রবীন বসু * দুটি কবিতা
শুধু একবার তোমার মুখ
একদিন তোমাদের বাড়ির উঁচু পাঁচিলে
উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলুম মাটিতে।
একদিন তোমাকে ‘ভালবাসি’ জানিয়ে
চিঠি দেব বলে স্কুলপথে ঠায় দাঁড়িয়ে ছিলুম
তুমি সেদিন স্কুল এলে না—
তোমাকে একপলক দেখার জন্য কত অপেক্ষা,
কত সময় ব্যয় করে এখন আমি বহুদূর—
জীবনের মাঝপথে এসে কর্পোরেট হাউসের
কাঁচঘেরা ঘর বসে আকাশ দেখি—
যদি মেঘের মধ্যে তোমার মুখের আদল ভাসে!
এখন আমার চারপাশে অনেক মেয়ে
বাড়িতে আমার স্ত্রী, সন্তান আছে—
তবু ঘাড় উঁচু করে তোমার বাড়ির
পাঁচিল টপকাতে যাই
একবার, শুধু একবার দেখব তোমার মুখ…
প্রেমে ভিজব বলে
মেঘের দিকে গলা তুলে বলি, তুমি ঝরে যাও
বৃষ্টির দিকে হাত বাড়িয়ে বলি, ভিজিয়ে দাও
আমার ইচ্ছে ও অনুভূতিগুলো স্নাত হোক—
শুধু তোমার দিকে হাত বাড়ালেই কেন
ধিক্কার ভেসে আসে? কেন চোখে আগুন
ঝরিয়ে বলো, ছিঃ !
তাহলে আমি কোথায় যাব? এই তপ্ত দুপুরে
খাঁ খাঁ শূন্যতা নিয়ে আমি কি মরে যাব!
মেঘের ভরসায়, বৃষ্টির আশায়, আর প্রেমে
ভিজব বলে তবে কি আমি দেশান্তরিত হব!
*******************************************************************************************************
রবীন বসু
জন্ম ১৯৫৮ দঃ ২৪ পরগনা। পিতা প্রমথনাথ, মাতা রাধারানি বসু । সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে কলেজীবন থেকেই লেখালেখি শুরু। বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্র-পত্রিকা ও দৈনিকে লেখকের রচনা প্রকাশিত হয়েছে বা হচ্ছে l প্রকাশিত কাব্যগ্রন্থ ১৪ গল্পগ্রন্থ ৫, উপন্যাস ২, পকেট বুক ১, কাব্যোপন্যাস ১। এছাড়া সম্পাদনা করেছেন ৪টি গ্রন্থ। ১০০টির মতো সংকলন গ্রন্থে লেখকের রচনা সংকলিত হয়েছে।
পুরস্কার: মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮, দক্ষিণ ২৪ পরগনা জেলা সেরা গল্পকার ১৯৮৭, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার ২০১৯, কবি রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩, অন্নদাশঙ্কর রায় স্মৃতি সম্মাননা ২০২৩, নীলাক্ষর ও নবপ্রভাত সম্মান ২০২৫। কমলা মাহাত স্মৃতি পুরস্কার ২০২৫ ছাড়াও ৪টি জীবনকৃতি সম্মাননা ২০১৮,২০১৯, ২০২০, ২০২১।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন