পার্থ প্রতিম গোস্বামী * দু'টি কবিতা
মোহনায়
সেই যে দূরান্ত থেকে
এতগুলো সাঁকো পেরোতে পেরোতে
শেষে এসে পড়লে
এই মোহনায়
সমস্ত কথার কল্লোল
স্তিমিত গান হয়ে বাজে
সন্ধ্যার মুমূর্ষুরেখায়
এই তো নিশ্চিত ছিল
শুধু খরজলে কথাগুলি স্তব্ধ বয়ে গেছে
এতগুলো সাঁকো পেরিয়ে এসে
সেই তো জানলে
সত্যি কিছু পেতে গেলে
নিজের ভেতর
শব্দহীন
আর খুব একা হতে হয় |
পুরস্কার
এ সময় এত কান্নাকাটি
একটুও ভালো লাগছে না আমার
একে শরীরটা কথা শুনছে না একদম
ডেকে ডেকে সাড়া পাচ্ছি না নিজেরই
সেই শরীর যাকে এতদিন
নিজেরও অধিক বলে মনে করেছি
সে-ই আজ আমাকে একেবারে পর করে দিয়েছে
বাইরে দাঁড়িয়ে দেখছি
একে একে এসে সবাই কাঁদছে খুব অবান্তর
এরপর কী নিয়ে কাটবে তাদের
এই নিয়ে আক্ষেপ শুনছি খুব
আমি কী হারালাম
এ সব হারিয়ে গেছে আমার ভেতর
অন্যের হারিয়ে ফেলা আর কে কবে বুঝেছে তেমন
চায়ের জল ফুটছে
আহা, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে লিকারের
সামান্য দুঃখ হচ্ছে
তবু অসম্ভব হালকা লাগছে সবকিছু
একটা আলো এসে হাত ধরে আছে
তোমরাও ওঠো এবার
গরম চায়ের সাথে গিলে নাও সমস্ত কান্না
বিশ্বাস করো
সম্ভব হলে আমি দেখিয়ে যেতাম
দাউ দাউ আগুনের ঠিক মাঝখানেও
এতটুকু কষ্ট নেই কোথাও
এতদিন তো আগুনেই ছিলাম
এরপর আলোয় থাকা
সবকিছু হারাবার পর বুঝেছি
জীবনের চেয়ে বড়ো কোনো অর্জন নেই
মৃত্যুর চেয়ে বড়ো পুরস্কার ।
******************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন