মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মল্লিকা দাশগুপ্ত





উদাসীন চাঁদ 

মল্লিকা দাশগুপ্ত 


দুঃখের নিজের বাড়ি নেই বলে,

একটু উষ্ণতার জন্য –

ভুল আঙুলের স্মৃতির ফর্দে সে

মুঠো মুঠো সুখকে অগস্ত্য যাত্রায় পাঠায়।

চাঁদের কপালে দীঘি-চোখ নিশ্চুপ সময়ে তৃণ আঁকে দুঃখ-

ক্ষীরের সমুদ্রে।


পুরনো চিঠির ঝাঁপি যেন শুকনো শিশিরে ভারহীন, 

বিলাবলে কোনো "তুমি" পড়ে নেই বলে 

কী ভীষণ গোপনে বেঁচে আছে যাযাবর কররেখাপথ!

আয়ু আর ইচ্ছেয় নিয়তির ইশারায় 

শূন্য হাতের গাণিতিক উত্থানে যেন অদম্য আকুতি,

জাতিস্মর স্মৃতির মায়াবী পরশে স্তরে স্তরে ক্ষমার মুঠোয় 

"আত্মদীপ ভব"!


আলোর পরাগ মোমের উষ্ণতায় খোঁজে অবুঝের স্বাক্ষর,

নিটোল নৈঃশব্দ্যে নীরব মোক্ষণে অক্ষর শিখীপাখা। 

আবেগের অপচয় ভেবে উদাসীন চাঁদ পাশ ফিরে শোয়,

নেই শব্দে কথা বলে অলীক প্রণয়...






***********************************************************************************************************




মল্লিকা দাশগুপ্ত 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ডক্টরেট ডিগ্রি অর্জন। প্রকাশিত গ্রন্থ "সজনীকান্তের শনি ও রবি" এবং যৌথ কবিতার বই "অথ আনন্দ বৈঠা"। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন