মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গল্প * দেবাশীষ মুখোপাধ্যায়

 




আলোমাখা 

দেবাশীষ মুখোপাধ্যায় 


ঘন্টু আমার প্রতিবেশী --আমার অবসরের বন্ধু।বয়স দেড় বছর।সকাল সন্ধা ওকে নিয়েই কাটে অনেকটা সময়।ওর হাসি কান্নায় যেন ঈশ্বর খেলে বেড়ান আমার ঘরে।

সেদিন কিচেনে জলের বোতল আনতে যেতেই দেখি একটা টিকটিকি দরজার পাল্লায় চেপে গিয়ে মেঝেয় উল্টে পড়ে আসে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম, বুকটা ওঠানামা করছে।প্রাণ আছে, ওরে প্রাণ আছে।

আপনজনের পর পর মৃত্যু দেখে আজকাল এসব দেখলেই বুকের ভেতর থেকে একটা কান্নার দলা যেন ছিটকে বেরিয়ে আসতে চায়।কোৎ করে গিলে ফেলতে থাকি।বোতল থেকে একটু জল নিয়ে টিকটিকিটার মুখের ওপর দিলাম। যদি  বাঁচে !

কোন প্রতিক্রিয়া না দেখে সোফায় এসে বসলাম ঘন্টুর পাশে। ঘন্টু দেখলাম অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। হয়তো চোখে জল দেখেছে! আমার গায়ে হাত রেখে ওর আবোলতাবোলে কিছু বললো আমায়।তারপর সোফা থেকে নেমে সোজা গেল টিকটিকিটার কাছে।বিজ্ঞের মতো কিছুক্ষণ টিকটিকিটার দিকে চেয়ে থেকে আমার পাশে রাখা বোতলটা তোলার চেষ্টা করল। টিকটিকিকে ও ভীষণ ভয় পায়। '  টিকি ' আসছে বললেই ওর বদমায়েশি খতম -- ভয়ে " কোয়ে কোয়ে" বলে কোলে ওঠার আবদার তখন। সেই ঘন্টু ভয় না পেয়ে একদম টিকটিকির কাছে। বুঝলাম, কার্টুন দেখতে দেখতে ও আমাকে দেখেছে।বোতলটাকে  নিয়ে ওর  টানাটানি  আর টিকির দিকে তাকান থেকে বুঝলাম সব।বোতলটা খুলে ছিপিতে একটু জল দিতেই ও ছুটে গিয়ে টিকির গায়ে ফেললো। স্তম্ভিত হয়ে গেলাম। ঘন্টুও ওর ভয়ের টিকিকে বাঁচাতে চাইছে! চোখের সামনে দেখলাম ঈশ্বর মাটিতে নেমে এসে তার সৃষ্টিকে বাঁচাতে চাইছেন।'টিকি 'নড়ে উঠতেই ও চিৎকার করতে করতে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। ওর একমুখ হাসি দেখে বুঝলাম, আজ ওর এ চিৎকার ভয়ের নয়, আনন্দের। ওকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম চেপে রাখা দীর্ঘদিনের কষ্টের স্বাধীনতায়।




  *************************************************************************************        




দেবাশীষ মুখোপাধ্যায় 


 রয়েল কমপ্লেক্স ,কাঠালবাগান ,উত্তর পাড়া, হুগলী থেকে লিখছেন। পেশা: শিক্ষকতা ,নেশা : কলম চারিতা ,সাপলুডো খেলা শব্দ নিয়ে ,অণুগল্প ,ছোট গল্প ,কবিতা, প্রবন্ধে  সুখ-দুঃখ ,হর্ষ-বিষাদ, আড়ি ভাবের অনুভবে থাকা ,জীবনের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শ মনন, যাপন ও শীলনে.. স্বপ্ন: পৃথিবীকে ভালবাসার যৌথ খামার বানানো..দিক চক্রবালে হিরণ্যগর্ভ আলোর খোঁজ ..পাখি ,গাছ আকাশের সাথে মন কি বাত.. সূর্যের নরম আলোয় সুখের আবিরে মানুষের সাথে হোলি খেলা..




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন