বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সন্দীপ ঘোষ





সন্দীপ ঘোষ * দুটি কবিতা 


একটু আলো পেলে 


একটু আলো পেলে

যুদ্ধটা থেমে যায়, 

গায়ে মেখে নিয়ে ছুটন্ত ঘোড়ার মতো

বিরতির অবকাশে

নীল আকাশের নীচে একটা নতুন

পৃথিবীর সন্ধান পায়। 

অনেকটা হালকা হয়ে যায়

গন্তব্যের পথের বোঝা। 


একটু আলো পেলে

প্রবল আকুতি নিয়ে বেরোতে চায়

চাপা পড়া জঞ্জাল থেকে, 

কিছুকাল আগের ঝড়ে 

লণ্ডভণ্ড হয়ে যাওয়া প্রতিটি অনুভূতি

চেষ্টা করে মাথা তুলে দাঁড়াবার। 

একাকিত্বের অসহ্য সীমানা ছাড়িয়ে

আশ্রয় নিতে চায় তোমার বুকে। 


                












হে প্রভু


হে প্রভু, 

মহারণে উন্মত্ত পৃথিবীর লেলিহান শিখার

বিষবাষ্পের আগ্রাসনে

নিরীহ তরতাজা প্রাণ, শিশু থেকে বৃদ্ধ

কত বলি হবে আর? 


হে প্রভু, 

কেন এই ধ্বংসযজ্ঞের আয়োজন? 

কংক্রিটের নীচে চাপা পড়া আহত, ক্ষুধার্ত

শিশুর কান্না তুমি শুনতে কি পাচ্ছ? 

হাজার হাজার লাশের উপর দাঁড়িয়ে 

বিজয়ের আস্ফালন---

তুমি কি তাও মেনে নিচ্ছ? 


হে প্রভু, 

মহাকাল রূপে এসো এই ঘোর কলিতে

স্তব্ধ করো নৃশংস বিজয়ের উল্লাস। 

তোমার পথ চেয়ে আমরা সবাই

প্রহর গুনে চলেছি একটু একটু করে

নিদ্রাহীন অপেক্ষায়। 

                     



***********************************************************************************************



     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন