বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ছন্দা দাম




ছন্দা দাম * দুটি কবিতা 









স্বগতোক্তি


শীত এসে গেছে ধীর লয়ে গাছেদের বুকে,

হেমন্তের রোদ পড়ে আসে দূরের পাহাড়ে

স্বযত্নে লালিত সুখেরা শোকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে

শুষে নেয় জীবনের নির্যাস,

গেয়ো নদীটা শিহরিত হৃদয়ের স্পর্শ দিয়ে যায় সবুজের

কিনারায়

ভেজা নদীর চরা তৃষ্ণার্ত চোখে চায় প্রাণের জল।


আজও হৃদয়ের ঈষাণে কেউ জ্বেলে রাখে দীপ

এক অচেনা অন্তরীপ জেগে থাকে বুকের বাঁদিকে, 

হেমন্তের রোদ ধীরে ধীরে বুক পেতে দেয় 

আকুল বনভূমির সবুজে,কাজে অকাজে ব্যাকুল মনের 

ঠিকানা হারায়,

বলি তোমায়..."অর্থহীন সবটাই,তবু তুমি ছাড়া বেরঙিন হৃদয় 

রঙমহলের সব রঙ"













স্মৃতি  চিত্রপট


টিনের চালাঘরের স্কুল বারান্দায়

আমার স্মৃতিরা রোদ পোহায় আজো দেখি

আমি এক্কা দোক্কা খেলি সাথি সাথে জুটি

আমার স্মৃতিরা খুঁটে মায়াধান,ডানাহীন পাখি।


ঘন্টার নিনাদ বুকের কোণে,হৈ হৈ স্কুল ছুটি

আমি বসে থাকি কোণে, আবেগের ব্যাগ ভরে নিয়ে

দিন যায় রাত যায় পালায় সময় এক ছুট্টে 

স্কুল ঘর খালি,পড়ো চাল,আমি সব দেখি বুকে লুকিয়ে।


শিশুদের কলোরব উস্কে দেয় জমিয়ে রাখা স্মৃতি

উধাও সে ঘর,মাটির দাওয়া,উঠেছে মাল্টিস্টোরিড,

আমি তবু বসে আছি জানালার লোহার গরাদ ছুঁয়ে 

আলো আশা কখন গিলে খেয়েছে ইট কাঠ কংক্রিট।


আজো ঘন্টার ঢঙ ঢঙ বেজে চলে অলক্ষ্যে

স্কুল পালানো অমল বালিকা মুঠোতে আজো আধুলি

আজো স্মৃতির রঙেরা ঘেঁটে আছে সময়ের প্যালেটে

হারিয়ে গেছে আনাড়ি চিত্রকার,তার লোমের তুলি!!












*********************************************************************************************



ছন্দা দাম

আসাম রাজ্যের শ্রীভূমি জেলার বাসিন্দা ছন্দা দাম। প্রাথমিক বিদ্যালয়ে চাকুরিরতা। কবিতা,গল্প, প্রবন্ধ লিখতে ভালোবাসেন। অবসর সময় আঁকাআঁকি করা পছন্দ । অনেক কবিতা, গল্প অনেক পত্রিকা,সংকলন ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত চারটি কাব্যগ্রন্থ ও একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন