রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গল্প * যুগল কিশোর দাস অধিকারী

 



ফাঁদ 

যুগল কিশোর দাস অধিকারী


বেচুদা গুম মেরে পার্কের এক কোণে বেঞ্চিতে বসে থাকে। পাশে একটা নেড়ি কুত্তা শুয়ে আছে। উনি একবার ওকে দেখে তো কুত্তাতাও ওনাকে দেখে। দুজনের মধ্যে কিছু কথা না বলেও যেন  কিছু ভাবের লেনদেন হয়।দুজনের কোথাও হয়তো মিল আছে।

মনের মধ্যে গুমট ভাব , মেঘ করেছে  কিন্তু বৃষ্টি হচ্ছে না। মনের মধ্যে কেমন যেন অস্বস্তি। কিছু একটা কোন গোপন জায়গায় আঘাত করছে।তার পার্কের সঙ্গী ছড়িবাবু অনেক দিনের আলাপ। উনি জানেন যে ওনাকে একবার খোঁচা দিলেই বলতে আরম্ভ করবে, আরম্ভ করলে আর থামতে চায় না। খেজুর গাছে ঝোলান কলসিতে ঢিল মারলে যেমন হয়। পুরো রস গলগল না বেরোনো পর্যন্ত খান্ত হবে না।

তো ছড়ি বাবু ইচ্ছে করেই বেচুদাকে খোঁচা দিয়ে বললো । কি দাদা আজ বড় চুপ চাপ বাড়িতে কোন কেস খেয়েছেন নাকি?

বেচুবাবু পাত্তা না দিয়ে কানে পায়রার পালক দিয়ে চুলকোতে লাগলো, কিছু লোক আছে পারের বাড়িতে উঁকি মারতে ভালো বাসে। পরচর্চা ভীষণ মুখোরোচক। তাই বেচুদা কেমন চোখে ওর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন।

ছড়িবাবু আর একটু খোঁচা দিয়ে বলল কানের চুলকানি টা বেশ বেড়েছে নাকি?

 আরে দুরসালা তোদের জ্বালায় শান্তিতে দুদণ্ড পার্কে ও বসতে পারবো না।

শুধু লোকের বাড়ির হেঁসেলে উঁকি মারা অভ্যেস। তোকে বললে তুই কি বুঝবি? না কোন সুরাহা করতে পারবি?


না দাদা তবু মনের কথা কাউকে খুলে বললে মনের ভার খানিকটা হালকা হয়। আমার ও কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারি। দুঃখ ভাগ করলে অনেকটা ভার কমে যায়। এই । তুমি যদি বন্ধুর মত ভাব তাহলে বলতে পার ।


ঠিক আছে, তবে ধৈর্য ধরে শুনতে পারবি তো?

তা পারবো। আপনার কথা শুনতে বেশ লাগে, সময়টাও কেটে যায়।

তবে শুনতে থাক। মাঝ পথে পালাবি না।

দেখ খন্ড খন্ড ইট দিয়ে বহুতলের যেমন ভিত হয়। জীবনটাও তেমনি। সময়, সংগ্রামের ইট দিয়ে ধাপে ধাপে তৈরি পোড় খাওয়া ইমারত। আমা ইট থাকলে নোনা ধরে  খসে পড়ে পলেস্তরা। বহু জোড়াতাপ্পি দিয়ে ও তাকে পূর্বঅবস্থায় ফিরানো প্রায় দায় । হাল ছেড়ে দিই। জীবনের সব হিসেব নিকেষ মেলে না। ঠিক তো?

ছড়ি মাথা নেড়ে সায় দেয় তা ঠিক বটে।

আবার শুরু।

দেখবি জীবনের শেষে ব্যালেন্সশিট এ সম্পদের চেয়ে দায় বেশি।

 অবহেলা, স্বেচ্ছাচারিতার খরস্রোত, স্বার্থপরতার দুর্দমনীয় উচ্চাভিলাষ  শান্তির পারদ ক্রমশ নিম্নগামী হয়। হৃদয়ের লেনদেন, বাক্য বিনিময় যৎসামান্য, একছাদে থাকলে যা টুকু না হলে নয়! লোক দেখন হাসিমুখ নিয়ে কত ভালবাসির অভিনয় চালিয়ে যেতে হয়। এ যেন উইন্ডো ড্রেসিং অফ বালান্সশীট।

ও দিকে অন্তরের আগ্নেয়গিরির তরল লাভা যেন বাইরে বেরুতে না পেরে গুমরে গুমরে মরে।

উত্তাল হয়। বাইরের কেউ তার আঁচ পায় না। তখন সেই যন্ত্রনা ভোলার জন্য বাইরের তরল আগুন গলায় ঢেলে ভিতরের আগ্নেয়গিরিকে শীতল করতে হয় । ঠিক তখন লেগে যায় মাতাল তকমা।

এই দ্বিচারিতা, অভিনয়, বিপন্নতার হাত থেকে মুক্তি পেতে খোলা থাকে একটাই পথ   তা কি ? তা হল মৃত্যু!

ছড়ি বাবু মাথা চুকোচ্ছে। হাবার মতো তাকিয়ে কাঁচু মাচু হয়ে বলল দাদা - আজ কথাগুলো কেমন যেন ভারি ভারি ঠেকছে , ঠিক বুঝে উঠতে পারছি না। 

ওই জন্যই বলেছিলাম শুনতে পারবি তো।

ঠিক আছে আবার শুরু করুন ।

যন্ত্রনা দগ্ধ জীবন জীবন থেকে মুক্তি পেতে একটা রাস্তা খোলা থাকে  যা হলো আত্মহত্যা কিন্তু তা ও সহজলভ্য নয়। আত্মহত্যা করলে উৎসুক চোখ কেঁচো খুঁড়ে সাপ বের করবে, কি জন্য আত্মহত্যা  কে দায়ী  কি কারন আছে  ইত্যাদি ইত্যাদি। কি জ্বালা। মরে ও শান্তি নেই।

আর তুমি যদি বিশিষ্ট হও সে জ্বালা আরো বড়।

সাধারন হলে লোকে বলে এলেবেলে।  কোন এলেম নেই। কি ই বা করেছে জীবনে? সালা অকর্মার ঢেঁকি।তাই মধ্য পন্থাই শ্রেয়। না উপর না নীচ। বিশিষ্টরা বিচ্ছিন্নতার গভীরে নেমে সুড়ঙ্গএ হারিয়ে পথ গুলিয়ে ফেলে - কখনো আলো কখনো চরম অন্ধকারে ডুবে যায়। সেখান থেকে ফিরবে কি ফিরবে না তার কোন গ্যারান্টি নেই।তাই ভয়। অবিরত মানসিক ক্ষয়। ভয় থেকে নিশ্চিত পরাজয়।

জীবনে যখন জোয়ার- অনেক দেয়, ভাটার টানে সব ধুয়ে মুছে নিয়ে যায়। পড়ে থাকে কাদামাটি, বিবস্ত্র উলঙ্গ বেলাভূমি, কেউ তাতে সৌন্দর্য খুঁজে পায়, কেউ দেখে আবর্জনা, পায়ে পায়ে হাজার মানুষ হেঁটে যায় বুকে তার চিহ্ন ফেলে যায়। শত আবর্জনা বুকে নিয়েও সে থাকে নীরব, নিশ্চল। মরুভূমি দেখেছিস কোনদিন?

না তার সৌভাগ্য হয়নি।

মরুভূমিতে খুব তেষ্টা পায়, অভিযাত্রী জলের আশায় মরীচিকার পিছনে  ছোটে । কিন্তু জল পায় না। ক্লান্ত হয় ।উদ্যম উৎসাহ ক্রমশ হ্রাস পায়।শক্তিহীন হয়ে পড়ে।

ব্ল্যাকহোলের নাম শুনেছিস।

হুম শুনেছি কিন্তু স্পষ্ট ধারনা নেই ওই ভাসা ভাসা ।

 কৃষ্ণ গহ্বরে সব আলো পথ হারিয়ে ফেলে, মাধ্যাকর্ষণ ও নিষ্ক্রিয় প্রায়। 

বারমুডা ট্রা়াঙ্গেলের ট্র্যাপে  পড়লে  সব শক্তি নিষ্ক্রিয়, কোন যুক্তি কাজ করে না ,তখন ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই শ্রেয়।

ছড়িবাবু বললো দাদা মগজের গোড়ায় একটু ধোঁয়া দিই হাঁপিয়ে গেছি।

দে আমাকে ও একটা খাঁকি ছাড়।

আবার শুরু।

ফিরে যাই পরিবারে। এই পরিবার হল প্রাচীন সংস্থা এখন প্রাগৈতিহাসিক। মিউজিয়ামে রাখাই শ্রেয়। ডারুইনবাদ এর উপর প্রভাব ফেলে ক্রম বিবর্তনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিণত, পরিমাপে ও মননে।

পাথর ভাঙতে ভাঙতে যেমন ক্ষুদ্র বালুকনায় রূপান্তরিত হয়। দায়িত্ব, অস্তিত্ব, হৃদয়বত্তা, সহমর্মিতা, মায় হাসিঠাট্টা সব কিছুর ক্ষয়। মানবতার পরাজয়। বড় যান্ত্রিক - কেঠো।

সবেতেই ঠুনকো প্রত্যাঘাতের জন্য সর্বদা খড়্গহস্ত। বিচারের সূক্ষ্মতা নেই। পদে পদে অপরের দোষ খুঁজে।সুতীক্ষ্ণ কথার বাল্লমে পরস্পরকে বিদ্ধ করে । কেউ ছোট হতে চায় না। সবাই সবেতেই জিততে চায় -যে কোন কৌশলে। কিন্তু যুদ্ধে তো একপক্ষ হারে! অভিমন্যুর মতো মৃত্যু। আঘাতে আঘাতে দীর্ণ হতে হতে হৃদয় বস্তুটা নরম থেকে কঠিনে পরিণত হয়। সুকুমার বৃত্তি হারায়। মানুষ তার দুঃখ, যন্ত্রণা গুলোকে লুকিয়ে রাখার কুলুঙ্গি তৈরী করে, অবদমনের কৌশল রপ্ত করে। 

তুই উজান মাছ ধরা দেখেছিস? দু ধার দিয়ে অল্প অল্প জল ছাড়া হয় মাঝে গোলাকার গর্ত করা থাকে , মাছ যেই জল বেয়ে উপরে ওঠে অমনি ওই গর্তে পড়ে।

যে ফাঁদ পেতে ছিল সে ট্প করে ধরে হাঁড়িতে পুরে নেয়। কি বোকা না মাছগুলো!!!

আর না । কার যেন একটা লেখা ভীষণ মনে পড়ছে এটা শুনিয়ে শেষ করি...........


   তাহাদের দুঃখ গুলি মিশে যায় আকাশগঙ্গায়,

সোনারোদ ফুরালে চুপি চুপি অন্ধকার আসে ,

সংবেদন সোদাগন্ধ ভেসে আসে শিশিরের ঘাসে ,

ক্ষুদ্র নিয়ে খুশী থাকি, উপেক্ষিত বৃহতের ভাঁড়ে,

জাগ্রত সুসুপ্তি - সাদা থানে আজ ঢাকা পড়ে,

বেদনা স্পটিক অনায়াসে মিশে যায় সন্ধ্যাতারায়,

এ বিশ্ব অনন্ত রহস্যে ঢাকা  বড় মায়াময়।

অতি দুঃখে ও আঁখিতে আসে না আর জল,

অতি আবেগে ও কণ্ঠে আসে না সুর 

সব কিছু দিয়ে - আমি কি হয়েছি ফতুর?

আমাদের বিস্বাদ গুলো অভিনয় হাসি দিয়ে ঢাকা,

জীবনের প্রতিপদে ঠোক্কর খেয়ে, হয়েছি যে অভিনেতা পাকা।

তারা জানে ভালো করে যত কর ধানাই পানাই,

যত পাক অবহেলা পালাবার উপায় তো নেই।

এইখানে পাতা আছে কৌশলী ফাঁদ,

পালাবার বৃথা খোঁজ পথ,

এখানেই জীবনাবসান।



*********************************************************************************************************************



যুগল কিশোর দাস অধিকারী

 অবসর প্রাপ্ত কর্মচারী। বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইনচার্জ ছিলেন। ২০২১ এ অবসর গ্রহণ করেছেন। শিক্ষা M  Com, B Ed, Foreign Trade Mgt  । বর্তমান লেখালেখি বাগান, ও কিছু সমাজসেবা মূলক কাজ করেন।

গল্প * প্রদীপ কুমার দে

 



আদ্যাপাঠের মাহাত্ম্য

প্রদীপ কুমার দে


দরদর করে ঘামছি, মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম শরীর বেয়ে মেঝেতে টপাটপ করে ঝরে পড়ছে, অবশ্যই যদিও এখন গরম কাল। অফিস থেকে সবে বাড়িতে ঢুকেছি আর মোবাইলে খবর বেজে উঠলো, বাজনা থামিয়ে কলটা একসেপ্ট করতেই ওপর প্রান্ত থেকে প্রোজেক্ট অপারেটর ওমবাবুর ভারী গলা ভেসে এল,
--  বিপদ হয়ে গেছে স্যার, লোকটা মারা গেছে, হলের মধ্যেই ......

জামাপ্যান্ট ছাড়িনি। ভয়ে হাত পা ভিতরে। কুলকুল করে ঘামছি। এ আমি কি করলাম? সব দায়িত্ব যে আমার, আমি না ম্যানেজার? কারোর বারণ তখন শুনলাম না। সব্বাইতো মানা করেছিলো? এবার কি হবে? কি করে নিজেকে বাঁচাবো?

ভয়ে ইষ্টকে স্মরণ করা ছাড়া আর অন্য কোন গত্যন্তর ছিল না। তাই করলাম, পরিস্থিতি প্রতিকূল যে ....

মনমরা হয়ে গেছি। বাড়ির সকলেই বুঝে গেছে যে কোন কারণে আমি বিপদগ্রস্থ। দুশ্চিন্তার ছাপ যে স্পষ্ট প্রকাশমান আমার চোখেমুখে, অভিব্যক্তিতে।
ওরা জানার জন্য অধীর, ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল।

আমি হয়তো সবটা বলে হালকা হতেই চাইছি এবং বলতেই হবে, আর তখনই চমকে দিয়ে আবার মোবাইলাটা বেজে উঠলো, স্থানীয় একটি থানার ওসির ফোন, কন্ট্যাক্ট সেভ নম্বর সহ।

অপর প্রান্তের ওসির জাঁদরেল গলায় খোস মেজাজী সুর,
--  দাদা,  বাড়ি ফিরেছেনতো? সব শুনেছেন নিশ্চয়ই। টেনশন নেবেন না,চিন্তার কিছু নেই। সব ব্যবস্থা করে ফেলেছি। আমরাতো আছিই। কাল হলে আসুন, আমরা যাবো সব জানিয়ে দেবো। ডোন্ট ওরি, বি হ্যাপি, গুডনাইট।

আচমকা ফোন কেটে দিল। আমি আশ্বস্ত হয়েও হলাম না, ক্ষিপ্র গতিতে হলের ল্যান্ডলাইনের ফোনে কল লাগালাম। প্রথমবার বেজে গেল। কেই রিসিভ করলো না। রাত বারোটা বেজে গেছে। কি করি?
দ্বিতীয়বার করলাম। এক লাইটম্যান ধরলো,
--  হ্যাঁ স্যার, থানা থেকে বডি নিয়ে গেছে। ঝামেলা কিছু নেই। সব শান্ত! কাল আপনি আসলে ওরা আসবে, বলে গেছে ভয়ের কিছু নেই। .....

কিছুটা আশ্বস্ত হলেও অশান্তিতেই রইলাম। ভয় ক্রমাগতই যেন গ্রাস করে নিতে চাইছে। যতোই পাওয়া দুটি ফোনে আশ্বস্তের কথা ভাবি আর নিজেকে হালকা করে সাময়িক চিন্তা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে করি, ততোই কে যেন টেনে সেই ভয়ের সাগরেই আমাকে নিমর্জিত করে। ভাবলাম ঝামেলা একটা হবেই। থানার ব্যাপারস্যাপার আমার কাছে বেশ ঝামেলার। সেই কথায় আছে না,
' বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা '

যদিও এক্ষেত্রে এক‌টি কথা বলে রাখি নামীদামী সিনেমাহলে পুলিশের বিশেষ ব্যবস্থা রাখতে হয়। মনে রাখবেন সিনেমা হলের মালিকেরা যথেষ্ট ক্ষমতাশালী এবং শিক্ষিত হন যেটা আমরা অনেকেই জানি না। তাই তাদেরকেও অনেক প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে অনেক সুরক্ষার ব্যবস্থা রাখতে হয়। স্থানীয় থানার সঙ্গে সব বিষয়ে পূর্বালোচনা করে এগোতে হয়। সম্পর্ক গভীর আর মধুর হয়ে যায়। একই পরিবারের মতো, বিপদে ত্রাতার ভূমিকা নেয় থানা - পুলিশ। আর এই কাজটির মাধ্যম হন সেই হলের ম্যানেজাররাই। মালিকদের আর থানার ওসিদের মধ্যে সেতুর ভূমিকা নেয় এই ম্যানেজার। সর্বস্থানের কথা জানি না কিন্তু আমাদের মূল শহরের ক্ষেত্রে এই ব্যবস্থাই চলে। থানায় ম্যানেজারের ফোননম্বর সেভ থাকে প্রাধান্যতায়। নিত্যদিন টিকিট কাটা, ব্ল্যাকারদের ঝামেলা, মারামারি, গুন্ডামি, মাতলামি এইসব ছাড়াও অনেক অনেক ঝামেলা লেগেই থাকে। নতুন বই এলে এবং বই হিট করলেতো আর কথাই নেই। আমি সেই সময়কার কথাই বলছি যখন আমাদের কাছে সিনেমার জগৎ একমাত্রই এন্টারটেইনমেন্টের প্রধান এবং অবশ্যম্ভাবী বিষয় ছিল। আর সিনেমাহলটি যদি নামী এবং শহরের মূলকেন্দ্রে অবস্থিত হয়। আমি এরকমই একটি  বিখ্যাত হলের কথাই বলছি।

বিধ্বস্ত অবস্থায় আমি, পরিবার উৎকণ্ঠায়, সবাই সব কাজ ভুলে আমায় ঘিরে ধরলো, সত্যিই এবার সব জানাতেই হবে .....
ঘটনাটি বলতে শুরু করে দিলাম।

আজ হঠাৎই বিকালের শেষ দিকে ফোন পেয়ে আমার সিনিয়র জয়েন্ট ম্যানেজার প্রানদা আমাকে জানালো,
--  বিপদ হয়ে গেছে বুঝলে, বাড়িতে কাকিমা পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে, আমাকে এখনই চলে যেতে হবে...

--  সে কি?

--  হ্যাঁ। তুমি সামলে নাও আজ নাইটশোটা প্লীজ,

--  সে নাহোক হল, কিন্তু?

--  কিন্তু তোমার মুখে আজ আর আদ্যাপাঠ শোনা হল না।

এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি ওনার সাথে আমার এক মধুর সম্পর্ক ছিল। আমরা একই গুরুর শিষ্য।  আমি যা করি ওনার চোখে তাই ভাল। ওনাকে প্রায়ই আমার ফেরার আগে আদ্যাপাঠ করে আসতে হত। আমি বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সামালাই। উনি দুপুর তিনটে থেকে রাত দশটা সামলান।  ক্যাশের হিসাব আমাকেই নিতে হয় কারণ উনি ক্যাশ গুনতে পারেন না। প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হয়। হলে স্পেশাল লকার আর ব্যাংকের সাথে স্পেশাল ব্যবস্থা করা ছিল সব নিঁখুতভাবেই সাজানো, কোন অসুবিধার বা বিপদের আশংকা বহির্ভূত। তবে এখানে সে বিষয় অপ্রাসঙ্গিক বটেই।

উনি চলে গেলেন। টিকিটকাউন্টারে বলে দিলাম,
রাতের শোর টিকিট রাত নটা দশে বন্ধ করে বিক্রয়লব্ধ অর্থ যেন চটজলদি আমার ক্যাশ চেম্বারে নিয়ে আসে। ওরা আমায় ভালোবাসে, ওদের অনেকেই আবার হলের কোয়ার্টারেই থাকে। 

যথারীতি খুব তাড়াতাড়ি ওরা টাকা দিয়ে গেল। আমি গুনে বান্ডিল করে ব্যাংকের দেওয়া ট্যাগ লাগাচ্ছি, স্টেপল করছি, এমন সময়ে নীচের তলায় খুব চিৎকার হচ্ছে কানে এল। আমি অগ্রাহ্য করে নিজের কাজ সারতেই ব্যস্ত, বাড়ি ফিরতে হবে যে ...

কাজ প্রায় শেষের পর্যায়ে একজন সিকিউরিটি গার্ড দৌড়ে এল,
--  স্যার, আপনাকে একবার নীচে যেতে হবে। একটা লোক খুব ঝামেলা করছে।

-- আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি।

আমি গুপ্তধনের অন্দরে ঢুকে সব গুছিয়ে আমার বসার তিন তিনটি বসার যায়গা একেবারে সিল করে নামছি, যাতে নীচের ঝামেলা মিটিয়ে সোজা বাড়ির পথে এগোতে পারি।

সুদৃশ্য ঘোরানো সিঁড়ি দিয়ে নামছি আর দেখছি একটি সাস্থবান বেঁটে লোক খুব চেঁচাচ্ছে আর আমাদের হলের গার্ড, লাইটম্যান, ইলেক্ট্রিশিয়ান, মেশিম্যান ওকে না বুঝিয়ে ওকে ধমকিয়ে ততোধিক জোরে চিৎকার করছে।

আমাকে নামতে দেখে সবাই একটু সামলে নিল, একজন বয়স্ক স্টাফ জানালেন,
--  আসুন স্যার, দেখুন এই লোকটা টিকিট ছাড়া হলের মধ্যে  ঢুকতে চাইছে।

আমি সামনে যাওয়ার আগেই লোকটি বুঝেই আমার সামনে চলে এল। উগ্র পানীয়ের গন্ধে আমার নাসিকা জাগ্রত হলো। ব্যাপারটা বুঝতে আমি ওকে ভালো করে দেখলাম। 

ভালো জামাপ্যান্ট পরিহিত, গায়ের রঙ ফর্সা। দেখতে ভালো তবে বেঁটে, হাত পা গোলগাল। অবিন্যস্ত চেহারা, মাথার চুল এলোমেলো, একবার দেখে যেটা মনে হয় ও গরীব নয়। এত পরিমাণে আকন্ঠ পান করেছে যে সোজা হয়ে না পারছে দাঁড়াতে, না পারছে কথা বলতে।
জড়িয়ে জড়িয়ে জানালো,
--  স্যার আমায় বাঁচান, আমায় একটা টিকিট দিন।

আমি একজন  টিকিট ম্যানকে ইশারা করলাম, উনি জানালেন,
--  কাউন্টার তো বন্ধ হয়ে গেছে।

--  তাতে কি? একটা টিকিট এমনি দিয়ে দাও।

--  স্যার শেষ  টিকিট নম্বর দিয়ে প্রোডিউসার রেজিস্টার নোট করা হয়ে গেছে যে। কেস খেয়ে যাবেন। ইন্সপেক্টর হল ঘুরে দর্শক গুনে সই করেও দিয়েছে যে ....।

সত্যিই আমারই ভুল। এরা অনেক নিয়ম জানে। ফ্লিম ডিভিশনের ভিতর ঢুকলে তবেই বোঝা যায়, বাইরে থেকে সবকিছু  ভুল জানা হয়। টিকিট বিক্রির টাকা প্রোডিউসারের, হলের মালিকের নয়। আমরা পার্সেন্টেজে পাই। 

মাতাল বুঝেও অবুঝ। এবার আমার পায়ের উপর লুটিয়ে পড়লো,
--  স্যার যত টাকা লাগে নিয়ে নিন, আমার টিকিট লাগবে না, আমায় শুধু ভিতরে একটু ঠান্ডা হতে দিন, আমি সিনেমা দেখবো না। প্লীজ হেল্প মি। ভীষণ গরম লাগছে আমি মরেই যাবো ....।

হলের বিজ্ঞ অপারেটর আমাকে ইশারায় আবারও মানা করে জানালো
--  স্যার সাবধান। আমরা সবাই বিপদে পড়ে যাবো।

অন্যরা সবাই মানা করছে, 
--  লোকটা পাড় মাতাল ওকে সাহায্য করে লাভ নেই।

--  কিন্তু ও যে মরে যাবে। এটা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে?

--  সেটা ঠিকই।  আপনি ডিসিশন দিন ...

--  আমার কোটায় বসিয়ে দাও। আমি পাশ লিখে দিচ্ছি। 

ম্যানেজারের তেইশটা ভি আই পি কোটা থাকে। আমি লিখে দিলাম। লোকটি টলতে টলতে উঠে হলে ঢুকতে গিয়ে ঘুরে দাঁড়ালো, আমাকে পঞ্চাশ টাকার একটা নোট ধরিয়ে নমস্কার জানিয়ে গেল,
-- আপনি আমার ভগবান।

আমি হেসে ওকে পঞ্চাশ টাকা ফেরত দিলাম। ও অগ্রাহ্য করে পা টেনে টেনে হলে ঢুকে গেল। আমি টাকাটা একজনের হাতে দিয়ে বললাম বেরোনোর সময় ওকে দিয়ে দিও।

সবাই খুশী হল। বললো,
--  আপনার এই ক্ষমতা আছে আমাদের নেই। খুব ভাল হল। যান অনেক দেড়ি হয়ে গেছে এবার নিশ্চিন্তে বাড়ি যান।

আমি হল ছাড়লাম। ঝামেলা মিটে গেছে। সবাই খুশী। ঝামেলা মেটাতে আমি একাই কাফি!

ঘন্টা দেড়েকের মধ্যেই এই সাফল্যের হাসিটা আমার মুখ থেকে মিলিয়ে গেল যখন বাড়ি ফিরেই হল মারফত মোবাইলে ওই ব্যক্তিটির মৃত্যু সংবাদ পেলাম।

তারপর থেকেই ছটফটানি শুরু হল। খাওয়াদাওয়া গেল, সারারাত অনিদ্রায় দুশ্চিন্তার জাল বিস্তার হল। কখন সকাল হবে, কখন হলে যাবো? এই নিয়েই অর্ধমৃত অবস্থায় সময় কাটালাম।

যখন অফিস পৌঁছুলাম তখন হলের সব কাজ যথারীতি তার নিয়মেই চলছে, দেখলাম। অফিস ঘরে বসতেই সিনিয়র প্রোজেক্ট অপারেটর ওমসাব এসে হেসে আমায় সম্ভাষণ জানালো,
--  গুডমর্নিং স্যার।

--  গুডমর্নিং ওমবাবু  ....

--  কাল শো শেষের পর লাইটম্যান কালু গিয়ে দেখে ওই ভদ্রলোক চেয়ারে এলিয়ে পড়ে আছে। যারা ছিল তারা গিয়ে মুখেচোখে জল দিয়েও কিছু ফারাক বুঝে উঠতে পারে না। আমায় ফোন করে আমি থানায় ফোন করে জানাই। আপনাকেও জানাই কিন্তু আপনাকে অতো রাতে আর বেশি ঝামেলায় ফেলতে চাইনি। থানা থেকে দুজন এসে ওনাকে পরীক্ষা করে জানান সম্ভবত মারা গেছেন।ওনারা বডি নিয়ে চলে যান হসপিটালের উদ্দেশ্যে।
আজ আসবেন আপনার কাছে।  এসব নিয়ে ভাববেন না। সিনেমা হল মানেই ঝামেলার পীঠস্থান।

ওমবাবু মাদ্রাসী। খুব ভালো কাজ জানেন। আর অন্তর দিয়ে এই কর্মক্ষেত্রের হলকে ভালোবাসেন। হলের সব কাজে সব আলোচনায় মালিক ওনার সাহায্য নেন। আমার সাথেও মধুর সম্পর্ক। পাশের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। ওনার সহায়তায় হলের মধ্যে নিত্যপুজোর ব্যবস্থা আছে এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণের সিন্নি হয়। ব্রাহ্মন মাসোহারা ব্যবস্থায় রক্ষিত আছেন।

ফোনে ওসিকে জানালাম আমার আসার খবর।
ঘন্টা খানেকের মধ্যে এসে সেকেন্ড অফিসার নিচের কাঁচের চেম্বারে বসে বিস্তারিত জানালেন,
--  দেখুন এই সব মদেমাতালে লোকদের নিয়ে  চলতে চলতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আর টেনশন ফেনশন কিছু হয় না। আপনাদের মালিকরা এত স্বজন মানুষ, তার উপর যখন শুনলাম প্রানবাবুও নেই আপনিও নেই, তখন যা কিছু করার ব্যবস্থা করে দিয়েছি। কাগজপত্র করে হসপিটাল পাঠিয়ে দিয়েছি। পথেঘাটে মাতালের পড়ে হার্টফেল হওয়ার কেস খুবই স্বাভাবিক। খোঁজ নিয়ে জেনেছি ওর কেউ নেই তাই নোট দিয়ে চালান এরপর বেওয়ারিশ লাশ হিসাবে হসপিটাল তাদের কাজ তারাই করবে। আপনাদের কি করার আছে?
এই দুটি জিনিস শুধু আপনি রেখে দিন, একটি গোল্ডেন কালারের রিস্টওয়াজ আর এই একটি ছোট্ট মোবাইল।

আমি থতমত খেলাম। মৃত্যু সংবাদ আমাকে বড় পীড়িত করে তার উপর সদ্য গতরাতে যে আমার পায়ে ধরেছিল, তার মৃত্যু বড় বেদনাদায়ক লাগছে আমার কাছে।  আমি বড় আবেগপ্রবণ। মেনে নিতে পারলাম না। ব্যথিত, দুঃখিত। তার উপর এই জিনিসগুলো নেওয়া  আমার পক্ষে অসম্ভব ছিল,
আমি জানালাম,
--  প্লীজ,  এগুলো আমায় দেবেন না,  আমি রাখতে অপারগ। এসব আপনারাই রাখুন।

--  সরি স্যার , এসব আমাদের হেফাজতে নিতে গেলে অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হবে। লোকটি বেঁচে থাকলে রাখা যেত। আর আপনি কেন রাখবেন? এতবড় হলের কোন স্থানে ফেলে রেখে দেবেন। গুডবাই,  যা হবার হয়ে গেছে ভুলে যান, ওনার নিয়তি এটাই ছিল।

প্রানদাই মিমাংসার নিস্পত্তি করলো, মজা করে হেসে বললে, তুমিই তো ইয়াং উত্তরাধিকার! 

ওনারা চলে যেতেই অনান্য সকলেই মত দিল সামনের আলমারিতে রেখে দিতে। আমি সকলকে দেখিয়ে চকচকে ঘড়িটি আর পুরানো ছোট মোবাইলটা আলমারিতে সাজিয়ে দিলাম।

সবাই কাজে মেতে গেল। শো শুরু হবে, দর্শকদের ভিড় বাড়ছে, হিট হিন্দি বই চলছে। সবাই ব্যস্ত! আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম।

দিন আসে দিন যায়, মাস কাটে। ভবিষ্যতের খবরাখবর কেউ আগাম জানতে পারে না। আমার জীবনের শ্রেষ্ঠ রোমাঞ্চকর ঘটনাটি ঘটে গেল ঠিক এই ঘটনা ঘটার মাস তিনেক পর যখন আমি সব ভুলে গেছি।

একদিন অফিসে ব্যস্ত, উপরের ঘরে খবর এল,
--  স্যার, আপনাকে নীচে একজন খোঁজ করছে।

বিরাট হল। আমায় সর্বত্র বিচরণ করতে হতো। প্রানবাবু বাইরের  প্রয়োজনীয় কাজ নিয়েই ব্যস্ত। বারবার ওঠানামা করতেই হতো। কত লোক কত কাজে আসে। নিচে নেমে কাঁচঘেরা চেম্বারে বসতেই বেয়ারা আমার অনুমতি নিয়ে ভিতরে একজনকে পাঠালো।

লোকটি কাঁচের দরজা খুলে ভিতরে ঢুকেই একগাল হেসে আমাকে জিজ্ঞেস করলো,
--  কি স্যার,  আমাকে চিনতে পারছেন?

--   না ...

--  সে কি স্যার? ভালো করে দেখুন না .....

আমি দেখলাম বেঁটেখাটো পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর স্বাস্থ্যের উত্তরাধিকারী এক পুরুষ। আমি চিন্তার জাল বিস্তার করছি কিন্তু জাল টানতে পারছি না এমন সময়ে উনিই একগাল হেসে জানালেন,
--  কি মনে পড়ছে না সেদিন আপনিই আমাকে বাঁচিয়েছলেন নির্ঘাত মৃত্যুর হাত থেকে?

আমি চমকে উঠলাম। সত্যিই সে ঘটনা ভোলার নয়, মনে পড়ে গেল। কিন্তু একি শুনছি বা দেখছি, এযে অবিশ্বাস্য! লোকটি আবার হেসে জানালো,
--  আমিই সেইজন। সেদিন একটু বেশি নেশা করে ফেলেছিলুম, আর মাতালের কথার কি দাম? বলুন, কে শোনে? কিন্তু আপনি শুনেছিলেন তাই সেদিন আমি বেঁচে গেছিলাম।

আমি হতবাক। মুখ দিয়ে কোন শব্দ নির্গত হল না। লোকটিকে বারবার মাপতে লাগলাম। এবার যেন চেনা চেনা মনে হচ্ছে। পুনরায় সব সেদিনের কথা মনে পড়ে গেল। ততক্ষণে বাইরে কয়েকজন স্টাফ কিছু একটা অনুমান করেছে। আমি ওমবাবু সহ কয়েকজনকে ডাক দিলাম। ওরা এসেই কিন্তু চিনে ফেললো।

লোকটি সকলের সামনে জানালো,
--  হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি আসার সময় হসপিটাল কর্তৃপক্ষ বলে দিয়েছিল থানায় যেতে। ওরাই নাকি হসপিটালে পাঠিয়েছিল। আমি থানায় যেতেই বড়বাবু আপনার কাছে পাঠিয়ে দিল, অনেক উপকার করেছেন এবার যদি আমার ঘড়ি আর মোবাইলটা ফেরত দেন, তাহলে বড় খুশি হই। 

সবার চোখ আলমারিতে। চকচক করছে ওনার সম্পদ দূটি। সেদিন ওসির দেওয়া ঐ দুটি জিনিস যে আজ এত মুল্যবান হবে তা ভাবিনি তাই আমি বাধ্য ছেলের মতো হতবুদ্ধি হয়ে অজান্তেই ওগুলো বার করে ওনার হাতে তুলে দিলাম সঙ্গে সযত্নে রক্ষিত সেই পঞ্চাশ টাকার নোটটি। উনি আর একপ্রস্থ সকলকে নমস্কার জানিয়ে দ্রুতগতিতে বেরিয়ে গেলেন। পুরো ঘটনাটা এক নিমেষে ঘটে গেল, যেন কোন ভৌতিক রহস্যের শুটিং হয়ে গেল।

আমি দেখলাম আমার জ্যান্ত ঈশ্বর হেঁটে যাচ্ছে ...
বহুদিন আগের ঘামে ভেজা শরীর ঠান্ডা হল যে .....

ওমবাবু আমার নাম ধরে উচ্ছ্বাস প্রকাশ করলেন, হো হো হাসির শব্দে, সব্বাইকে নিয়ে খুশিতে হেসে উঠলো আনন্দে, প্রানের আনন্দে।
আর আমি ...? তখন আর 'আমিতে' নেই।

সিনিয়র ম্যানেজার কাম গুরুভাই কাম দাদা কাম বন্ধু প্রানদা ফিরতেই ওনাকে আদ্যোপান্ত সব জানালাম। উনি মাটির মানুষ, আমাকে আনন্দে জড়িয়ে ধরলেন, সঙ্গে আবদার করলেন,
--  আজ পুরো আদ্যাপাঠ করে আমায় শোনাতে হবে, আর অন্যদেরও সকলকে শুনতেই হবে ......
দিজ ইজ মাই অর্ডার। পিন্টু তুমি টাইপ করে নোটিশ ঝোলাও, এখনই। 

---------------------  আদ্যাপাঠের মাহাত্ম্য এটাই।

পুনশ্চ :
এটি একটি গল্পই। কাল্পনিক। সব চরিত্র আমার অকেজো মস্তিষ্কজনিত ফসল মাত্রই।




                       প্রদীপ কুমার দে


প্রদীপ দে বা পুরোনাম প্রদীপ কুমার দে, নামে কি আসে যায়, কর্মেই জীবনের পরিচয় যদিও নাম একটা লাগে সারাজীবনের স্বাক্ষী হিসাবেই, জন্ম যেভাবেই হোক হিসাব মিলিয়ে দেওয়াই ছিল যার কর্মজীবনের অঙ্গীকার, যেখানে অন্যের হিসাব মিলাতে গিয়ে নিজের হিসাব অগুছালো হয়ে যায়, তাতেও জীবনযুদ্ধে খামতি আসে না, টগবগিয়ে ছুটে চলে তার মনের সাধ আর ইচ্ছেগুলো।পিতা ছিলেন শিল্পী মানুষ স্বর্গীয় বনমালী দে আর মাতা তাঁরই সহযোগী স্বর্গীয়া মীরা দে।
মধ্যকলকাতার বইপাড়ায় যার জন্ম তার হাতে কলম উঠে আসবে এতে আর চিন্তার অবকাশ কোথায়? হাজারো প্রতিকূলতা কাটিয়ে অসম লড়াই চালিয়ে আজও কলমকে মনের মাধুরী মিশিয়ে জাগ্রত রাখার আপ্রান প্রয়াস যে জারি রেখেছি তার অকাট্য প্রমান আমার স্বরচিত আটটি গ্রন্থ প্রকাশের পর প্রাপ্ত আনন্দ।

_______________





অণুগল্প * উৎপলেন্দু পাল

 




একটি স্বপ্নের মৃত‍্যু 

 উৎপলেন্দু পাল 



বড়ো রাস্তার পাশের ঝোপে একটা ব‍্যাঙ আপন মনে পোকামাকড় খাচ্ছিল । আচমকা একটা ক্ষুধার্ত দাঁড়াশ সাপ কামড়ে ধরলো তাকে । ব‍্যাঙটা যন্ত্রণায় চেঁচিয়ে উঠলো , " ট‍্যাঁ - ট‍্যাঁ - ট‍্যাঁ ।" 

ব‍্যাঙের প্রাণ সঙ্কটে । কিন্তু তার বেঁচে থাকাটা খুবই জরুরি । মরবার আগে তার অনেক কাজ বাকি । সামনে শীতকাল , খেয়েদেয়ে প্রচুর চর্বি সঞ্চয় করতে হবে । তারপর একটা লম্বা শীতঘুম । বসন্ত শেষে জেগে উঠে আগামী বর্ষায় অসংখ‍্য ডিম পাড়তে হবে । নিজের বংশধরদের রেখে যেতে হবে এই পৃথিবীর বুকে তার পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য । মরবার ফুরসৎ কই ! 

সে প্রচুর টানাটানি করেও সাপের মুখ থেকে নিজেকে ছাড়াতে পারলো না । জীবনে সে অনেক লড়াই করেছে , কিন্তু এবারের এই অসম লড়াইটা একেবারেই অন‍্যরকম । অসম্ভব , তবুও তাকে এ লড়াই জিততেই হবে । সে লড়াই ছাড়বে না । এক দৃঢ় প্রত‍্যয় নিয়ে সে শেষ বারের মতো একটা চেষ্টায় মুখ ঘুরিয়ে নিয়ে একটা কামড় বসালো ঠিক সাপের চোখে । তীব্র যন্ত্রণায় কঁকিয়ে উঠে সাপটি ছেড়ে দিলো তাকে । ছাড়া পেয়েই ব‍্যাঙ মারলো এক লাফ । এ লাফ তার জীবনের সেরা লাফ । যে করেই হোক তাকে বেঁচে থাকতেই হবে । লাফ দিয়ে সে এক্কেবারে মাঝ রাস্তায় । 

ঠিক তখনি কোথা থেকে একটা বেয়াড়া টোটো গাড়ি এসে চেপে দিলো তাকে । তার সব স্বপ্নগুলো চ‍্যাপ্টা হয়ে গেলো গাড়ির চাকায় । তার স্বপ্ন দেখা চোখ দুটো ছিটকে বেরিয়ে গেলো শরীর থেকে । 

আসলে ব‍্যাঙেদের সাথে এমনটাই হয় চিরকাল । কত স্বপ্নেরই যে অকালমৃত‍্যু ঘটে । 


















******************************************************************************




 উৎপলেন্দু পাল 

আশির দশকের মাঝামাঝি সময়ে কলেজে পড়ার সময় লেখালেখি শুরু। কলেজ ম্যাগ, দেওয়াল পত্রিকা, শিক্ষক শিক্ষণ সংস্থার মুখপত্র, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দেওয়াল পত্রিকায় লেখালেখি। তারপর কর্মজীবনে প্রবেশের পর তা ক্রমশঃ বন্ধ হয়ে যায়। পুরোনো বন্ধুদের উৎসাহে আবার ফিরে আসা ২০১৮ সালে। ফেসবুক সহ বাংলা ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রচুর লেখা প্রকাশিত। বাংলা  একাডেমী  সহ বিভিন্ন সংস্থায় কবিতা  পাঠ করে প্রসংশিত। শিক্ষকতা ও পারিবারিক দায়িত্ব পালনের ফাঁকে লেখালেখি। একমাত্র প্রকাশিত কাব্য গ্রন্থ 'মনের উড়ান '। প্রকাশক 'নবলিপি প্রকাশন', কোচবিহার।  কোচবিহার শহরেই  বেড়ে ওঠা, পড়াশোনা ও বসবাস।  আগামী দিনে একটি মনের মতো কবিতা লেখার অপেক্ষায় সাহিত‍্য চর্চা চলবে।


অণুগল্প * ঈপ্সিতা রায়





অ-পরাজিতা  

ঈপ্সিতা রায়

অষ্টমীর সকাল। মাইকে পাড়ার মন্ডপ থেকে ভেসে আসছে ঠাকুরমশাইয়ের কণ্ঠ- ওম জয়ন্তী মঙ্গলা কালী....ড্রয়িং রুম থেকে রুদ্র তাড়া দিল কি-গোও হলো তোমার? অঞ্জলী শুরু হয়ে গেছে সেই কখন, সেকেন্ড রাউন্ড চলছে। একটু তাড়াতাড়ি করো। শাড়ীর আঁচলটা ব্লাউজের সাথে পিন করতে করতে অপরাজিতা বললো- হ্যাঁ আর পাঁচ মিনিট। শাড়ী পড়তে খুব ভালোবাসলেও রোজকার ব্যস্ত জীবনে শাড়ী আর সেভাবে কোথাও পড়া হয়ে ওঠে না তাই এই বিশেষ দিনগুলিতে শাড়ী পড়ার সুযোগ একদমই হাতছাড়া করে না সে। এই শাড়ীটা রুদ্র নিজে পছন্দ করে কিনে এনেছে, লাল রঙের ঢাকাই জামদানি- অপরাজিতার প্রিয় রঙ। ড্রয়ার থেকে অর্নামেন্টসের বাক্সটা বের করে ম্যাচিং নেকলেস টা গলিয়ে নিল ঝটপট। ঝুমকো টা নিয়ে বাঁ-কানে হাত দিতেই থমকে গেলো - তার বা কান যে আর দুল পড়ার উপযুক্ত নেই। সাত বছর হয়ে গেল, এখনও মাঝে মাঝে ভুল হয়ে যায়। অতীতে ফিরে যায় অপরাজিতা- ডিসেম্বরের এক শীতের বিকেলে কলেজ থেকে ফিরছিল, অটো থেকে নেমে মোড়টা পেরিয়ে গলির রাস্তাতে ঢুকতেই একটা জলের ঝাঁপটা এসে পড়ল মুখের বাঁদিকে, দুটো ছেলে বাইক নিয়ে বেরিয়ে গেলো পাশ দিয়ে। তারপরের ঘটনাগুলো ভালো মনে নেই, লোকজনের  ছুটে আসা, কয়েকটা অস্পষ্ট শব্দ- অ্যাসিড, জল, হাসপাতাল...কেউ একজন জল এনে মুখে গলায় জল দিতে লাগলো। তারপর আর বিশেষ কিছু মনে পড়েনা। যখন জ্ঞান ফিরলো হাসপাতালের বেডে শুয়ে। মুখে হাতে ব্যান্ডেজ জড়ানো। হাসপাতালের লড়াই শেষ হতে না হতেই শুরু হলো থানা, পুলিশ, কোর্টের লড়াই। জীবনে অনেক লড়েছে সে, আর এই প্রত্যেকটা লড়াইয়ে যে মানুষটাকে সব সময় পাশে পেয়েছে সে হলো রুদ্র। এই ঘটনার পর সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চায়নি অপরাজিতা, বড্ড লজ্জা লাগতো তার এই পোড়া মুখটা নিয়ে ওর সামনে দাঁড়াতে। প্রথমবার আয়নায় নিজের বিভৎস পোড়া মুখটা দেখে নিজেই আঁতকে উঠেছিল- যে মুখটা ও নিজে মেনে নিতে পারছে না সেটা অন্য একটা মানুষ কি-করে মেনে নেবে। শুরুতে মনে হতো এটা হয়তো সহানুভূতি, রুদ্র ওর ওপর দয়া করছে। খুব রাগ হত, নিজেকে আরও অসহায় মনে হতো। বহুবার চেষ্টা করেছে অ্যাভয়েড করার, যোগাযোগ বন্ধ করে দেওয়ার। কিন্তু ছেড়ে যায়নি রুদ্র। প্রত্যেকটা প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়েছে। যতবার হেরেছে ততবার রুদ্রই সাহস যুগিয়েছে- তাকে লড়তে হবে, সেই স্বাধীনচেতা ডানপিটে মেয়েটাকে হারতে দিলে চলবে না- মনকে শক্ত করতে হবে। যারা তার মুখে অ্যাসিড ছুঁড়েছিল আর যারা এই ঘটনার জন্য তার চরিত্র বিশ্লেষণ করেছিল তাদের সামনে দাঁড়াতে হবে হাসিমুখে। প্রমাণ করতে হবে অ্যাসিড শুধু তার মুখটা পুড়িয়েছে, তার অস্তিত্ব নয়। অপরাজিতার মাঝে মাঝে মনে হয় যারা তার দিকে অ্যাসিড ছুঁড়েছিল আর যারা এই ঘটনার জন্য তাকেই দায়ী করেছিল তাদের মানসিকতার মধ্যে কি খুব পার্থক্য আছে! এখনও মনে পড়ে কথাগুলো - 'ভালো মেয়েদের সাথে এসব হয়না'। শুরুতে খুব কষ্ট হতো, সমাজের বাঁকা দৃষ্টির সামনে নিজেকে বড্ড গুটিয়ে নিতে ইচ্ছে হতো। দীর্ঘ সময় লেগেছিল এই বাঁকা দৃষ্টির মুখোমুখি হওয়ার সাহস জোগাতে, সবার চোখে চোখ রেখে মাথা তুলে দাঁড়াতে। পড়াতে খুব ভালোবাসত, ইচ্ছে ছিলো টিচার হবে। বি.এড করে অনেক স্কুলে ইন্টারভিউ দিয়েও রিজেক্টটেড হয়েছে, অনেক কটূক্তির মুখোমুখি হতে হয়েছে- এরকম মুখ দেখলে তো বাচ্চারা ভয় পাবে, কেউ পড়তে চাইবে নাহ....অনেকেই বলতো অন্য প্রফেশনের জন্য চেষ্টা করা উচিত। অপরাজিতা নাছোড়বান্দা সে টিচার-ই হবে তাতে যত সময় লাগুক, যতবারই রিজেক্টটেড হোক না কেনো- পড়ানোর জন্য মুখ টা একমাত্র যোগ্যতা কখনোই হতে পারেনা। প্রত্যেকবার ব্যর্থ হওয়ার পর নিজেকে বোঝতো পরের বার নিশ্চয় হবে... বারো বার রিজেক্টটেড  হওয়ার পর অবশেষে সফল হয় সে। প্রথমবার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পায় সেদিন খুব কেঁদেছিল অপরাজিতা- এ কান্না বিজয়ের, প্রাপ্তির, স্বস্তির.....

দেরী হচ্ছে দেখে রুদ্র বেডরুমে ঢুকলো। অপরাজিতা অন্যমনস্ক হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে, রুদ্র এসে পেছন থেকে কাঁধে হাত রাখলো...মুখের কাছে মুখ টা এনে আয়নায় অপরাজিতার চোখের দিকে তাকিয়ে বললো- এই তো আমার 'অ-পরাজিতা '.....










 ***************************************************************                                      




ঈপ্সিতা রায়

জন্ম ১৯৯৫, উত্তর চব্বিশ পরগনা জেলায়।  কল্যানী বিশ্ববিদ্যালয়ের গণিতের স্নাতক। বর্তমানে রাজ্য সরকারের আধিকারিক। শৈশব থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক এবং তারই ফলশ্রুতিতে লেখালেখির শুরু। সাহিত্যের জগতে সদ্যাগতা।

অণুগল্প * প্রভাত ভট্টাচার্য





রহস্যময় অশ্বারোহী 

প্রভাত ভট্টাচার্য 


চাঁদনী রাত। নরম জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত। সেই সুন্দর এক আবহে বিশাল প্রান্তরের মধ্য দিয়ে চলেছে এক ঘোড়সওয়ার। দেখে মনে হয় ঈষৎ ক্লান্ত। বুঝি বা অনেক পথ পেরিয়ে এসেছে । সে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে। 

     তাকে দেখে কেমন রহস্যময় মনে হয়। সারা শরীর আবৃত কালো পোশাকে।  মাথায় কালো টুপি।  মুখ ভাবলেশহীন। ঘোড়াটাও কৃষ্ণবর্ণের । 

    একসময় চলা শেষ হল। একটা বড় ঝাঁকড়া গাছের পাশে গিয়ে অশ্ব দাঁড়িয়ে গেল। ঘোড়সওয়ার অবতরণ করল অশ্বপৃষ্ঠ হতে।  এখন   বিশ্রামের প্রয়োজন। 

   গাছের নীচে বসে ঘোড়সওয়ার কি যেন শুনল কান পেতে।  একবার আকাশের দিকে চাইলো মুখ তুলে। 

   দূরে শোনা যায় শ্বাপদের চীৎকার।  কিন্ত ঘোড়সওয়ার অকুতোভয়।  কোষমুক্ত তরবারি পাশে রেখে ঘুমিয়ে পড়ল সে। 

     রাত শেষ হল। উঁকি দিল ভোরের সূর্য। সূর্যরশ্মির সোনালী পরশে ঘুম ভাঙে ঘোড়সওয়ারের  । অসি কোষবদ্ধ করে সে প্রস্তুত হয় যাত্রার জন্য। 

    আবার চলতে থাকে রহস্যময় অশ্বারোহী। একটা কাগজ বার করে কিছু দেখে নেয়। মুখে তার স্মিত হাসি।











************************************"**************************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, রাজবাড়িতে রক্তপাত , ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর  তিনটি ভিন্ন ধরনের উপন্যাস - দশভুজা, কাগজের মানুষ ও মায়াবী গ্রাম। এছাড়াও তাঁর আর একটি মনভোলানো সৃষ্টি 'গুহা মানবের ডায়েরি'  



অনুবাদ কবিতা * জয়িতা ভট্টাচার্য

 




অনুবাদ কবিতা স্বরবর্ণের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগে ইতিপূর্বে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু কবির কবিতা পড়েছি, এ সময়ের  কবিদের অনুবাদে। বর্তমান সংখ্যায় আমরা  সিলভিয়া প্লাথ এবং আনা আখমাতোভা -র  কয়েকটি কবিতা পড়ছি কবি জয়িতা ভট্টাচার্যের অনুবাদে।


রাশিয়ার শ্রেষ্ঠ আধুনিক কবি আনা আখমাতোভা (১৮৮৯__১৯৬৬)।স্তালিন শাসনে তাঁকে বন্দী করা হয়  ।এরপর তিনি নিজের কিছু রচনা প্রকাশ করেন কিন্তু ১৯৪৬  আবার তিনি আক্রান্ত হন,তাঁর রচনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক হিসেবে নিষিদ্ধ করা হয়।১৯৪০ থেকে কুড়ি বছর তিনি নিরব থাকেন তাঁর পুত্রের রাজনৈতিক জেলবন্দী থাকাকালীন। এই সময় স্তালিন আমলে মৃত শহীদদের উদ্দেশ্যে তিনি তাঁর শ্রেষ্ঠ কাব্য দুটি লেখেন "রেকুইম" ও " পোয়েম উইদাউট হিরো"।তাঁর কবি হিসেব অনন্য নজির যে রাজনৈতিক সন্ত্রাসের কারনে তাঁর সমস্ত কবিতা তিনি শুধুমাত্র স্মৃতি শক্তি থেকে মনে রেখেছেন ,কিছু কিছু কবিতা তাঁর বন্ধুরা মুখস্থ করে রাখে।স্তালিন পরবর্তী আমলে এই লেখাগুলি প্রকাশিত হয়।শিল্পী মদিগ্লিয়ানি সহ রাশিয়ার তথা সমকালীন বিশ্বের কবি মহলে তাঁর জীবন ও কবিতা সমাদৃত হয়েছে।


একাকিত্ব 

আনা আখমাতোভা


এত  অগুন্তি পাথর নিক্ষিপ্ত হয়েছে আমার দিকে যে আর আমার ভয় করে না।

অতল স্পর্শ গহ্বর এখন নিরেট কেল্লা

উচ্চ থেকে উচ্চতম হয়েছ মিনার।

মিস্ত্রীদের নমস্কার!

করুণা কিম্বা খাতির ওদের জন্য নয়।


এখান থেকেই সূর্যোদয় দেখি আমি,

এখানে এখন গোধূলীর আলো নাচে

আর আমার ঘরের ভেতর ওড়াউড়ি করে

উত্তরের বাতাস।

আমার হাত থেকে গমের দানা খেয়ে যায় ঘুঘুপাখি..

স্বর্গীয় শান্তিতে কাব্যলক্ষ্মী আমার, 

তার গাঢ় কোমল সুক্ষ্ণ পংক্তিতে---

তারপর লিখে দেবে

কবিতার অন্তিম চরণ।


Solitude

Ana Akhmatova


So many stones are thrown at me

That I no longer cower,

The turret's cage is shapely,

High among high towers.

My thanks, to its builders,

May they evade pain and woe,

Here, I see suns rise earlier,

Here, their last splendours glow.

And often winds from northern seas

Fill the windows of my sanctuary,

And a dove eats corn from my palm…

And divinely light and calm,

The Muse's sunburnt hand's at play,

Finishing my unfinished page.



সবকিছু 

(Everything)

আনা আখমাতোভা


সর্বস্ব লুন্ঠন হয়ে গেলো।

প্রতারিত এবং বিক্রি হয়ে গেলো।

মাথার ওপর মৃত্যুর কৃষ্ণাভ ছায়া গিলে নিয়েছে যাবতীয় ক্ষুধা 

আর অতৃপ্তি।

কেন তবু সম্মুখে ওই আলোকরেখা জ্বলে?

দিন হলে শহরের নিকট ওই অরণ্য থেকে আসে চেরি ফলের 

সুগন্ধ, চেরির নিঃশ্বাস  যেন!

আষাঢ়ের গভীর স্বচ্ছ রাতের আকাশে এখন বিছিয়ে থাকে 

বুধসমাবেশ। 

পুনরায় ওরা চমৎকার সংগঠিত হবে 

অন্ধকারে ধ্বংস হবে।

কিছু একটা ঘটবে। 

কিন্তু কী,কেউ জানে না সেকথা,

কেউ না__

অথচ শৈশব থেকে আমরাই চেয়েছিলাম 

এইসব হোক!



Everything 

Anna Akhmatova 


Everything’s looted, betrayed and traded,

black death’s wing’s overhead.

Everything’s eaten by hunger, unsated,

so why does a light shine ahead?


By day, a mysterious wood, near the town,

breathes out cherry, a cherry perfume.

By night, on July’s sky, deep, and transparent,

new constellations are thrown.


And something miraculous will come

close to the darkness and ruin,

something no-one, no-one, has known,

though we've longed gor it since we were children.


স্বীকারোক্তিমূলক কবিতার জনারে যাঁর নাম অনস্বীকার্য তিনি আমেরিকান কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথ (জন্ম-অক্টোবর ২৭,১৯৩২)। এরিয়েল, কলোসাস প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থের নাম।তাঁর আম্মজৈবনিক উপন্যাস "বেল জার" পৃথিবী বিখ্যাত। ফেব্রুয়ারি ১১,১৯৬৩ তে তিনি অবসাদ জনিত অসুখে আত্মহত্যা করেন।তাঁর কবিতা সমূহের জন্য তিনি ১৯৮২ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পান।



টিউলিপ 

সিলভিয়া প্লাথ 


টিউলিপ এতো উত্তেজনাময়!

এখানে এখন শীত।

দ্যাখো,চারিদিক কেমন শুভ্র হয়ে আছে শান্ত চরাচর,সব 

বরফে ঢাকা।

আমি এখন শুয়ে শুয়ে  নৈঃশব্দ শিখি।

আলো এসে পড়ে দেওয়ালে,

খাটে,এই দুটি হাতে।

আমি কোনও বিস্ফোরক নয় ।

আমার নাম এবং প্রতিদিনের পোষাক তুলে দিয়েছি সেবিকার 

হাতে।

আমার ইতিহাস তুলে দিয়েছি চেতনা নাশকারীর

হাতে,শরীর তুলে দিয়েছি শল্যবৈদ্যের হাতে।


বালিশ এবং শয্যা-শেকলের মাঝে আমার মাথা,

যেন সাদা আবরনের মাঝে উন্মিলিত চক্ষদ্বয়।

সবকিছু ভেতরে রাখা।

সেবিকারা সুসংহত যাতায়াত করে সাদা টুপি পরে

যেমন করে শঙ্খচিল উড়ে যায় বদ্বীপ থেকে।

প্রত্যেকে এক রকমভাবে কাজ করে যায়।

ওরা কতজন সেকথা বলা তাই সম্ভব নয়।

আমার শরীর এখন নুরি পাথর,ওরা জল হয়ে ধুয়ে দেয়,যত্ন 

করে।যেন নুরির ওপর বয়ে যাবে তারা।

ওরা আমাকে অবশ করে দেয় সূচ ফুটিয়ে ফুটিয়ে

ওরা আমাকে ঘুম পারিয়ে দেয়।

আমি এখন হারিয়ে গেছি,

অসুস্থ হয়ে গেছি লটবহর বইতে বইতে ___

আমার সত্ত্ব এই চামড়ার কাঠামোটা রাতারাতি 

ওষুধের ডিবে হয়ে গেছে

পারিবারিক ছবি থেকে এখন হাসছে

 আমার স্বামী-কন্যা;

আমার গায়ে পেরেকের মতো ফুটছে সেই হাসি।


ত্রিশ বছরের মালবাহী নৌকো থেকে 

হাত ফস্কে পড়ে গেছে সব।

শুধু একগুঁয়ের মতো ওখানে লেগে আছে 

আমার নাম ঠিকানা।

ওরা আমার ভালোবাসার জনেদের ধুয়ে মুছে দিয়েছে।

ভীত এবং নগ্ন ওই সবুজ প্লাস্টিক মোড়া গদির ট্রলি থেকে

আমি দেখি আমার চায়ের সরঞ্জাম,শাড়ির ভাণ্ডার বইএর তাক 

সবকিছু হারিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে,

এখন মাথার ওপর দিয়ে  জল বইছে,

আমি যেন সাধিকা,

এত খাঁটি আমি আগে কখনও হতে পারিনি।


আমি কিন্তু কোনও ফুল চাইনি

শুধু মাথার ওপর হাত তুলে শুয়ে আছি শূন্য মন।

মুক্তি,তোমরা জানো না মুক্তির আনন্দ। 

এই মহাশান্তি তোমাদের অভিভূত করে দেবে।

আর কিছু লাগে না তখন।

একটা নামের  চালান,আর 

কয়েকটা কবজ,

শেষ পর্যন্ত একটি মৃত্যুর পরঌ এটুকুই পড়ে থাকে।


নতুন টিউলিপ এত লাল যে আমার লাগছে !

উপহারের মোড়ক ভেদ করে

ওদের নিঃশ্বাস শোনা যায়

ব্যাণ্ডেজের ভেতর থেকে যেমন

বেরিয়ে আসে অতিকায় শিশু। 

টিউলিপের লাল রং আমার দেহের সঙ্গে ভাব বিনিময় 

করে,রক্তে।

সুক্ষ্ম ওরা,মনে হয় ভাসছে,যদিও ওরা আমাকে ভারাক্রান্ত 

করে।

আমি  বিচলিত হই 

সহসা,ওদের লাল জিভের ছোবল বিদ্ধ করে,

এক ডজন শিসার তার যেন বিঁধে যাচ্ছে

 আমার গলায়!


আগে আমার দিকে কেউই ফিরে তাকায়নি 

এখন আমি নজরবন্দী।

আমার দিকে চেয়ে আছে টিউলিপ এবং

ওই জানলাটা,যেখান দিয়ে একবার করে আলো আসে চওড়া 

হয়ে আবার সরু হয়ে যায়।

আমি নিজেকে দেখি,

নিরস,বোকার মতো

সূর্য আর টিউলিপের মাঝে একটা ছেঁড়া কাগজের টুকরো 

আমি।

আমার মুখ নেই আর।আমি নিজেকে মুছে ফেলতেই 

চেয়েছিলাম। 

তাজা টিউলিপগুচ্ছ আমার শরীর

থেকে অক্সিজেন শুষে নেয়।

ওরা আসার আগে ঘরে

বাতাস যাওয়া আসা করত নিরবে

 শান্তি ছিলো।

তারপর টিউলিপগুচ্ছ এলো 

হৈ হৈ করে।

শুদ্ধ বাতাসের ঘুর্ণি বেড় দিয়ে আছে 

যেমন করে নদী ঘিরে রাখে অস্তমিত

 লাল সূর্যের ইঞ্জিন।

ওরা আমাকে মন দিয়ে দেখে,

দায় দায়িত্বহীন এই খেলা এবং বিশ্রাম দেখে।

মনে হয় দেওয়ালও নিজেদের মধ্যে উষ্ণ হয়ে উঠছে।

ভয়ংকর পশুর মতো ওই টিউলিপকে কারারুদ্ধ করে রাখা উচিত। 

ওরা আফ্রিকার সিংহের মতো হাঁ করে আসছে।

আমার হৃদয় আমাকে ভালোবেসে লাবডুব করে যায়।

আমি জানি।

সাগরের মতো উষ্ণ আর লোনা স্বাদ-- জল ,

কত সুদূরের রাজ্য হতে আসে যেন নিরাময় হয়ে।


Tulips

Sylvia Plath


The tulips are too excitable, it is winter here.

Look how white everything is, how quiet, how snowed-in.   

I am learning peacefulness, lying by myself quietly

As the light lies on these white walls, this bed, these hands.   

I am nobody; I have nothing to do with explosions.   

I have given my name and my day-clothes up to the nurses   

And my history to the anesthetist and my body to surgeons.


They have propped my head between the pillow and the sheet-cuff   

Like an eye between two white lids that will not shut.

Stupid pupil, it has to take everything in.

The nurses pass and pass, they are no trouble,

They pass the way gulls pass inland in their white caps,

Doing things with their hands, one just the same as another,   

So it is impossible to tell how many there are.


My body is a pebble to them, they tend it as water

Tends to the pebbles it must run over, smoothing them gently.

They bring me numbness in their bright needles, they bring me sleep.   

Now I have lost myself I am sick of baggage——

My patent leather overnight case like a black pillbox,   

My husband and child smiling out of the family photo;   

Their smiles catch onto my skin, little smiling hooks.


I have let things slip, a thirty-year-old cargo boat   

stubbornly hanging on to my name and address.

They have swabbed me clear of my loving associations.   

Scared and bare on the green plastic-pillowed trolley   

I watched my teaset, my bureaus of linen, my books   

Sink out of sight, and the water went over my head.   

I am a nun now, I have never been so pure.


I didn’t want any flowers, I only wanted

To lie with my hands turned up and be utterly empty.

How free it is, you have no idea how free——

The peacefulness is so big it dazes you,

And it asks nothing, a name tag, a few trinkets.

It is what the dead close on, finally; I imagine them   

Shutting their mouths on it, like a Communion tablet.   


The tulips are too red in the first place, they hurt me.

Even through the gift paper I could hear them breathe   

Lightly, through their white swaddlings, like an awful baby.   

Their redness talks to my wound, it corresponds.

They are subtle : they seem to float, though they weigh me down,   

Upsetting me with their sudden tongues and their color,   

A dozen red lead sinkers round my neck.


Nobody watched me before, now I am watched.   

The tulips turn to me, and the window behind me

Where once a day the light slowly widens and slowly thins,   

And I see myself, flat, ridiculous, a cut-paper shadow   

Between the eye of the sun and the eyes of the tulips,   

And I have no face, I have wanted to efface myself.   

The vivid tulips eat my oxygen.


Before they came the air was calm enough,

Coming and going, breath by breath, without any fuss.   

Then the tulips filled it up like a loud noise.

Now the air snags and eddies round them the way a river   

Snags and eddies round a sunken rust-red engine.   

They concentrate my attention, that was happy   

Playing and resting without committing itself.


The walls, also, seem to be warming themselves.

The tulips should be behind bars like dangerous animals;   

They are opening like the mouth of some great African cat,   

And I am aware of my heart: it opens and closes

Its bowl of red blooms out of sheer love of me.

The water I taste is warm and salt, like the sea,

And comes from a country far away as health.




*******************************************************************




জয়িতা ভট্টাচার্য 

কলকাতা নিবাসী সাহিত্যিক জয়িতা ভট্টাচার্য পেশায় শিক্ষক। অল্প বয়স থেকে লেখালিখি। প্রধানত মানবাধিকার বিষয়ক বুলেটিন ও খবরের কাগজে লিখতেন। প্রথম প্রেম কবিতা। এযাবৎ চারটি কবিতার বই,একটি গল্পের বই ও একটি উপন্যাস প্রকাশিত। লিখেছেন অসংখ্য সংকলনে। এছাড়াও নিয়মিত    প্রবন্ধ, ও অনুবাদ কবিতা লেখেন বৈদ্যুতিন ও মুদ্রিত পত্রিকায়। পেয়েছেন সরকারি ও সাহিত্য গোষ্ঠীর নানা সম্মান।

গুচ্ছ কবিতা * শিশির আজম




গুচ্ছ কবিতা * শিশির আজম












আস্তিকের গান

যে শবদেহগুলো তুমি কাঁধে নিলে তার মধ্যে একটা হলো 

তোমার বোনের, তোমার

জন্য যা বেশ ভার -- বেগুনি আকাশে তারাগুলো নির্ঘুম, 

যেমন ঐ পেঁচা, আর ঐ

মুন্ডুহীন পুলিশ -- চেনা মুখ পুনরুদ্ধার ভিন্ন ভিন্ন প্রতীকে

অদ্ভুত উন্নতিকণাগুচ্ছ হতে গভীরতায় হাত মেলাতে ধাক্কা

উপকূলীয় স্রোতের ওজনহীন ঘূর্ণনে আমরা প্রকাশ করেছি 

আমাদের নগ্নতা, যা

বাঁচিয়ে দেয় সম্ভাব্য মৃত্যু হতে -- অলিখিত কবিতার কালি 

সৃষ্টি করছে প্রকরণহীন ভাষা

বসন্তের প্রতারণার ভেতর ক্ষুধা বাড়ছে; আর ঐ লতাগুল্মে 

জড়ানো বুনো হাঁসের পথ

সব নদীই এক -- গ্রামগুলোকে ছুঁয়ে সমুদ্রে ঝাঁপিয়ে 

পড়েছে, 

ভাসমান খড়কুটো

ও কাকের ডানা ফিরিয়ে আনে বেহিসাবী পূর্বসুরীদের -- 

আদিবাসী পলিনেশীয়রা

রাতে যেভাবে তাদের কুকুরগুলোকে জড়িয়ে ধরে কাঁদতো

দ্বীপপুঞ্জের বহমান ধ্বনির ঝাঁপটানি সংক্রমিত আমার 

উত্তরাধিকারে

আর ভাস্কর্যের অমসৃণতা, ধোয়ালেও সরলতা নষ্ট হবে না

এই ঘাস আমাদের... এই ঘাস সবুজ, এই ঘাস সাদা ও লাল 

এবং

অবশ্যই কালো, বাকি সব ভুলবোঝাবুঝি

স্বীকার করছি আমি দায়ী; অন্যদের ক্ষেত্রে এর কী 

রকমফের হতে পারে তা তো

সবার জানা; এমন কেন হবে যে আমার লোমশ বুক অন্যের 

জন্মবার্ষিকীকে ব্যাঙ্গ করছে

কালো উপত্যকা জুড়ে উড়ে বেড়ানো হাওয়ায় সহজ সৌন্দর্য 

উপলব্ধির পূর্বে দরকার

টাটকা ঘুম... নিখুঁত রক্ত, একে মিশিয়ে নাও রক্তজবায়

হ্রদ হয়ে উঠবে আরো গভীর, প্রতিজ্ঞ ও প্রতিধ্বনিময়

আমি আদৌ বিদ্বেষী নই, আমি আস্তিক

















চাঁদের সুতো


১। 

ঈর্যার সিঁড়িতে ঈগল ও মোমবাতি। বটফল, শৈলমালা ও পশুত্বের যৌথসৃষ্টি হল ঈগল। পৃথিবী প্রথম নিজেকে যেভাবে দেখেছিল মোমবাতি সেভাবে শুরু করতে চায়। আমাদের উচিৎ হত্যাকারীদের বিশ্বাস করা আর রক্তের সুতো রোদে শুকোতে দেয়া।


২। 

আমার ভাষা আর তোমার আত্মা ঐ চাঁদের কোটরে। স্তরের পর স্তর - এভাবে অসুস্থতা থেকে তোমার উদ্ভব। পরিত্যাক্ত অবস্থায় ধুলো ও বৃষ্টির স্মৃতি আমি জমা দিই তার কাছে। রাস্তার পাশে কাটাগাছের গুড়িগুলো ক্রমশ অবাধ্য হয়ে উঠছে রাস্তার মতো। রাস্তা ফণা তুলেছে। 

শত্রট্টসংখ্যা পরিমাপ করতে যাওয়াটা চূড়ান্ত বোকামী। অন্তহীন গণিত যেভাবে আমাদের ফাঁসিয়ে দিয়েছে, বিপজ্জনক বন্ধুর মতো, তাকে বলা যায় রাখালি ও রাসায়নিক। 


৩। 

সূর্যের খাঁড়ি ও উপত্যকায় তুমি নিজেই বিলীন করে দিলে তোমার শৈশব, সৌন্দর্য ও স্থিতিস্থাপকতা। পাঁচীলের ওপাশে আমগাছটির অন্ধকার, হয়তো মরে যাবে, হয়তো না।

আমার শক্তি তোমার আত্মার কেন্দ্র। উল্টিয়ে বললে মকবুল ফিদা হুসেনের মতো শোনায়।


৪। 

টুকরো টুকরো জমি ছিন্নবিচ্ছিন্ন সময়ের গতিচক্রে প্রসারিত হচ্ছে। একটুই সে জানে, রাস্তাটার দুটো মুখ, অনেকগুলো হা। আমাদের উষ্ণ আবহাওয়ায় সূর্য আরও উত্তপ্ত হয়ে ওঠে। গাছের ছায়ায় ইবলিসের বোকামী, আর আমি ঘুমিয়ে পড়ি জলের উপর।

৫। 
কিছুই অশুভ নয়, জড়িয়ে পড় রাস্তার কোলাহলে।





প্রশ্ন একাদশ


১|

বায়ু
কোন্ কোন্ উপাদানে
তৈরি

২|

আকাশের রং
কেন নীল

৩|

কুকুরের বাঁকা লেজ
কেন সেজা হবে না

৪|

থুতু
বিস্বাদ হয়েও
কেন মিষ্টি

৫|

ওই ব্যথাতুর 
দাঁতে
কিভাবে তুমি কামড়ে ধরো
তরুন তারাটিকে
যে জানতোই না দাঁত কী ব্যথা কী

৬|

বর্ষা কী

৭|

কবিতা এখন কেন
ঘাসের ডগায়
তা দেয় না

৮|

বনে
যারা বাসা বাঁধে
তারা কি মানুষ

৯|

রবি ঠাকুরকে বাঁচাতে
এখন আমাদের কি করা দরকার

১০|

আকাশের তারা গোনা
আর প্রেম
কোনটা স্বস্তির

১১|

কবিতা
কেন
অসতী
















****************************************************************************************************************



শিশির আজম

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮  জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : এলাংগী, কোটচাঁদপুর ঝিনাইদহ -৭৩৩০
                     বাংলাদেশ
কাব্যগ্রন্থসমূহ : ছাই (২০০৫) দেয়ালে লেখা কবিতা (২০০৮) রাস্তার জোনাকি (২০১৩) ইবলিস (২০১৭)
চুপ (২০১৭) মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০) টি পোয়েট্রি (২০২০) সরকারি কবিতা (২০২১) হংকঙের মেয়েরা (২০২২) বিষ (২০২৩)
সম্পাদিত ছোটকাগজ : শিকড়  (৫ টি সংখ্যা প্রকাশিত)
সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা



গুচ্ছ কবিতা * প্রশান্ত মন্ডল






কবিতাগুচ্ছ * প্রশান্ত মন্ডল 


শীত

এক কোমল শব্দ!

কোথাও তাড়া নেই। কোথাও উলঙ্গ-প্রহর নেই!

কাঁঠালের শুকনো পাতারাও 

কুয়াশাকে আলিঙ্গন করে টুপটাপ ঝরে পড়ে সাথে


পৃথিবী জুড়ে কেমন এক সবুজের ছোঁয়া লেগে থাকে 

মাঠে-ঘাটে সর্ষেফুলের রঙ-ঘ্রাণ-উৎসব

সঙ্গীহীনের কাছে মন কেমনের গন্ধটাও

কোলবালিশের ঘুম!


ঠিক সন্ধ‍্যের আগে

বুকের খুব কাছের কিছু চেনা গানের সুর

বসন্তকে ডেকে বেড়ায় নদীতীরে.. তা ঐ পথিক জানে।



বাঁধাকপি

বাঁধাকপি দেখলে শীতকালের কথা মনে পড়ে যায়

অথবা শীত এলেই বাঁধাকপির ছড়াছড়ি..

একথা আজকের শিশুদেরও অজানা নয়

অন‍্যদিকে, এক থালা গরম খিচুড়ি আর দুটো বেগুন ভাজা

ঠোঁটে জল নিয়ে আসে!

আমরা শীতকাল বলতে এটুকুই বুঝলাম?


কিন্তু যাদের ঘরের একমাত্র সৃষ্টিশীল অভিভাবক 

শীতের রাতে মরে গেল অভাবে 

তাঁর অন্তিমদিনের নেমতন্নে বাঁধাকপির ঘন্ট 

পাতে নেবার সময় শুধু এটুকু জিজ্ঞাসা করো তাদের..

'শীতকাল কাকে বলে?'

উত্তর পেয়ে যাবে...











বাবুই পাখি

শীত এলেই দেখি,

বাবুই পাখিরা কেমন প্রাণপণে কাজে লেগে পড়েছে।

তখন ওদের চোখে ঘুম থাকে না বোধহয় 

সারা শহর, সারা গ্রাম আর ধানের জমি ঘুরে 

ঘর বাঁধার সরঞ্জাম কুড়িয়ে নিয়ে আসে ওরা

যেগুলো তুমি পায়ে মাড়িয়ে চলো

অথবা ঝেটিয়ে ফেলে দাও দূরে 


ওরা ওতেই গুছিয়ে নেয় স্বপ্ন

বেঁধে নেয় শীতের ঘর

শিশুর জন‍্য খাবার এনে দেয় মাঠ চষে 

আর আমরা ল‍্যাম্প পোস্টের মত দাঁড়িয়ে থেকে 

চেয়ে চেয়ে শুধু দেখে যাই....


শীতের কান্না

আমি শীতের রাতকেও কান্না করতে দেখেছি

পথের মোড়ে অথবা নর্দমার পাশে

ঠিক শীতার্ত রাতগুলোয়। খিদের জ্বালায়

তুমি দেখনি বোধহয় 

দেখলে, পাথর ঠুকে হলেও আগুন জ্বালাতে

মোড়ের চায়ের দোকানগুলো থেকে দু-কাপ চা আর 

অন্তত একটা পাউরুটি কিনে এনে খাওয়াতে 


নইলে মুখ ঘুরিয়ে চলে যেতে নিজের উষ্ণ বিছানায় 

ঠিক যেভাবে অন‍্যেরা পাশ কাটিয়ে চলে যায় 

আর সকাল সাতটায় তোমার কোমল ঘুম ভাঙার পর

খবরের কাগজ আর কফি হাতে নিয়ে.. 

'আহা!', 'উহু!' স্বরে সমবেদনা জানাতে...!


সর্ষেফুল

শব্দটির ভেতর এক না বলা সুখ লুকিয়ে আছে। যেটা কেবলই একাত্মে অনুভূত হয়, যখন দু-চোখের সামনে সর্ষেফুলের সমুদ্র। গাছে গাছে পাখির ডাক, উড়ন্ত ফড়িং আর মধু আহরণকারী মৌমাছির ঝাঁক দেখলেই তা টের পাওয়া যায়। ঐ নিরিবিলি মুক্ত পরিবেশে আর মৃদুমন্দ বাতাসে তখন একটা আমি'র খোঁজ পাওয়া যায়। যেই মানুষটি তখন আর নিজেকে ছাড়তে চায় না। ইচ্ছে হয় ওই সর্ষেক্ষেতের খুব কাছেই একটা ঘর বেঁধে নিই নিজের সাথে। আর কাউকে প্রয়োজন নেই। কিন্তু তা সম্ভব হয় না। নিজেকে যে অত সহজেই বেঁধে ফেলা যায় না। না বারোমাস সর্ষেফুলের প্রেম খুঁজে পাওয়া যায়। এ জীবন বড়ই ধাঁধাময়। কেবলই দু-চোখে সর্ষেফুল। সুখও তাই। এই আছে, এই নেই। তবু মানুষ স্বপ্ন দেখে। তবু মানুষ সুখী হতে চায়। কিন্তু শীতকাল মানুষের জীবনের বারো মাসে ঠিক একবার করে আসে.. তার কোনও দায়বদ্ধতা নেই!











*******************************************************************




প্রশান্ত মন্ডল

পিতা- লক্ষীকান্ত মন্ডল ও মাতা- কিরণবালা মন্ডল। ভারত, পশ্চিমবঙ্গ তথা শিলিগুড়ি শহরের একটি ছোট্ট গ্রাম অম্বিকানগরে জন্মগ্রহণ এবং স্থায়ী বাসস্থান। জন্মের কিছুকাল পরই মাতৃবিয়োগ ঘটে এবং ধীরে ধীরে অভাব-অন্টনের মধ‍্যে এগিয়ে চলার পথ তথা জীবন-বৃত্তান্ত। লেখার আগ্রহ তথা গুণী ও শ্রদ্ধেয় মানবদের জীবনী পড়বার ঝোঁক শৈশব থেকেই। প্রথম লেখার হাতেখড়ি বিদ‍্যালয় জীবনে এক তরুণ কবি তথা স্কুল শিক্ষককে দেখে। প্রথম আত্মপ্রকাশ "মুখচ্ছদ্ম" নামক আঞ্চলিক পত্রিকার দ্বারা। এরপর "শুকতারা" পত্রিকায় কবিতা প্রকাশ। ধীরে ধীরে সময়ের হাত ধরে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, যৌথ সংকলন, ই-সংকলন, ই-ম‍্যাগাজিন এ লেখা প্রকাশ। লেখালেখি ছাড়াও পাশাপাশি চলতে থাকে শিল্প-কর্ম, সঙ্গীত চর্চা, নাটক-থিয়েটার, অভিনয় চর্চা এবং সমাজসেবামূলক কার্যকলাপও চলতে থাকে সুযোগ পেলে। আর এই পরিমিত জীবনের যা কিছু দেনা-পাওনার গল্প তা স্বর্গীয় পিতা-মাতার প্রতিই উৎসর্গিত।