মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দ মোদক






*বিন্ধ্যবাসিনী মন্দির*

গোবিন্দ মোদক


বিন্ধ্যবাসিনী মন্দিরের চাতালে 

মাঝরাতে জন-পাঁচেক মাঝবয়সী

অ্যালকোহলিক কিছু কথাবার্তা ছড়ায়

স্খলিত জুতো, অসংলগ্ন পদক্ষেপ …

ওদের খেউড়ে ভর করে ভোর আসলে 

জন-পাঁচেক পূজারী ফুল তুলে আনে 

ফুলের আলোয় সকাল ফুটলে 

জন-কয়েক দেবদাসী, ঘন্টাধ্বনি, 

মন্দিরের চূড়ায় প্রথম সূর্যালোক 

আর সমূহ ভক্তদের লাইন …

দুপুরের চাতালে সাদা শাড়ির 

জন-কয়েক বৃদ্ধা 

লুঙি-ফতুয়ার কিছু বৃদ্ধ 

আলগোছে সুখ-দুঃখের গল্প করে 

ধীর পদক্ষেপে 

ওদের চলে যাওয়ার অবকাশে

গোধূলির রূপটান

আরতি-সন্ধ্যা জ্বলজ্বল করে 

ধূপ, প্রদীপ, মোমবাতি … 

ফের ঘন্টাধ্বনি 

রাত হলেই আবার যে কে সেই 

মাঝরাতে জন-পাঁচেক মাঝবয়সী 

আর অ্যালকোহলিক কিছু কথাবার্তা …

বিন্ধ্যবাসিনী এ সব কিছুর মাঝেই আছেন

আমাদের ঠাকুর হয়ে।



***************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন