ডুমুরের ফুল
শঙ্খশুভ্র পাত্র
ভোর তো বিধেয় মাত্র৷ ধ্যেয় নয়? অধ্যয়নে তাকে
আপন প্রকৃতি করো৷ সংগোপনে রাখো তার দ্যুতি৷
অস্থির ভ্রমণ নয়— কত যে মধুর দৃশ্য ফাঁকে
ঘুঘুর ডাকের মতো জাগিয়ে তুলছে অনুভূতি৷
দরজা দরাজহস্ত৷ হাওয়ার তো নেই কোনও বাধা৷
জানালা তাকিয়ে আছে৷ অপেক্ষায় কেউ কি আকুল!
বুক জুড়ে ঢেউ— জানি, নদী তো জীবনভর রাধা৷
কুহেলি কথায় নয়— কী জানি সে 'ডুমুরের ফুল'!
বলেছ, নির্বাণ, আহা! নির্মাণে সে মুক্তি, উপশম...
কবিতা খুঁজেছে শুধু— এই এক পরিত্রাণ, কালী!
তোমার পায়ের নীচে সুন্দরতা, স্থাবর-জঙ্গম
সবই একাকার৷ মন৷ সাদা পাতা, অফুরন্ত কালি৷
মানিনী, মানি তো, মৌন— মধুকরে যত ইচ্ছে, গান
ভোর জানে: প্রজাপতি, প্রস্ফুটিত ফুলের বাগান...
********************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন