মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গুচ্ছ কবিতা * চন্দ্রাণী গোস্বামী

 




চন্দ্রাণী গোস্বামী * ভাষা বিষয়ক একগুচ্ছ কবিতা








(১)

এক নিঃস্ব ও আকাশ যে ভাষায় বলে, 

বলেছি তোমাকে--- উৎসর্গের পাতায় 

আমার নাম লিখো না।


বরং হাঁটি আমরা পৃথিবীর পথে, এসো।


যারা পথ উৎসর্গ করেছিল এ পৃথিবীর

আনাচে কানাচে, তারা কেউ পথিক হতে

পারেনি। 


ধূলো তাই লেখেনি তাদের সমধিফলক।



(২)


দুপুরের অসহায়তার যে ভাষা , তুমি কি কখনো বুঝেছো?

যে বয়সের যেটা প্রবণতা ...

ছোটবেলায় আঁচলের অনুষঙ্গে মমতার কথা মনে পড়তো

বয়সের দোষ নেই।     এখন নিরুপায় আমি। 

তোমার আঁচলের হালকা আভাস পেলেই শস্যের ভান্ডারে 

ডুবে যাই। 


(৩)


কখনও কোনও একটা ঘর থেকে নৌকা ভেসে যায়

অচিন নদীর দিকে--- 

মনে পড়ে সেই বিভ্রান্ত বিকেলের কথা।

বহুদিন আগে শান্ত নদীস্বভাবা আমিও ছিলাম...

ভাষাহীন অনুবাদহীন স্রোতে বয়ে যেতে যেতে তোমায়

শুনিয়েছিলাম পুনর্জন্মের গান।



(৪)


নদীর তো চলন হয়-ই

যেমন হয় মনকেমন...


আমিও দেখেছি তাকে

আমার আনাচে কানাচে --- নদী জারিত মানুষ।


হেঁটে এসে বলে গেছে বারবার

এবারের চলা, পরেরবার যেন মনে না পড়ে আর।


(৫)


যে চিঠিটা আড়াল করে রেখেছিলে

যে চিঠিটা প্রবাসের মতো যৌবন ডাকে...


ঈশ্বর জানে, লোভ নেমে এলে

হারিয়ে যায় নরম রোদের ওমের মতো

আজন্ম মৃত্যুর প্রত্যাশা।


হাতবাক্স খুলে দেখি 

জিনিয়ার পাপড়িতে শীত রেখে গেছ ; 


ধরতে গেলে যত পাপড়ি ঝরে

তুমি ঝরে যাও তার থেকে কিছু বেশী-ই....।












**********************************************************




চন্দ্রাণী গোস্বামী

জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তাঁর কবিতার বই----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন