রাসবিহারী ঘোষ * দুটি কবিতা
আবার মাটি হয়ে গেলাম
হলুদ পালকের মতো পাহাড়ের নিচে
রোদ নিচ্ছে গমক্ষেত
পলাশের লাল রঙের মার্জিন বুঝিয়ে দিচ্ছে
এ বছরের ফলন
এ সি টু টায়ারের জানালায় ক্যামেরা লাগিয়ে বসে
দুটো লাক্সারি চোখ
গমক্ষেতের মাঝে কাস্তে হাতে আনমনে গম কেটে যাচ্ছেন
আমার বৃদ্ধ বাবা
শুকনো পাতার মত দৃষ্টি নিয়ে দেখে ফেললেন আমাকে
আমি লজ্জায় ঐ ঘামে ধোয়া কষ্টের ছবি তুলতে পারলাম না
ট্রেন ঢুকে পড়ল গম ক্ষেতে ,আমি আর বাবা পাশাপাশি
দাঁড়িয়ে,
একটা খেজুর গাছের ওপর চাঁদ ঝুলে পড়ল মেঘের মতো
আমরা আবার মাটি হয়ে গেলাম।
অপ্রাসঙ্গিক
ওদের মধ্যে যাদের খিদে ছিল তারাও ছিল কিন্তু তালগোলের
মধ্যে ওদের কথা কেউ শোনেনি
দু একজন ওদের দিকে তাকিয়ে ছিল মাত্র
বাকিরা পেছন ফিরে শুধুই ধর্মের কথা বলে আখের
গোছাতে ব্যস্ত
সুতরাং জল ওপরে উঠে আসেনি
কিছু শেয়ালের দল কলসি ফাটিয়ে জল মাটিতে
ফেলে,বলেছিল:
আমরা ক্ষমতায় এলে,এই জঙ্গলে কারও খিদে তেষ্টা থাকবে না
কয়েকটা পরস্পর বিরোধী কথায় চাঁদ লুকিয়ে পড়েছিল
নির্জন মাঠে
আর বাকিরা খেই হারিয়ে অপ্রাসঙ্গিক
এখন সব বিক্রি হয়ে গ্যাছে
হায়না ও শেয়ালের দল চুক্তি করে ভাগাভাগি করে নিয়েছে।
*******************************************************************
পেশায় শিক্ষক, রাসবিহারী ঘোষ কবিতা পড়তে ও লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালিখির সাথে যুক্ত।তিনটে কবিতার বই "ভিতরের ভিতর","নতুন পায়ের শব্দ"ও "নেবুলার হাতছানি" প্রকাশিত।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন