বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পঙ্কজ মান্না





পঙ্কজ মান্না * দুটি কবিতা 


বোকা রোদ


দ্বিতীয়ার চাঁদের মতো তোমার নাগরিক ভুরুর কাতান

আমি তো ছাপোষা লোক,

রেশনের চালে কাঁকর বাছতে বাছতে অকালেই কুঁজো হয়ে

গেছি;

আমি আর আমার জীবন 

যেন সাগর সৈকতে শীতকালের বোকা বোকা রোদের উৎসব,

সকলেই গা গতর সেঁকে নিতে চায় 


আর বাকিটা ?

কবিতা নয়, নীরস গদ্যের ছুরি


ক্ষতমুখ দেখতে চেয়ো না











কিছুতেই কিছু মেলে না


হিসেব মেলে না জীবন খাতায়

কিছুতেই কিছু মেলে না


ধ্বংসের দিনে ডেকেছি তোমাকে 

গোপন সৃজনে ডেকেছি

অনাদরে যাও অঙ্গুরী ফেলে সে 

ছবিও বক্ষে রেখেছি


সহসা এ ভাবে শোক কাঁখে নিয়ে 

চৈত্রের মতো দাঁড়ালে 

সন্ন্যাসীবেলা, চোখে জলমেঘ, জমেছিল গূঢ় আড়ালে


এত যে ডাকছি, কেন যে আমার 

মৃত্যুর দিনে এলে না !


আতিপাতি খুঁজি স্মৃতির পুঁটলি, কিছুতেই কিছু মেলে না













****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন