নবনীতা সরকার * দুটি কবিতা
গণনার দিন
শব্দকে পুড়িয়ে দিলে খবরের ছাই ওড়ে
চারপাশে তারই কাঁচা গন্ধ হেডলাইন হয়ে আছে ; শব্দের ঝলসানো দেহে ছত্রাক
জানালা নেই, দরজা নেই, বিছানা নেই, স্যাঁতস্যাঁতে উঁচু দেওয়াল
এদিকে প্রবেশের পথ না পেয়ে গভীর রাতের বিবাগী বাতাস উপহাস করে বলে-আজ গণনার দিন!
বহু ক্রোশ দূরে আবার
কতগুলো জলে মেশার মত শব্দ
পু্ড়ে ছাই হয়ে গেল।।
একটি অদেখা নদীর তীরে
অদেখা নদী....
বেঁচে থাকার নামে বুনছে রেশম
পায়ের পাতায় নাম লেখা তার।
বিষাক্ত সাপের ফণার ডগায় ভেসে চলেছি তারই বুক চিরে।
প্রশ্ন রেখে যাওয়া সমস্ত কথা আঁজলা ভরে জল তুলছে... ধুয়ে দিচ্ছে আপাদমস্তক।
রুক্ষ্ম এবড়োখেবড়ো পথের মাঝে যতটুকু ঘাসজমি মুঠো ভরে তারই আলিঙ্গন চাইছি-
মনে হয় তারা চেনে আগুনের অহং
তারা জানে প্রতি ঋতু শেষে ফুলেদের ঝরে যাওয়ার কারণ।
আমাকে হাসতে দেখলে তাদের দুচোখ বুজে আসে
আমার কান্নায় হু হু করে ওঠে বুক
জানালার কাচ হঠাৎ কোন হাওয়ায় হাটখোলা হয়ে গেলে বাতাস আসে ঘিয়ে মাখা আতপ চালের গন্ধ নিয়ে।
প্রশ্ন ছুঁড়ে দেয়-কোন ছেঁড়া পালে দুলে দুলে ভাসছ?এদিকে এসো!
আমি বলি-যাব?
কী দেবে আমায়?
আরও আগুন দেবে?
মৃত্যু, নাকি আর একটুকু ভেসে থাকার মত সময়?
**************************************************************************************************************
নবনীতা সরকার
পেশাগতভাবে একজন শিক্ষয়িত্রী। আম এবং রেশমের শহর মালদা নিবাসী। লেখালেখির সাথে যুক্ত। প্রকাশিত কাব্যগ্রণ্থ- "শিরোনামে কিছু পাখি বসে থাকে"।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন