বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সন্দীপ ঘোষ




সন্দীপ ঘোষ * দুটি কবিতা 


প্রথম কদম ফুল 


যেদিকেই দেখি নাগাড়ে বর্ষণ

ভাসছিই আর ভাসছি

গন্তব্য কোথায় জানা নেই

অশ্রুপ্লাবন বইছে দু'কুল ছাপিয়ে।


কোথায় গেল সেই বাদলা দিনের প্রথম কদম ফুল?

হৃদয়ে ধারণ করে এতগুলো বছর 

এক কদম দু'কদম করে এগিয়ে চলার পরীক্ষা 

সমানতালে আজও চলছে।


ভরা বাদলেও স্নিগ্ধতা হারিয়ে ম্লান কদমফুল

নেই জৌলুস, পাপড়িগুলো খসে পড়েছে।

যুঝতে যুঝতে এক একটা বাদলা দিন কেটে যায়, 

টানাপোড়েন যেন এক নিত্যনৈমিত্তিক অনুশীলন।


তবু তারই মাঝে একটু আলো

এসো না আর একবার আঁকড়ে ধরি

বাদল দিনে প্রথম কদম ফুল,

মিলবেই  হৃদয়ের ঠিকানা।

            











এক্সেস অফ ফ্লো

 

বুকে ভীষণ বাজে 

তোমার ঐ কষ্টের অনুভূতি

দেখাবার জো টি নেই। 


যত সময় গড়ায়

চড়চড়িয়ে বাড়তে থাকে উত্তাপের পারদ। 

বদলে যায় তোমার শরীরের ভাষা। 

অসহ্য হয়ে ওঠে 

এক্সেস অফ ফ্লো- এর চাপ। 


আমি এক কোণে দাঁড়িয়ে 

নিজের তলপেটে হাত বুলাই, 

অন্তর কুঁকড়ে ওঠে অনুভবে। 

কিভাবে বোঝাই তোমায়? 


চেঞ্জ করতে হবে

চোখ মুছতে মুছতে শীর্ণকায় দেহটা যায় স্নানাগারে। 

ক্লটের পর ক্লট জড়ো হয়

উপচে উঠে টইটম্বুর রজঃপট

পিরিয়ড যেন বিদ্রোহী হয়ে ওঠে 

এক্সেস অফ ফ্লো ছেড়ে কথা বলে না। 


আমার ভেতরের নীল আকাশটা 

কালো মেঘে ছেয়ে যায়, 

বৃষ্টি নামল বলে! 




















***********************************************************************************************



     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।

             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন