প্রেজেন্ট প্লিজ S I R
শতদল মিত্র
লাইনে দাঁড়িয়ে ছিল মানুষটা। সেই ভোর থেকে, আলো তেমন না ফুটতেই। গণতন্ত্রের দোহাই, মানুষটা লাইনে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়েই ছিল। তারপর সূর্য উঠল। দিন ফুটল। দিন বড় হল। রোদ বিললো। ছায়া ছোটো হতে হতে পায়ের নীচে গুটোলো। মানুষটা পড়ে গেল। হঠাৎ।
বেভুল লাইন টলল কি টলল না, টাল সামলে কেবল দীর্ঘশ্বাস ছাড়ল এক দমকে,
--হায় ভগবান! মরে গেল নাকি শেষে!
ফলে চৈত্রের ঝলাস টাল খেল কি খেল না মানুষটা উঠে দাঁড়াল রোদ গুঁড়িয়ে। হাতের যত কাগজ ইঁট চাপা দিয়ে বলল,
--লাইনটা রইল আমার। দেখো। প্রভু ডেকেছেন। একটু দেখা করে আসি।
মানুষটা ডানা ঝাপটে উবে যেতেই পুরো লাইনটা মুহূর্তে পটপট ঝরে গেল।
আর সে শূন্যতাকে পূর্ণ করতেই যত কাগজ পতপত উড়তে লাগল, উড়তেই লাগল!
কাগুজে ছায়াগুলো আবারও বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় অন্ধকার ছোঁবে তারা, ছোঁবেই!
প্রভুর দিব্যি!



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন