রবীন বসু * দুটি কবিতা
ফিরে এসো ঘরে
যথেষ্ট হয়েছে, এইবার ফিরে এসো ঘরে
এত যে বাউন্ডুলেপনা, ছন্নছাড়া দূরে দূরে থাকা
সব আজ বন্ধ করো, ফিরে এসো ঘরে।
যদি মানি ভুল ছিল, তা কি শুধু আমার দায়?
তোমার তাতে দোষ কিছু ছিল না একটুও?
ঘরেতে আগুন দিলুম— ইন্ধন কে এনে দিল!
দু’ জনেই পুড়ে মরি, দু’ জনেই ভস্ম মাখি ছাই
দুই ত্বক জ্বলে গেল, দুটি ভিন্ন অনুভব ভয়
আগুন তো এক! জ্বলনের সর্বনাশ ঘোর!
যথেষ্ট হয়েছে, এইবার ফিরে এসো ঘরে।
এসে দেখো, পরিপাটি সাজানো সংসার
ঠান্ডাজল, যত্ন নিয়ে অপেক্ষা করে।
অনুতপ্ত অশ্রুজল, বুকে ব্যথা—
তোমার আসার আশায় সারারাত
জেগে আছে, দরজায় খিলও দেয়নি!
ক্ষমাভিক্ষা
কি করে বলব আমি! কি করে স্বীকার করি আজ!
মেরুদণ্ড বন্ধক রেখে কাপুরুষ পালিয়ে এসেছি—
দায়িত্ব নিতে ভয় পাওয়া ভীতু সুচতুর এক প্রেমিক
তোমাকে পথের পাশে দাঁড় করিয়ে, কার্যত ফেলে
আমি রং বদল করে লুকিয়েছি লোকালয়ে। যদি
খুঁজে পাও, জুতসই একটা উত্তর খুঁজতে খুঁজতে
এতদিন চলে গেল! কতটা দূরে যে চলে এলাম!
তুমি কি এখনও আমার কথা মনে করো? নাকি ঘৃণা আর কষ্টে ভুলে গেছ সবকিছু? মুখ ঘুরিয়ে
নিয়েছ আমার স্মৃতি থেকে! আমি কিন্তু পারিনি
লজ্জা আর সংকোচে অনুতপ্ত হতে হতে প্রত্যহ
খুঁজে যাই পুরনো পথঘাট কলতলা নদীর পাড়
কোথায় যে আছো তুমি? পুরোনো ঠিকানা বদলে
ফেলেছ? নতুন ঠিকানার খোঁজে রাত্রিদিন হন্যে
হয়ে এপথ সেপথ, গ্রাম নগর চষে চলেছি, যদি একবার দেখা পাই, ক্ষমাভিক্ষা চেয়ে নেব হাতে!
**********************************************************************
জন্ম ১৯৫৮ দক্ষিণ ২৪ পরগনা। পিতা প্রমথনাথ ও মাতা রাধারানী বসু। কলেজে পড়ার সময় থেকেই লেখালেখি শুরু। প্রকাশিত গল্পগ্রন্থ ৪, উপন্যাস ২, কবিতার বই ১২, কাব্যোপন্যাস ১, সম্পাদিত গ্রন্থ ৪। গল্পের জন্য পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা সেরা গল্পকার ১৯৮৭, মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮, ধ্বজাধারী স্মৃতি পুরস্কার ২০১৮, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার ২০১৯। দুটি জীবনকৃতি সম্মাননা ২০১৯, ২০২০। সম্প্রতি ‘দ্রিমি দ্রিমি নৃত্য হবে’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ ও ‘নির্জন সভ্যতার মার্চমাস’ কাব্যগ্রন্থের জন্য অন্নদাশঙ্কর রায় স্মৃতি সম্মাননা ২০২৩। নবপ্রভাত সাহিত্য সম্মাননা ২০২৪, নীলাক্ষর সাহিত্য পুরস্কার ২০২৫, কবিতার আলো কবি-সম্মান ২০২৪।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন