মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুরজিৎ চট্টোপাধ্যায়





ইট, ইমারত, ইমার্জেন্সি 

সুরজিৎ চট্টোপাধ্যায় 


একটা মানুষের পাশে আরেকটা মানুষ,

পরপর দুটো ইট, কথাবার্তা নেই।


এভাবে ভাবলে শ্যাওলার গন্ধ লাগে বুকের 

চাতালে, বরং তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিলে

দূর থেকে উপভোগ্য হয় জীবনের উদগ্রীব চলাচল।


কোথাও যাবো না বলে পরাজয় লিখে রাখি 

গোপন খাতায়। পোয়াটাক ভুল বোঝাবুঝি, 

টুকরো আদা রসুনের কারসাজি মুখরোচক 

করে তোলে কার্যকরী বাঁচার নামতা।


ইটেরা অবশ্য জানেনা মালমশলার ঠিকঠাক 

হিসেব নিকেশ। ঠিকাদার আর মিস্ত্রির গোপন 

শলায় ওঠে নামে তাদের জীবন্ত বুকের ক্ষত।


একটা পুরো দালানের কাছে তুচ্ছ হয়ে যায়

ইটের সটান দাঁড়িয়ে থাকা, মাথা নিচু করে 

থাকা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে 

না। অথচ ইটেদের ঝগড়াঝাটি নিয়ে আতঙ্কে 

থাকে  ইমারত।


ইমার্জেন্সিতে ইটেদের মুখে সেঁটে দেওয়া হবে 

সম্পূর্ণ নির্ভরযোগ্য সেলোটেপ।

                     


************************************************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন