পঙ্কজ মান্না * দুটি কবিতা
প্রদীপের নিচে
কুলি-লাইনের বিহারী বস্তি, জীবন এখানে সিকি;
নিভে-আসা আঁচে সকলেরই আয়ু জ্বলতেছে ধিকিধিকি
চলো,পার করে দিই রাতকানা চাঁদে সুবর্ণরেখা নদী
অচল আধুলি চলে না এখানে,মিথ্যে ফন্দিফিকির
জীবন এখানে নাবাল জমিন,নাক-ডোবা ঘোলা জল
ফর্টি ওয়াট সূর্যের তাপে জীবন তাপানো যায়!
অন্ধকারে কত ভাইবোন হারিয়ে গিয়েছে শেষে
নষ্ট সমাজ হাতায় সুযোগ , চোখগুলো দংশায়
মৃত্যুর কুপি বস্তির ঘরে জীবনের মতো জ্বলে
তিন পোয়া আয়ু যমের দুয়ারে,সিকিতেই দিন চলে
তাঁদের পাড়ায় দুর্গা আসে না,লক্ষ্মী সরস্বতী
উৎসবে মাতে ভদ্র লোকেরা ,বিবেকে পড়েছে যতি
এখানে নারীরা সবাই দুর্গা, মরতে মরতে বাঁচে
সংসার কাঁধে জীবন পেরোয় দগ্ধ দুখের আঁচে---
মধ্যবিত্ত
জ্বলন্ত সব উল্টো মানুষ মেঘ-বারুদের ডাকে
দিচ্ছে সাড়া,আমার পাড়া ফুঁ দিয়েছে শাঁখে
লোকগুলো কি মিথ্যে ? ছায়া ! ওরাই আসল ! খাঁটি?
আমার পাড়া মধ্যবিত্ত,মুখোশ পরিপাটি
লোকগুলো কয় সত্যি কথা , ভীষণ রকম দাহ
আমার পাড়ায় কেউ কারো নয়, হৃদয় হিমবাহ
জ্বলন্ত সব উল্টো মানুষ ফাঁসছে দুর্বিপাকে
আমার পাড়া লোক দেখানো ফুঁ দিয়েছে শাঁখে
এক পা যদি সামনে হাঁটে পশ্চাতে দুই পা
ছুঁয়ে দেখি দ্বিধার জ্বরে পুড়ছে তাঁদের গা
#########################################



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন