কৌশিক সেন * দুটি কবিতা
সৌভাগ্যবতী
জড়দ্গব। কথা কয় লাশ। আঁশবটি ঘন
মূলাধারে কোপ মারে নৃসিংহদেবতা
ঘুনসিতে বাঁধানো মানিক। আঁটকুড়োব্যাটা
উলটায় মঙ্গলকলস। থুতু দেয় আউলাদুয়ারে……
চাঁপানো পদ্মদীঘিজল। সাঁঝালে গর্ভবতীমাগ
পুতনারাক্ষসী মরে গোবরছড়ায়। বৃন্ত কাটে
ঘুণপোকাসুখ। কাচ ভাঙে আলোর দেবতা
গিঁট খুলি আলগা ব্যাথায়। কনুইয়ের নবধারাজল
কুসুমডিঙায় পার খানকিঅসুখ। দংশন ভগাঙ্কুরে…
গা গুলায়, রাক্ষসী এলে। সামলানো সলতেশামুক।
হালাল
ধীরে ধীরে ছাড়িয়ে রাখি পালক
ছুঁয়ে দেখি, রক্ত, মাংস
সামলানো স্পন্দন
তখনও নলিকাটা হয়নি
ধারালো বঁটিতে ঐশ্বরিক ছটফটানি
ফেটে পড়া ফিনকির কুহক
মিশ্ররাগে আঁকড়ে ধরা বাহু
খামচে ধরি অশোকবন
ক্যাশবাক্সের নিকাহপ্রস্তাব
ঝুঁটিতে আলোকসম্পাত, তবুও
আড়াআড়ি কেটে রাখা আকাশকুসুম
শরীরে সেগুনগাছ, কপোতাক্ষনদ…
**************************************************************
জন্ম :২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই। কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন। কেন্দ্রীয় সরকারী কর্মচারী। আঠেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা। দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো, কর্ষণলিপি,পাখিঘুম।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন