সোমবার, ২ মার্চ, ২০২৬

অঞ্জন ব্যানার্জ্জি





অঞ্জন ব্যানার্জ্জি * দুটি কবিতা 


প্রজনন


ফুল ফোটাবে বলে

বসন্ত আসে মদনের বেশে

উঠোন ভরে শিশির সোহাগে

জাগে আনন্দ হিল্লোল

বেজে ওঠে মিলন এস্রাজ

সুরের তান খোলে লকগেট 

নিকষ প্রেমের প্রদীপ জ্বেলে

জাহাজ ভেড়ে ঘাটে

তুলি আঁকে  ক্যানভাসে

সৃষ্টির চালচিত্র 

জোৎস্নার আলোকিত পথে

পা বাড়ায় গর্ভধারিণী।













সুরভি


না পাওয়ার অভিশাপ আমাদের উঠানে বৃষ্টির মত ঝরে

অনটনের পোকায় কাটে হোগলা পাতায় ছাওয়া ঘরের চাল

রান্নাঘরের জমাট অন্ধকারে চালের হাঁড়ি বিবর্ণ

তুমি খোঁজ বিবর্ণতার মাঝে রঙের সুতো

প্রতিবেশীরা বিস্মিত চোখে দেখে

তোমার সুঁচের রকমারি কারুকাজ

শোলার নৌকায়  নদী পেরোবার সাহস

মরুভূমিতে নলকূপ বসাবার উদ্যোগ

জুঁই ফুল নিয়ে আস বিছানায়

রাতের অন্ধকারে সুরভি ছড়াও

মুছে দাও দিনের অপমান অবহেলার দুর্গন্ধ

ভোরের আলোয় বাঁচার গন্ধ নিয়ে জেগে উঠি।













*******************************************************************



                               অঞ্জন ব্যানার্জ্জি


যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। লেখক ও শিক্ষক রমানাথ রায়ের অনুপ্রেরণায় স্কুল ম্যাগাজিনে লেখার হাতেখড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন