বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্রাণজি বসাক

 



প্রাণজি বসাক * দুটি কবিতা 

গুণ ভাগ


যেকোনো বক্তব্যই খোরাক হতে পারে এসময়ে 

লোকটা সারাদিন রোদে ভিজেছে বক্তব্যহীন

সরে যাবার সময় লোকটা ছাতা ভুলে গেছে 

কাকে দোষ দেবে দেদার বাহানা ছড়িয়ে আছে 


চারদিক থেকে চাহনি চাহত আহত গুণন ভাগে

কবেই তুমি পাটীগণিত পাঠে ঐকিক নিয়মে এলে

সরল অংকের মাঝে কখন যে কুয়াশা জমে ওঠে 

ঘাম বিন্দু তাৎক্ষণিক অর্থে বাগানে সৌরভ তখন 






সত্য চেতনা


বলতে পারি আবার বলতেও পারি না মিথ্যেটা

হারিয়ে যাওয়া সত্যকে কোথায় খুঁজে পাই এখন


কে তাকে কোথায় সেফভোল্টে রেখেছে অন্ধকারে

নাকি সে নিজেই সরে পড়েছে অবক্ষয় থেকে দূরে


সমাজ এখন অন্ধ - শুধু হাসিল কর দ্রুতগতিতে

যত পারো দংশন কর   কি যায় আসে জীবনেতে


খোলস ভেঙে মুখোশ ভেঙে বের করে আনো সত্য

এঁকে দাও সত্যবোধ উদ্বুদ্ধ হোক সমগ্র লব্ধ চেতনা 



************************************************************************************






প্রাণজি বসাক



India Book of Records 2026 holder

“Longest Bengali poem written by an individual” 


বাংলা ভাষার প্রখ্যাত ভারতীয় কবি প্রাণজি বসাক বিগত পাঁচ দশক ধরে কবিতাচর্চায় নিয়োজিত। এই মানুষটি আদ্যোপান্ত বাংলা কবিতায় ডুবে থাকতে ভালোবাসেন।প্রায় ৪৬ বছর ধরে  দিল্লিপ্রবাসী।  তিনি ৩১ টি কাব্যগ্রন্থ, ২ টি গল্পগ্রন্থ / রম্যরচনার বইসহ মোট ৩৩ টি গ্রন্থ রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন ২ টি কবিতা সংকলন।তাঁর একাধিক কাব্যগ্রন্থে মানবধর্মী ভাবনা, সমাজ চেতনা ও মুক্তির খোঁজ পাওয়া যায়। কবি প্রাণজি বসাকের কবিতার স্বতন্ত্র ভাষা, বুনন ও বাচনভঙ্গি অন্য কবিদের থেকে ভিন্নতা এনে দেয়। দিল্লির বাংলা সাহিত্য আন্দোলনের শরিক হিসেবে কবি প্রাণজি বসাক সেখানকার কবিদের কবিতা নিয়ে সম্পাদনা করেছেন -  দিল্লি হাটার্স কবিতা সংকলন ও দিল্লির নির্বাচিত বাংলা কবিতা। এই দুটি সংকলন থেকে পাঠক দিল্লিতে বাংলা কাব্যচর্চা  সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারেন। বাংলা কবিতা নিয়ে তিনি ভারতের বিভিন্ন প্রদেশসহ বাংলাদেশ ও  ইউরোপ ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। কবিতার প্রতি তীব্র ভালোবাসায় তাঁর নিজস্ব এবং সাবলীল উচ্চারণ - জয় বাংলাকবিতা জয়। 

বিভিন্ন সময়ে পেয়েছেন সাহিত্য সন্মান ও পুরস্কার। 

আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পদক, তিনবাংলা সম্মাননা, খড়গপুর বইমেলা সম্মাননা ২০২২, ডাঃ রূদ্রকুমার ঈশ্বরারী স্মৃতি সম্মাননা পুরস্কার ২০২২-২৩, দূরের খেয়া জয়াপদ ভট্টাচার্য স্মারক কবিতা পুরস্কার ২০২৩, অর্কিড সৃজনী সম্মান ২০২৫ এবং বাসভূমি জীবনকৃতি পুরস্কার ২০২৫। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন