দেবার্ঘ সেন * দুটি কবিতা
ভাইরালপন্থী
কুকথার সূঁচ
ধরে আছে একজন,
সুতো পরাচ্ছেন আরেকজন তাতে।
দুজনেরই হাত,
বেজায় কাঁপছে যেহেতু
ফসকে গিয়ে, সূঁচ ফুটেছে—
সুতো পরানোর হাতে।
এবার তারা ধৈর্যহারা হয়ে
রক্ত দেখে হয়েছে জড়োসড়ো—
অজ্ঞানতার সূঁচ-সুতোর এই খেলায়
নীতিপুলিশির ফিনকি আসলে
নিজের হাতে
আইন তুলে নেওয়া।
ককরোচ জনতা পার্টি
রান্নাঘর
ঝুলকালি, চিমনি নেই
মাকড়সা
জাল বোনে, একমনেই।
ঘর দুয়ার
রংচটা, আত্মজ—
জল পড়ে
জল পোড়ে, চোখ বোজো।
ভাত বা নুন
সব আগুন, ফুলদানি
বেআইন
বেলাইন, জলপানি।
আরশোলা
শুঁড় তোলে, সম্ভবে
এই আকাল
আদৌ কি, দূর হবে!
****************************************************************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । সম্প্রতি প্রকাশিত দেবার্ঘর দুটি কবিতার বই-- বাড়ির প্রতিটি সিঁড়িতে জল এবং ছাইজন্ম, আয়না পৃথিবী







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন