সুধাংশুরঞ্জন সাহা-র দুটো কবিতা
কেউ কোথাও নেই
কেউ কোথাও নেই, এমনকি একটা গাছও না,
যে আমাকে কিছুটা শুশ্রূষা দিতে পারে।
শহরের যে পথে তোমার চলাচল ছিল,
সেই পথেই তো আমি চলাফেরা করি।
একাডেমি চত্বরে গেলে চেনা বকুল গাছ অবাক চোখে তাকায়,
ভিক্টোরিয়া পার্কে গেলে দীর্ঘ দেবদারু গাছ প্রশ্ন তোলে,
সার্কুলার ট্রেন এসে প্রিন্সেপ ঘাট স্টেশনে এসে থামলেই,
তোমার অনুপস্থিতি আমাকে ভীষণভাবে নাড়া দেয়।
সত্যি এমন কি হওয়ার কথা ছিল!
শ্বাসকষ্ট
প্রেমিকাকে খুন করার আগের মুহূর্ত পর্যন্ত
আদর করতে পারে যে সব পুরুষ,
কিংবা প্রেমিকের জন্য নিজের স্বামীকে
পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে যে সমস্ত নারী,
তারাই আবার অসম্ভব দক্ষতায় মুঠোয় পুরতে পারে,
শত্রু শিবিরের রথী মহারথীদের।
অবশ্য এটাও মিথ্যে নয়,
কিছু কিছু মানুষ এমন কিছু ঘটনা ঘটিয়ে বসে,
যা সবাইকে বিস্মিত করে!
ধরা যাক, বিবিরহাট থেকে বসিরহাট,
গড়িয়াহাট থেকে নিউটাউন,
টালির ঘর থেকে স্কাই রাইজ আবাসন,
তাদের বসবাস যে কোনো স্থানে হতে পারে।
কিন্তু তারা এতোটাই নির্মম ও উদাসীন
নাম থাকা, না-থাকা যে কোনো সম্পর্ককে নির্বিচারে হত্যা করতে পারে নীরবে।
সেসব নির্মমতার হদিস সবসময় আলোয় আসে না,
খুনিরা সাজা পায় না নানান আইনি মারপ্যাঁচে।
ফলস্বরূপ প্রেম, বিরহ ও অভিমানের মতো অনুভূতিগুলো
রীতিমত শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছে।
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০ ইত্যাদি।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন