কবিতাগুচ্ছ * দেবাশিস সাহা
১.
আগুনের কি দুঃখ হয়
সব তরবারি খুব নিচু হয়ে আসে, এমন ধারালো কথার স্রোতে ভেসে যাচ্ছিল যতিচিহ্ন, অথবা চিহ্ন- টিহ্ন কিছুই না, বিরল শূন্য এক ভাসছিল পৌনঃপুনিক... বেলা কিংবা অবেলা তাকে তুমি যা-ই বলো কিচ্ছু যায় আসে না ---এমন ভঙ্গিতে ঠোঁটের কোণে লেগে থাকা অবশিষ্ট কমাটুকু বলল দু'-হাত তুলে, আগুনের কি দুঃখ হয় পোড়াতে এলে পিয়ানো হারমোনিয়াম, যে সর্বনামের আড়ালে চাঁদ উঠল না, সেখানে কারা এত মেঘ রেখে গেল...দুঃসাহস উঠে বসে শিরায়, লোহিত কণিকায় প্রবল টর্নেডো
২.
একটা ছেঁড়া লোক
একটা ছেঁড়া লোক
লক্ষ অলকানন্দা মুঠোয় চেপে খুব হাসছে।
তার হাসির কিরণ এ ডালে --ও ডালে, এ পাড়ায় --ও পাড়ায় দোল খেতে খেতে আমার সামান্য
ডাল-ভাতেও
ব্যাকরণ বই থেকে অনেকক্ষণ আগেই উঠে এসে
ণত্ব ও ষত্ব বিধান
মাত্রাবৃত্ত কি অক্ষরবৃত্ত এ-ওর মুখের দিকে চেয়ে।
দিন-মাস-বছর শিকেয় তুলে
হুমড়ি খেয়ে
তিনশো পয়ষট্টি দিন...
টালমাটাল অক্ষরেখা-দ্রাঘিমারেখা
পায়ে পায়ে ছেঁড়া লোকটা ছুটছে অন্তহীন পথ
৩ .
মৎস্যপুরাণ
মাছ নিভেছে, ময়ূরও ...
তবু, রুই কাতলা না-হোক জোয়ার ভাটায়
দু'চারটে ট্যাংরা-পুঁটি
উঠে এলেও
আঙুলে আঙুলে মেঘ সাঁতরায়
খুব কাছেই দাঁড়িয়ে রয়েছ তুমি
মনে হয়
তোমার দাঁড়ানোর ভেতর
আমার যাবতীয় সন্ধি - সমাস
চুপটি করে
এক মাঠ তারা, অরণ্য উপচে পড়া পাখি
গুনে শেষ করা যায় না এত নদী
তোমার দুহাত-ভরা
আমার গোপন ব্যথাটি টনটন করে ওঠে
কোনও পৃষ্ঠাতেই লেখা নেই
পাতার পর পাতা উল্টে কয়েকটা জন্ম
খুঁজে খুঁজে যাওয়া
দু'-চোখের বেশি চোখ জ্বেলে
তোমাকেই দেখি
৪.
অব্যয়
একটা শুকনো পাতা কত কী বলবে বলে বুকের কাছে উড়ছে।
কার চিৎকার মেখে ঘামছে প্লুতস্বর
কিছুটা হরিণ চেটে নিয়ে দ্বিধান্বিত ঠোঁট পাড়ি দিল রক্তনদী।
এই তো সময়, অনভূ ছুঁয়ে ওড়াও তোমার বর্ণমালা
মেঘে মৃত্তিকায় মাখামাখি রুমাল উড়ুক আরেকটি সূর্যোদয়।
পথ তো জানে পথিক আমি অবিনশ্বর
শূন্য মুঠোয় কিছুটা অব্যয় ছটফট করে
ছেঁড়া শার্ট, পাঞ্জাবির ফুটো সারাটা দিন গজল
হয়ে বাজে।
****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন