ভগবানের বিচার
প্রদীপ কুমার দে
-------------
সাতভোরে চোখ মেলে দেখি একি? এত সুন্দর স্থান? এ কোথায় আমি?
কর্কশ চুল দাঁড়ি গোঁফওলা ষন্ডা মার্কা এক লোক ততোধিক কর্কশ স্বরে ছিল্লাল,
-- তুমি স্বর্গে তবে বিচারাধীন যমরাজের আন্ডারে! ভগবানের এসে বিচার করবে।
-- কেলো করেছে, আমি কি স্বপ্ন দেখছি।
যম নামক লোকটা একরকম হেড়ে গলায় জানালো,
-- তুমি একটি উজবুক, তদুপুরি অর্বাচীন।
বুঝলাম লোকটি অতিশয় বদমাশ! কথা না বাড়িয়ে নিজেই একবার পুরো ঘটনা নিজেই ঝালিয়ে দেখি তো .....
................................
হ্যাঁ, মনে পড়েছে, গত রাতে আমি আমার স্ত্রী অলকার এক যুবতী বন্ধু রূপসীর বাড়িতে গেছিলাম। রূপসী ডেকেছিল তাও আবার লুকিয়ে, মানা করে দিয়েছিল বউ মানে ওর বন্ধু যেন না জানতে পারে।। আমি কৌতূহল চেপে আনন্দ পেয়েছিলাম কিছু একটা আমার অনুকূল প্রাপ্তি হবে নিশ্চিত, এটা ভেবেই।
রূপসী অপূর্ব সুন্দরী। বিবাহ হয়েছে পাঁচ বছর। স্বামী অকর্মার ঢেকি। বাচ্চা নেই। ওদিকে রূপসীর শশুর শাশুড়ি আর অপেক্ষা করতে রাজি নয় তাদের নাতি নিদেনপক্ষে একটা নাতনি চাইই চাই। না হলে ছেলের আবার বিয়ে দিয়ে দেবে। রূপসী জানে তার স্বামী অক্ষম, কিন্তু ওর মা বাপ তা তো আর জানে না।
রূপসী তাই আমায় ডেকেছে। লুকিয়ে লুকিয়ে।
যেতেই হাউমাউ করে কেঁদে উঠল,
-- দাদা বাঁচান, উপায় নেই। কেউ জানবে না, আমার আর কোন পুরুষ বন্ধু নেই। আপনি আমায়, একটা বাচ্চা, মানে লুকিয়ে লুকিয়ে, মাইরি বলছি কেউ জানবে না, অলোকাও জানবে না।
-- ছি : ছি : এটা কি করে হয়?
-- কোন ব্যাপার নয়, সব আমি সামলে নেব।
ব্যস হয়ে গেল। আর কিচ্ছু করার নেই। যুবতীর অলঙ্ঘনীয় ডাক! উপেক্ষা করার উপায় নেই, যদিও আমার মনে ইচ্ছে প্রবল। সুযোগ বলে কথা? এ সুযোগ কেউ হাতছাড়া করে?
আমি কেমন বোকা দেখুন। আসলে অতি চালাকির গলায় দড়ি! ভাবলাম বৌকে একটু আলতো করে ভুলভাল কথা জানিয়ে রাখি। তাই বাড়ি ফিরেই আমার অলকাকে কায়দা করে বললাম,
-- এখন ভালবাসা বলে তেমন কিছু নেই। সবাই স্বার্থপর। শুধু নিজেরটা বোঝে। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ আর সন্দেহ আর চালাকি।
অলকা আমার দিকে একবার তাকিয়ে নিজের মোবাইল দেখতে লাগল।
আমি এইটাই চাইছি, যেন ও এদিকে বেশি ধ্যান না দেয়, তাই কায়দা করে চাল দিলাম,
-- আচ্ছা অলকা, আমায় তুমি সন্দেহ কর? আর যদি আমার নামে উল্টোপাল্টা কিছু শোনো তাহলেও কি সন্দেহ করবে?
অলকা চুপ। অন্যমনস্ক। যেন শোনেই নি। আমি উসখুস করছি দেখে নিল, তারপর আচমকা মুখ তুলে মুখ খুলল,
-- আমি সন্দেহ করে কিছু পাবো না, তার থেকে ভগবানের উপর বিচার চাইব। উনি তো সব দেখেন সব জানেন। তেমন সন্দেহ হলে তোমাকেই ওনার কাছে পাঠিয়ে দেব। উনিই বিচার করে দেবেন।
..............................
ওহঃ! সব বুঝে গেছি। কাল খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর একবারে এই স্বর্গে, ভগবানের বিচারের অপেক্ষা করছি। মানে অলকা খাবারে বিষ দিয়ে দিয়েছিল। ও কি সব জেনে গেছিল?
জানিনা, কিন্তু ওই তো ভগবান আমার দিকেই এগিয়ে আসছ ......


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন