শিবালোক দাস * দুটি কবিতা
কবিতা, তোমার সংসার
কবিতা, তোমার সংসার
রৌদ্রহীন নয়,
তবে কাকে খুঁজে চলো
নিরন্তর আলো-ছায়ায়?
কার সাথে খেলো লুকোচুরি?
এভাবে গোপনে মিশে থাকা
রন্ধ্রে রন্ধ্রে—
দুচোখ ছুঁয়ে এক মুহূর্তে
বড় সত্য হয়ে ওঠো।
নিঃশব্দে ছড়িয়ে পড়ো
আমার পড়ন্ত বিকেলে…
তবুও যদি তোমাকে
আড়ালে নিবিড় হতে দেখি,
অপরাধ হবে না তো?
শব্দহীন কান্না
এযাবৎ বিক্ষিপ্ত থাকা
অর্থহীন নয়,
বয়ে যেতে হয় নিবিড়তায়।
ওগো আমার শব্দহীন কান্না,
এসো স্তব্ধ শরীর ছিঁড়ে—
ভুলিয়ে দাও সকল স্তব…
বাতাস পেরিয়ে দুহাতে
কেউ আর মুছে দিতে
চায়না।
আড়ালে সবাই তার
নাম দেয়—
কল্লোলিনী।
*************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন