সোমবার, ২ মার্চ, ২০২৬

সাধন চৌধুরী






সাধন চৌধুরী * দুটি কবিতা

এ যাত্রা হল না 


ঘাটশিলায় সুবর্ণরেখার পাশে–এ যাত্রা হল না 

গঞ্জের গা-ঘেঁষে শ্মশানের ঢালু পথ

একদিন নাভিকুণ্ড পুড়ে যায় 

স্বাভাবিক উপশম আসে 


ঝড়-বৃষ্টির ইশারা স্পষ্ট হওয়ার আগে 

পিঁপড়েরা সারিবদ্ধ সংগ্রহে নেমেছে


আমের মুকুলে কুহু বসন্ত কোকিল

প্রতি উৎসবে ডাকে সক্রিয় সম্মত


একেকটি কবিতার মতো ফুটেছে পলাশ 

এ মায়া প্রপঞ্চে, কারও ফুরোবার হুঁশ নেই–














সাজ খোলো সাজ প'ড়ো


সাজ খোল, সাজ প'ড়ো। কার নিমিত্তে এই

বাঁধা হল ঘর, রমণের ছাড়পত্র 

লৌকিক বাসর–


নৃসিংহ'র ঘাড়ে চেপে তীব্র কর্ষণ

ব্যবহৃত হতে হতে সাজ হয় প্রথা


আগুনের আঁচ দেহে স্পষ্ট হয় দাগ

চিহ্নিত যথাক্রমে হিংসা হনন ক্ষত

একদিন অন্তর্ঘাত হা হা রবে জেগে, সব

হারানো কান্নার ফোঁপানো আস্ফোট

খুলে নেয় শরীরের সাজানো বাকল


অস্তরাগে বোধগম্য হয়, শরীরের মধ্যে 

ভাঙে অন্য শরীর–


########################################

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন