বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রহিত ঘোষাল




রহিত ঘোষাল * দুটি কবিতা 

আমার চারধারে

আমার চারধারে আমি ঘুরে বেড়াই,
আমার চারধারে আমি ভেসে বেড়াই,
এইসব আমার খুবই চেনা,
বিস্তার ঘটে, আওতার বাইরে চলে যায়
মরচে-পরা সময়, জল ঢালি জ্বরের মায়ায়,
ছাউনিতে ফিরে এসে মুখোশ খুলে রাখি,
চরাচরব্যাপী হেডলাইটের আলো পড়ে—
দেখা যায় ঠান্ডা এপিটাফ,
খাঁচার কাকাতুয়া ঝুঁটি নাড়ে, বলে শান্ত হও,
কাকলাস উপবাসে থাকে,
চোখ বোজার আগে দেখি মেঘাচ্ছন্ন সাগর,
আমার চারপাশে আচম্বিতে সাঁওতাল
উদাসীনতা।

















এই দহনজুড়ে বাঁশি


তোমায় আমার পেতেই হবে,
যেকোনো উপায়ে ছিনিয়ে নেবই,
উল্টে দেব জগত তবে।

তোমায় আমার পেতেই হবে,
আকাশ-পাতাল হোক না কথা,
ঝড়ের নেশায় বন্য মাতাল।

তোমায় আমি পাবই পাব,
চরম রাতের দৃঢ় মুষ্টি,
মাটি যেমন ঘোড়ার খুরে।

তোমায় নিয়ে হাজার স্বপ্ন,
বাজার-বিমুখ গমনাগমন,
রাস্তা জুড়ে পেখম-পালক।

তোমায় নিয়ে উড়াল দিলে,
দিল-দরিয়া মরমী সুখ,
এই ইহলোক সাক্ষী হবে।

তোমার আমার ঘনিষ্ঠতায়,
শহর আমার পুড়ছে পুড়ুক,
বইমেলাতে আগুন ধরুক।

তোমার আমার অষ্টমীরাত,
বালিক হবে ম্যাডক্স স্কোয়ার,
ভাঙছে ভাঙুক দেওয়াল ঘড়ি।

তোমার আমার মিলন-বেলায়,
মলিন বিকেল ছোট্ট ভেলায়,
নদীর বুকে হাত ধরেছি।

তোমার অতীত ছাইপাশ সব,
আমার বিষ-কণ্ঠে ধরো,
এক হিমালয় ভালোবাসো।

তোমার নামে ঘুম ভেঙে যায়,
আমার নামে স্বপ্ন আসুক,
অনিদ্রা থাক রেলকামরায়।

তোমার বাড়ি দূরপাল্লা,
তোমার হাতে খেলনাবাটি,
অন্ধ বাউল বুক পেতে দেয়।

আমায় তোমার পেতেই হবে,
তছনচিয়া বুকের আগল,
নিষ্কৃতি পাক জড়ানো জিভ।

তোমার আমার একচালা ঘর,
সাজ-প্রতিমা চালচিত্তির,
অসুখ-বিসুখ মাথার পাশে।

তোমার আমার দুর্বিষহ,
ঝগড়াঝাটি হুলুস্থুল,
তোমার কান্না আমার বুকে।

তোমার চোখের কোণায় আমি,
এই নবমী সেই দশমী,
বরণ-ডালায় কী ফুল নিলে।

আমায় নিয়ে তোমার প্রাচীর,
সাত সোপান সমুদ্র-জল,
দহন জুড়ে বাজবে বাঁশি।




















                      রহিত ঘোষাল 


দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ১৯৯০ এর ৯ অক্টোবর রহিত ঘোষালের জন্ম, সেখানেই শৈশব ও কৈশোর ব্যয় করেন। লেখালেখি করছেন ২০০৭ সাল থেকে। আনন্দবাজারের আরো আনন্দ অ্যাপ সহ বিভিন্ন সম্ভ্রান্ত পত্রিকাতে নিয়মিত কবিতা লিখে চলেছেন।
জীবনের বিচিত্র সব শিল্প সংস্কৃতি সংক্রান্ত কৌতূহল ও স্বপ্ন মেটাতে ও বাস্তবায়ন করতে প্রাতিষ্ঠানিক পড়াশুনা কলেজ অবধি। কবিতা লেখার আশেপাশে অভিনয় করেছেন মঞ্চনাটক ও অন্তরঙ্গ নাটকে। গান গেয়েছেন এবং লিখেছেন নানা বাংলা ব্যান্ডের দলে, অবসরের ছবি আঁকতে ভালোবাসেন আপন মনে। 
প্রথম কবিতার বই 'পীড়িত অববাহিকা'—২০২৩।
দ্বিতীয় কবিতার বই 'জাদু ছত্রাক'—২০২৪
তৃতীয় কবিতার বই 'বৈদেহী'— ২০২৫
চতুর্থ বই "শরীর এক ডুবোজাহাজ"(মুক্তগদ্য)—২০২৬



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন