কবিতাগুচ্ছ * শিবালোক দাস
১
কালকূট
হাড়ে ক্ষয়িষ্ণু পোষাক।
যে আবর্ত শীতল, তুলে দেখো,
কিছু বিনীত আজও সাক্ষী থাকে।
তুমি তাকে শেখাও মোচড়ে শ্বেতকায় আঁশ
ভুলে অরূপ হতে পারা যায় না, কেবল
ছড়িয়ে পড়ে,
সাদৃশ্য আর্দ্র হয়।
লুকানো বাঁশির ফুঁয়ে কেন খোঁজো
পুনরায় শেষ মানচিত্র ?
২
সঙ্কাশে
কতটা রক্তিম হতে পারো ?
কতটা পরাণ-সম্ভব ?
ছত্রে ছত্রে কেবল শুকিয়ে যাচ্ছে
অমৃতগান।
তবুও, যদি ওঠে বিরুপাক্ষ চোখ,
তোমার জন্যে অবনমিত নীলিমা
গাছ হয়ে যায় আড়ালে….
৩
চক্রবাল
কম্বুরেখায় যে বেদনা ওঠে,
তার পোষ্য নেই।
তবুও অণুমুখ, সেই প্রথম মাছের স্বচ্ছতা
আমার অর্ধচন্দ্রে এখনো নষ্ট হয়নি।
বিদ্ধ করো, উঠে আসি বালুকাময়,
নখাগ্রে, আরো নিপাট অর্ধতারায়….
তুমি ক্ষুধার এক নতুন নাম খোঁজো…
৪
পরজীবী
ছক কষতে কষতে তরুণ কাতর হল।
সর্বাঙ্গে তার অপর্যাপ্ত কিনার…
যে মুখ নিবিড়, তার প্রতিটি ভাস্কর্যে
এখনও সুষম সমস্ত বৃষ্টি…
ভিজতে ভিজতে ভুলে যায়, গানে গানে
ছিঁড়ে গিয়েছে অদৃশ্য সবুজ—
তার জন্যেই এতকাল ধরে রেখেছিল
গর্ভস্বর, প্রতিটি কবিতা…
আলোর ওপারে সে দুহাত পেতেছে,
শীতল হতে...
৫
একটি ফুঁ
একটি ফুঁয়ে কত সমারোহ,
রয়েছে খেলা,
হেঁটে যাই সাদা কালোয়…
তবুও, পূর্ণ হতে পারি না।
সন্ধানে যাকে আনন্দ বলি, সেই
আমাকে করেছে শূন্য—
ঘন শ্বাসে ঘুমিয়ে পড়লাম বলে
তুমি কোনোদিন দেখাওনি আঁচে কিভাবে
ভাসাতে হয় তন্দ্রাহত ঘর…
এইমাত্র আগুন জ্বলল আমার একরত্তি শরীরে !
##################################
শিবালোক দাস
তরুণ কবি শিবালোক দাসের শৈশব কেটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে। বর্তমানে কলকাতার আই.পি.জি.এম.ই.আর. এবং এস.এস.কে.এম. হাসপাতালে এম.বি.বি.এস এর চূড়ান্ত বর্ষের ছাত্র। ক্লাস এইট থেকে কবিতা চর্চা শুরু। সাহিত্যকে ভালোবাসি এবং আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করব। এখনও পর্যন্ত কোনও প্রকাশিত গ্রন্থ নেই।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন