বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নৌসাদ আলি

 



গোলাপী গন্ধ দাও 

নৌসাদ আলি 


একটি অঙ্ক ছিঁড়ে খেতে খেতে আমরা অগোচরে সেই অঙ্কের

 এক একটি সংখ্যা হয়ে যাচ্ছি 

বাড়ছে কবরের কাঁচা প্রবাহ 

সূর্যকে প্রদক্ষিণ করছে আগুন রঙের অপেক্ষা 

মাটির নৈর্ব্যক্তিক গন্ধ প্রান্তবর্তী অনুকম্পা 

আমাদের তাতে কোনো অধিকার নেই 

আকাশ কবে বিক্রি হয়ে গেছে আমরা টের পাইনি 

নর্দমার কচুরিপানা হেঁসেলে ঢুকলে পরে বুঝতে পারি 

বানের জল 

চাঁদটা জ্যোৎস্নার মর্ম বোঝার আগে মারা যায় 

আমরা এখন ধুতুরা ফুলের কাছে প্রার্থনা করছি 

গোলাপী গন্ধ দাও।













স্মারকলিপি 


শেষ বিন্দুতে পৌঁছে জিজ্ঞাসা করলাম 

নিরুত্তর নক্ষত্র আরও উপরে যেতে বললো 

নতমস্তকে উচ্চারণ করলাম ওঁম 

দুটো হরিণ শাবক দুগ্ধবতী রাত্রির ফুটন্ত বিদিশা 

প্রথম প্রশ্ন স্মারক 

শেষ উত্তর লিপি 

বিপুল জলরাশির উপর নীল বিস্মরণ 

অতীতের ক্লান্তি নিয়ে যখন চোখ মেললাম 

শ্মশান নদীর তীরে মৃত হয়ে পড়ে আছে।













**********************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন