বনশ্রী রায় দাস * দুটি কবিতা
দ্বিচারিতা
সুখের জন্য আর কতদূর হাঁটা যায়
কখনও জলপোড়া তুকতাক
এদিকে পথের ধুলো ক্রমশ লাল
উঠোনের জবা গাছটি শীর্ণ ----
ঠিক আমার মায়ের শুকনো চোখ
শুধু শোকের ভিতর বিশ্রী ছায়া
মাথাচাড়া দিয়ে ওঠে
ঘোর
জানিনা ঘাম দিয়ে জ্বর কবে কাটবে
মাছরাঙার ঠোঁটে গুমোট ,
কৃষ্ণমেঘে বিদ্যুত বিচ্ছুরন
কেন পুড়িয়ে দাও গো ভিতর ভিতর ?
তোমার লাগানো লেবুফুল
এখন যুবতী-গন্ধ ছড়ায়
জলের ওপর দু দুটো চায়ের কাপ
বিনম্র ঠোঁটের চুম্বন শেখায়
গরমভাতের আহ্লাদি গান
জড়িয়ে ধরে আদর করে
কিছুই শেষ হয়ে যাওয়ার নয়
যতদিন যায় তীব্র হয় অপেক্ষা ও ঘোর
**************************************************************************************************
জন্মস্থান: অখণ্ড মেদিনীপুর জেলার তামলদা গ্রামে। শিক্ষা : ইতিহাসে স্নাতক বিদ্যাসাগর ইউনিভার্সিটি।প্রকাশিত কাব্যগ্রন্থ ছয়টি। নৈঃশব্দ্যের বতিঘর । অনন্তের স্পর্শধ্বনি । মগ্ন জলের অন্তরা । বেদুইন মেঘের ইশারা। শূন্য প্রহরের স্বরগ্রামে। আদিম স্রোতের সংলাপ। প্রবন্ধ গ্রন্থ প্রকাশের পথে। পুরষ্কার ও সম্মাননা : অনন্তের স্পর্শধ্বনি কাব্যগ্রন্থের জন্য " নবপ্রভাত " রজতজয়ন্তী সম্মাননা ও পুরস্কার ২০১৭ " মগ্ন জলের অন্তরা " লাভ করেছে " ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার "২০১৯ । দুই বাংলার অক্ষরকর্মী পদক । "যদি জানতে" সম্মাননা গ্রহণ ২০২১ সালে । "পাইওনিয়ার শ্রুতি সন্ধ্যা'র" পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ কবি সম্মাননা ও পুরস্কার লাভ ২০২২ ।"শব্দরেণু " সম্মাননা --- ২০২৩ ইত্যাদি





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন