তুষার ভট্টাচার্য * দুটি কবিতা
ঘোড়ার পিঠে চেপে
ব্যর্থতা - আমি মহীনের টগবগে কালো ঘোড়ার পিঠে চেপে চলে যাবো
ভোর রোদ্দুরে জেগে ওঠা ঝিকমিক বালু চরের দিকে ;
নুন ঘাম জলে ভেজা দু'হাতের মুঠোয় নিয়ে আসবো
মাছরাঙা দিন ;
নিরাশার লোহার শিকলে বেঁধে
দেখি কে আমাকে
আটকে রাখে অন্ধকারে নিরালা ঘরে ?
ব্যর্থতার সমস্ত ছাইপাশ খড়কুটো নদীর জলে ফেলে দিয়ে
আমি একদিন পৌঁছে যাবো ওই স্বপ্নীল ধবল পাহাড় চূড়োয় l
ঘুমোনো জীবন
এত শূন্যতা কোথায় ছিল ছিল ? চারপাশে স্তব্ধ চরাচর ঘুমোনো জীবন
ঢিবির উপরে মরা চাঁদ দেখে হৃদয়ে জেগে ওঠে মৃত্যুর শিহরণ ;
আমলকি বনে অন্ধকারে মুছে যায় রাতপাখিদের শান্ত কোলাহল
রুখু প্রান্তরে পড়ে থাকে হেমন্তের কাটা ফসল
মেঠো ইঁদুরের শব ডাহুকের ভাঙা ডিম রাত কুয়াশায় ঢাকা নদী
এত শূন্যতা কোথায় ছিল? মায়াবী চাঁদের থালায় জীবন জেগে ওঠে যদি!
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন