সোমবার, ২ মার্চ, ২০২৬

গুচ্ছ কবিতা * বাবলু সরকার






কবিতাগুচ্ছ * বাবলু সরকার 

দুঃখ 


প্রেমে পড়ার 

খুব একটা ইচ্ছা ছিল না তার


সে চাইতো শুধু 

গাছের নীচে গিয়ে বসতে


গাছেদের খুনসুটি গাছেদের ঝগড়াঝাটি 

খুব খুব আমোদ দিতো তাকে 


আর সন্ধ্যে হলে যখন সে 

বাড়ি ফিরে আসতো তখন 

গাছেদের শোক দুঃখের শুকনো 

পাতা গুলো সে শুধু কুড়িয়ে 

রেখে দিতো নিজের কাছে 


না

ভালোবাসার কথা মুখে আনি না


ওসব গত জন্মে 

গাছেদের কাছে জিম্মা রেখে এসেছি 


আমি এখন দুঃখের ফেরিওয়ালা 

বয়েমে বয়েমে দুঃখ সাজিয়ে শুধু 

দুঃখ ফেরি করি দুখী আত্মাদের স্মরণে 


চাইলে 

ভালোবাসতেই পারতাম 


নিতে পারতাম তাকে 

নাটক ও চিত্রশালায় 


দিতে পারতাম উজাড় করে 

খৈয়াম কিংবা কাইফির

মন পাগল করা কিছু মূর্ছনা 


দিইনি 

বদলে তার থেকে শুষে নিয়েছি 

তার সমস্ত দুঃখ কথা গুলো 


ও এখন তার শয়ন কক্ষে 

উষ্ণ রুম হিটার উষ্ণ প্রকৃতি 

তার সারা পৃথিবী জুড়ে 


এমনকি তার গোলাপেরাও

উষ্ণ রোদের সাথে খুশিতে ডগমগ 


অথচ আমি দুঃখ চাইতে গেলে 

আমার কপালে জোটে শুধু 

এক বরফ দৃষ্টি 


সকালবেলায়

একথালা দুঃখ আকাশে উঠে আছে 


না রোদ্দুর না কুয়াশা না মেঘলা আকাশ 

এসব কিছুই নয় স্রেফ দুঃখ ভরা চোখ 

সূর্যের পাশ দিয়ে 

উঁকি মারছে আমার দিকে 


ও এখন 

আমার কবিতা কে আর 

ভালোবাসছে না


বদলে বেছে নিয়েছে শিবের পুজো 

মানত আরও কত কিছু 


আগে রাত জেগে 

কুয়াশা মাখিয়ে মাখিয়ে 

কত প্রেমের বার্তা পাঠিয়ে দিতো

আমার অন্তরে আমার হৃদে


ভালোই করেছে ও

এক শুকনো গাছের শুকনো পাতার 

নীচে কত আর দুঃখ জমা দেবে সে



#########################################

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন