সোমবার, ২ মার্চ, ২০২৬

রহিত ঘোষাল





রহিত ঘোষাল * দুটি কবিতা 

পরাগী 


আলগোছে কিছু কথা রেখেছিলে,

আমি তো গভীরে ভেবেছি—

স্তব্ধ হয়ে শুনেছি

বিমূঢ় রঙের ব্যথা,

অলিভ মাথার কাছে

খুব ভোরে রেখে তুমি

সোঁদা গন্ধ যে পথে

লুকিয়েছ,

যেন নির্বাপণ,

বিলাসী অরুণা সকাল এলে

আমাদের কল্পনা করব সমর্পণ,

নতজানু শরীরী ঢেউ—

নষ্ট শরীরের কলকাঠি,

জয়োৎসব করে ফেরে কলঙ্ক ঘাটে,

ধারাস্নান গুল্মের—

এসো হাড় বিসর্জন দিই ওখানেই।














রেশমতন্তু ও আত্মহত্যার চিত্রনাট্য


আজকের রাত নক্ষত্রের দখলে,

গভীর নীল গোপনসুখ

শরীর থেকে শরীরে,

তারপর তুঁতখেত থেকে রেশমতন্তু

সব গতরজীবী মানুষের ধুলোপায়ের

সাক্ষ্য বহন করে,

মহিষের দল খসখসে পথে খাঁ খাঁ প্রান্তরে

ঘুরে ঘুরে পুনর্জন্মবাদের সংশয়

ছড়িয়ে যায়,

পরশমণি নগ্ন গুহার পাশে

এমনি পড়ে আছে, দ্যাখো, অপর্যাপ্ত আলোতেই

দ্যাখো, নষ্ট ক্ষরণ ছন্নছাড়া অসীমে কী ভীষণ

নিঃস্ব,

উদাসীন এই পৃথিবীতে আজ তুমি আমি আত্মহত্যার

চিত্রনাট্য হাতে হাসপাতাল থেকে ছত্রাক পড়া

কবরস্থানে বৃথা দাঁড়িয়ে আছি।













****************************************************************************




 রহিত ঘোষাল 


দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ১৯৯০ এর ৯ অক্টোবর রহিত ঘোষালের জন্ম,সেখানেই শৈশব ও কৈশোর ব্যয় করেন।লেখালেখি করছেন ২০০৭ সাল থেকে। জীবনের বিচিত্র সব শিল্প সংস্কৃতি সংক্রান্ত কৌতূহল ও স্বপ্ন মেটাতে ও বাস্তবায়ন করতে প্রাতিষ্ঠানিক পড়াশুনা কলেজ অব্দি।বিভিন্ন রকম পেশা বদলে বর্তমানে একটি ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠানে কর্মরত।কবিতা লেখার আশেপাশে অভিনয় করেছেন মঞ্চনাটক ও অন্তরঙ্গ নাটকে।গান গেয়েছেন এবং লিখেছেন নানা বাংলা ব্যান্ডের দলে,অবসরের ছবি আঁকতে ভালোবাসেন আপন মনে।
প্রথম কবিতার বই 'পীড়িত অববাহিকা'—২০২৩,
দ্বিতীয় কবিতার বই 'জাদু ছত্রাক'—২০২৪
তৃতীয় কবিতার বই 'বৈদেহী'— ২০২৫
চতুর্থ বই— শরীর এক ডুবোজাহাজ —২০২৬



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন