সৃশর্মিষ্ঠা * দুটি কবিতা
রহস্যের ঘাওড়ামি
যেভাবে কোনো মানুষের সম্বন্ধে প্রথমে ধারণার উদ্রেক। তারপর আলাপ। শেষমেশ তার অন্দরমহলে প্রবেশের চেষ্টা। সেভাবেই একটি শব্দের উচ্চারণ, মানে। তারপর তার অন্য মানে আবিষ্কারের উদ্যম। আসলে কিছুই সহজ নয়। পৃথিবীতে এসে সরলরেখার সংজ্ঞালাভ আর সরলকোণ অঙ্কনপ্রণালীতে পারদর্শী হলেও সহজ সরল হওয়া কঠিন। একটি সুগন্ধি ফুলগাছের নিচে দুটি বিড়াল ঝগড়া করছে।
চারহাত চারপা // মারামারি /
আটহাত // হাতাহাতি /
আটপা // লাথালাথি /
সময় চেঁচাচ্ছে। শব্দ দৃশ্যমান হলে ধারণা আবছা হয়। আবছা/অস্পষ্ট/অলীক একধরনের রহস্যময় আর্ট!
ভ্রূণের আলোয়
ঘেঁটে দেখেছি, আসলে শরীর একটা গোলমেলে বস্তু। তাকে যথাযথ দেখভাল করাও একধরনের কবিতা লেখা। আঘাতপ্রিয় নারীর বুক হাট করে খোলা থাকলে, কেউ ঠোঁট রাখে। কেউ বা ঊরুতে পূত জবা এঁকে চলে যায়। ফুলের বিরুদ্ধে ফুল হেসে উঠলে তখনই প্রকৃত বিঠোফেন। তাই বলে তোমার উল্লাস বন্ধ কোরো না। ভালোবাসি বলেই তোমার সুখ আমাকে ঠেলে দেয় তোমার দুঃখের দৃশ্যে। আগলে রাখি। কেননা গাছের সরল কষ্টের ভেতরেই ফুলের সম্ভাবনা। ভ্রূণের আলোয় নিরালোক যোনি যেভাবে মা হয়ে ওঠে...
********************************************************************************************
সৃশর্মিষ্ঠা
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন