শুভশ্রী রায় * দুটি কবিতা
ঘুরণের জাদুকর
শুভ্র আর বন্ধুবান্ধব জুটিয়ে ক্রিকেট খেলে না,
বলটা পাঁচিলের বাইরে চলে গেলে রাস্তার লোকজনকে ডেকে
বলে না-
"কাকু, বলটা একটু দাও তো!"
সে এখন কেন্দ্রের কর্মচারী
গাম্ভীর্য এসেছে অনেক।
তবু কখনো কখনো একটি কিশোরকে দেখতে পাই-
স্পিনের কারিগর গোলকটিকে নিখুঁত ঘোরাচ্ছে,
চারপাশে দাঁড়িয়ে তারিফ করছে পাড়াসুদ্ধু বালক;
ওপর থেকে দেখে আমাদেরই মাথা বনবন ঘোরে!
এমন করেই তো চিরকাল ঘুরছে সময়
এভাবেই সে একেকটি দুরন্ত বালককে
দায়িত্ববান যুবকে পরিণত করে;
পড়ে থাকে অতীতের চঞ্চল মুহূর্তগুলো....
হঠাৎ একেকটি পলের ভেতর থেকে সম্মোহক লাল বল
ঘোরাতে ঘোরাতে ছুটে আসে ফুটফুটে শুভ্র আমাদের।
স্পিনের জাদুকর সময়কে ঘুরিয়েই চলেছে!
জন্ম-শাপ
ছোট্ট আমাকে বাবা খুব মারত,
ছেলে না হওয়ার হতাশা থেকে প্রতি দিন পৈতৃক মার
কেউ আটকাতে চাইত না।
সুযোগ পেলেই দূর থেকে মার উপভোগ করত
থান পরা পিসি,
কাম মেটেনি তার, সংসার করার প্রবল বাসনা চরিতার্থ হয়নি;
বাচ্চা মেয়েটা ক্রমাগত মারধর খাচ্ছে দেখে সে কি বিকৃত
আনন্দের বন্যা পিসির চোখেমুখে!
মার খেতে খেতে এক দিন আমি বড় হয়ে গেলাম,
ক্রমে ক্রমে প্রতিরোধও শিখলাম;
হিংসাময়ী পিসি মিলিয়ে গেলেন ধূসরলোকে।
পিসির জন্য আমার প্রার্থনা- সামনের জন্মে তুমি পাখি হয়ে এসো,
অবিরত মুক্তির ডানা মেলে
জীবনের সর্বত্র অনাবিল খেলাধুলো কোরো।
**********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন