সাধন চৌধুরী * দুটি কবিতা
জলের আখরে লেখা
সংশয়ে ফিরিয়ে দিয়েছি তাকে, স্রোতে—
স্থিরজলে তুলেছিল উজাগর ঢেউ
দুষ্ট কামঠ ভেবে জলে নামিনি
সংশয় আমার কাল হল—
পোড়ামন, অজুহাতে ভুলেছি দৈনিক
অনৈচ্ছিক কৃতকর্মের ব্যাপৃত ভুল
কিছু তার নির্বীর্য হাহাকারে ভাঙে
আর কিছু উসকে দেয় পরকীয়া স্মৃতি
অবশিষ্ট মরাকান্না প্রান্তজনের
জলের আখরে লেখা পাতাল প্রণয়
প্রণয় শেখাও তাকে
ব্যবহার শিখিনি বলে পিছলে গিয়েছে দ্যুতি
একটি সঙ্কেত রেখে ডুবে যায় অভিপ্রায়
প্রতি শব্দে এত জল প্রণয়ের মতো ঝরে
বিলম্বে বুঝেছি তার নিয়ত ভণ্ডুল ;
হরেদরে অপচয় ইচ্ছামৃত্যু প্রায়শই
আমার ইচ্ছেয় যার নিত্য আনাগোনা
তবু তার এমন ওজর, প্রতিমার অবয়বে
নমস্য সেই-ই যেন ; ফেরানো যাবে না—
দারুময় খালি বুক, স্পর্শযোগ্য নয়
ছলনা অনেক হল, তাকে প্রণয় শেখাও—
*******************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন