সোমবার, ২ মার্চ, ২০২৬

তুষার ভট্টাচার্য

 




তুষার ভট্টাচার্য * দুটি কবিতা

হিরণ্ময় স্বপ্নগুলি 


আসলে এই জীবনে হারাবার কিছু নেই 

অলৌকিক জোছনা রাতে ভাঙা জানালায় 

সুচাঁদ এসে দু'চোখে অগণন স্বপ্ন বুনে দিয়ে যায় ;

বিষণ্ণ মেঘ শ্রাবণ রাত্তির শেষে দুয়ারে উড়ে আসে জোড়া শালিক 

পুবালি ভোর রোদ্দুরে ধুয়ে যায় সব ব্যর্থতা অশ্রু অভিমান ;

এই জীবন থেকে উড়াল পাখির মতো 

যা কিছু চলে গেছে যাক 

হিরণ্ময় স্বপ্নগুলি শুধু বেঁচে থাক হৃদয়ের তাঁতঘরে অমলিন l



মেঘ বাউলের একতারায় 


আকাশে জমেছে শ্রাবণ বাদল মেঘ 

বাতাসে উড়ে আসে বৃষ্টির কান্না গান ;

উঠোনের ঘাসে ফুটে ওঠে কার পদচিহ্ন 

বৃষ্টিজলে ঝরে পড়ে অশ্রু অভিমান;

মেঘ বাউলের একতারায় লিখেছি 

 দিবস রজনী ব্যর্থ ভালবাসা বিরহের যন্ত্রণা 

আনমনা বালিকা জানেনা - তার জন্য

খুলে রেখেছি হৃদয় সমুদ্রের জানালা l




##################################################


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন