শীলা দাশ * দুটি কবিতা
ঝড়
একটা ঝড়ের প্রতীক্ষা করছিলাম।
আশ্চর্য কোথায় ঝড়?
গাছ উপড়ে যাওয়া,টুকটুক করে আম ঝরে পড়া,হু হু বাতাস
ধুলোময়
শিউরে ওঠা মাঝরাতে।
কোথাও কিছু নেই,
ধূ ধূ নিশ্চল নীরবতা
ধীর স্থির পৃথিবী।
তবে কি আমিই চঞ্চল সুদূরের পিয়াসী?
ডুবে যাওয়া চাঁদ শেষ আলো
দিয়ে গেল।তারারা তর্জনী মুখে গা ঢাকা দিলো।
ভ্রু কুঁচকে মরে যাচ্ছে মেঘেরা
তবু অপেক্ষায় আছি ঝড়ের
হঠাৎ বুকের ভেতর ধড়পড়
তবে কি অন্তরীণ ছিল ঝড়?
মুঠোয় মরীচিকা রেখে
জ্বলে ওঠে হাজার ওয়াটের
হলুদ সূর্যমুখী আলো
ব্যর্থতার বীজ থেকে জন্ম নেয় কমলা রঙের শস্যরেখা।
একটি অবিনশ্বর মুহূর্ত
এক একটি মুহূর্ত আসে
যখন আলো আর অন্ধকার
একাকার হয়ে যায়
সেই অনির্বচনীয় মুহূর্তে
জীবন আর মৃত্যু খুব দ্রুত
পরস্পরের কাছে এসে
সব ভেদরেখা লুপ্ত করে দেয়
এই দৃশ্য একটি অবিনশ্বর মুহূর্ত
জীবন মৃত্যু নিরপেক্ষ কালজয়ী
কোন স্বপ্ন অথবা দুঃস্বপ্ন
যদি বাস্তবের সাথে মিলিত হয়
অথবা প্রতিরোধে লুপ্ত হয়
তখনই জন্ম হয় জীবন কিংবা
মৃত্যুর অতীত এই
আশ্চর্য বিস্ময়কর মুহূর্ত।
******************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন