বপ্নে দুর্গন্ধ ক্রমশ ছড়িয়ে পড়ে
হতাশার জটলায়-
প্রতিটি দিনের নিষ্ফলতা
অনিবার্য ক্ষুধার সম্মুখীন হয়।
আর আমরা প্লাবিত কক্ষপথ নিয়ে পড়ে থাকি,
এই ঘোলাটে স্যাঁতসেঁতে ভাব নিয়ে
কী করব বুঝি না-
বুঝি না, শূন্যতার সেই সঘন রাত
যা স্বপ্নের সাথে মিলিয়ে গেছে...

***************************************************************************
রূপায়ণ ঘোষের জন্ম অগস্ট ১৯৯৩ সালে, লালমাটির বীরভূমে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 'প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নবিদ্যা' বিষয়ে স্নাতকোত্তর। অনুবাদের পাশাপাশি রূপায়ণ মৌলিক কবিতা ও প্রবন্ধচর্চাও করে থাকেন। তাঁর এ যাবৎ প্রকাশিত গ্রন্থের মধ্যে দু'টি কবিতার বই ও একটি প্রবন্ধগ্রন্থ। বর্তমানে হিন্দি, মরাঠি, পালি ও রোমানিয়ান সাহিত্যের অনুবাদক হিসেবেও তিনি কাজ করছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন