উৎপলেন্দু পাল * দুটি কবিতা
ধ্রুবতারা বনাম শুকতারা
মা'কে দেখতাম
তাই ধ্রুবতারা চিনবার প্রয়োজন হয়নি কখনো
শুকতারা চিনেছিলাম
মায়েরই আঙুলের ইশারায়
কিন্ত সে অবস্থান বদলায় ঘনঘন
ঠিক বাবার মতো
আমি কখনো বুঝিনি বাবা বা শুকতারার
অবস্থান বদলাবার কারন
এখন আমিও একজন বাবা
এখন আমিও যেন একটি শুকতারা
তবে আমার মেয়েদের বলেছি
তোমরা ধ্রুবতারা হও।
সবাই বিক্রয়যোগ্য?
দেওয়ালে দেওয়ালে বিজ্ঞাপন দেখলাম
"সব মাথারাই বিক্রয়যোগ্য"
পাইকারী বাজারে 'মেরুদন্ড' বিকোচ্ছে
বিশেষ চৈত্র সেলের কায়দায়
নতুন বছর সমাগত হয়ে এলে
'ট্রেন্ডিং' হয় গিরগিটির চামড়ার পোষাক
নতুন বাজারতন্ত্রে বিক্রয়যোগ্যদের লাইন
উপযুক্ত ক্রেতার অপেক্ষায়
ভাবছি একবার লাইনে দাঁড়িয়েই দেখি
যদি উপযুক্ত দাম পাওয়া যায়।
উৎপলেন্দু পাল
আশির দশকের মাঝামাঝি সময়ে কলেজে পড়ার সময় লেখালেখি শুরু। কলেজ ম্যাগ, দেওয়াল পত্রিকা, শিক্ষক শিক্ষণ সংস্থার মুখপত্র, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দেওয়াল পত্রিকায় লেখালেখি। তারপর কর্মজীবনে প্রবেশের পর তা ক্রমশঃ বন্ধ হয়ে যায়। পুরোনো বন্ধুদের উৎসাহে আবার ফিরে আসা ২০১৮ সালে। ফেসবুক সহ বাংলা ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রচুর লেখা প্রকাশিত। বাংলা একাডেমী সহ বিভিন্ন সংস্থায় কবিতা পাঠ করে প্রসংশিত। শিক্ষকতা ও পারিবারিক দায়িত্ব পালনের ফাঁকে লেখালেখি। একমাত্র প্রকাশিত কাব্য গ্রন্থ 'মনের উড়ান '। প্রকাশক 'নবলিপি প্রকাশন', কোচবিহার। কোচবিহার শহরেই বেড়ে ওঠা, পড়াশোনা ও বসবাস। আগামী দিনে একটি মনের মতো কবিতা লেখার অপেক্ষায় সাহিত্য চর্চা চলবে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন